[ রা জ নী তি ]
সংলাপ তাহলে হচ্ছে!
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২০:৫৪
দেশের রাজনৈতিক অঙ্গনে সংঘাত-সহিংসতা নিয়ে দেশবাসী যখন উদ্বেগ-উত্কণ্ঠায় প্রহর গুণছেন তখন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর চারদিনের ঢাকা সফর যেন কিছুটা আশার আলো ছড়িয়েছে। রাজনৈতিক অচলাবস্থা দূর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ফার্নান্দেজ গত ১০ মে ঢাকা এসে ১৩ মে ফিরে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে সংলাপ নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দলকে সাড়া দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সময় দ্রুত চলে যাচ্ছে। কাজেই দেরি না করে রাজনৈতিক দলগুলোর এখনই আলোচনায় বসতে হবে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দেশে যে সংকট চলছে তা সমাধানে রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে উল্লেখ করে তিনি স্পষ্ট করেই বলেছেন, সংলাপ সফল করতে হলে ‘গিভ অ্যান্ড টেক’-এর মনোভাব নিয়েই আলোচনায় বসতে হবে। অস্কার ফার্নান্দেজ বলেছেন, নির্বাচনকালীন যে ধরনের সরকার থাকুক না কেন, ওই সরকারকে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে হবে। অর্থাত্ সরকার ব্যবস্থা নয়, ভালো নির্বাচনই মূল কথা। জাতিসংঘের সহকারী মহাসচিব সাংবাদিক সম্মেলন করার আগে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দুপুরে দ্বিতীয় দফা বৈঠকে মিলিত হন। বাংলাদেশে এসে দ্বিতীয় দিনও তিনি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেছিলেন। বিরোধী দলীয় নেত্রী সংকট সমাধানে জাতিসংঘের উদ্যোগের প্রশংসা করেছেন বলে গণমাধ্যমে খবর বের হয়েছে। এর থেকে মনে করা হচ্ছে, সংলাপ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে যে বরফ জমেছিল, তা কিছুটা হলেও গলতে শুরু করেছে।
জাতিসংঘের সহকারী মহাসচিব ঢাকা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদপত্রের সাংবাদিকসহ অনেকের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ যে জাতিসংঘের কাছে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং এ দেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা যে তাদের কাম্য এটা স্পষ্ট হয়েছে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত ৬ মে বাংলাদেশের সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেয়ার মধ্য দিয়েও। বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনের সদস্য হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কাজেই নিজ দেশেও সংঘাত-সহিংসতার পথ পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সংকট নিরসন করতে পারবে বলে জাতিসংঘ মনে করে।
ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন কারণে রাজনৈতিক সহিংসতায় দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে। বিশেষ করে জামায়াত-শিবির এবং সবশেষে হেফাজতে ইসলামের কর্মসূচির সময় রাজধানী ঢাকাসহ দেশজুড়ে জনসাধারণের প্রাণহানি ও সম্পদের যে ক্ষতি হয়েছে তার কোনো তুলনা নেই। ফলে রাজনৈতিক পরিস্থিতির ক্রমাবনতিতে দেশের মানুষের উদ্বেগ-আতঙ্কের যেমন শেষ নেই, তেমনি দেশের বাইরেও যারা বাংলাদেশের হিতাকাঙ্ক্ষী-শুভাকাঙ্ক্ষী আছেন, তারাও চাইছেন বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা বন্ধ হোক। রাজনৈতিক নেতৃত্ব শুভবুদ্ধির পরিচয় দিতে ব্যর্থ হবেন না বলেও তারা আশা করেন। পরিস্থিতির সুযোগ নিয়ে গণতন্ হত্যার ষড়যন্ে যেন কেউ মেতে না ওঠে সে ব্যাপারে সাবধান-সতর্ক হওয়ার তাগিদও দেশ-বিদেশে বিভিন্ন মহল থেকেই উঠছে। সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার উদ্যোগ বিদেশি কূটনীতিকরাও নিয়েছেন এবং সেটা গোপনে নয়, প্রকাশ্যেই। দেশের রাজনীতিতে বিদেশিদের নাক গলানো উচিত নয় বলে যারা গলাবাজি করেন, তারাই আবার চাতক পাখির মতো চেয়ে থাকেন বিদেশিদের দিকে। কূটনীতিকরা গোপনে-প্রকাশ্যে তত্পর হলে আমরা অনেকেই আশার আলো দেখি, তাদের তত্পরতা দৃশ্যমান না হলে হা-হুতাশ করি। বড় আজব আমাদের অবস্থান! জাতীয় মর্যাদা বোধ বলে কিছুই আমাদের আছে বলে মনে হয় না।
বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে আসছে। আর মাত্র কয়েক মাস পরই সরকারকে পদ ছাড়তে হবে। দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কি হবে—সেটা নিয়েই গোল বেধেছে, রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে। দেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই সবার কাম্য। প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ছাড়াও আরো অনেকেই চাইছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের কোনো কোনো অনুসারী জোর দিয়েই বলছে, তত্ত্বাবধায়ক সরকার আর কোনোভাবেই নয়। অনির্বাচিত কিংবা অসাংবিধানিক সরকারের অধীনে সাধারণ নির্বাচনের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার নাকচ করেছেন এবং করছেন। আবার বিরোধী দল বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে তারা নির্বাচনে যাবে না এবং দেশে কোনো নির্বাচনও অনুষ্ঠিত হতে দেবে না।
উভয় পক্ষের এই অনড় অবস্থানের কারণেই সংকট জটিল থেকে জটিলতর হচ্ছে। একথা সত্য যে, দেশজুড়ে বিএনপির অনেক সমর্থক এবং ভোটার আছে, কিন্তু তারা অনেকেই আন্দোলন করে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য উদগ্রীব হয়ে নেই। তারা আন্দোলনে নেমে সরকারি জুলুম-নির্যাতনের মুখে পড়তে চায় না। তবে দেশে নির্বাচন হলে এবং ভোট দেয়ার সুযোগ পেলে তারা হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিকেই ভোট দেবে। অথচ এই নীরব কিংবা নিষ্ক্রিয় ভোটারদের প্রতি বিএনপির আস্থা নেই। সে জন্যই তারা ‘তত্ত্বাবধায়ক’ সরকার ছাড়া নির্বাচনে যেতে চায় না। আবার তত্ত্বাবধায়ক সরকার যদিও আওয়ামী লীগেরই আন্দোলনের ফসল, তারপরও তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা আওয়ামী লীগের জন্য সুখকর নয় মনে করে আওয়ামী লীগ এবার সুযোগ পেয়ে প্রথমেই এই ব্যবস্থাকে বাতিল করেছে এবং সে ব্যবস্থায় আর ফিরে না যাওয়ার ব্যাপারে মন:স্থির করেছে।
বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে সবার অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় সে নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না। এ ক্ষেত্রে প্রশ্ন হলো, সরকার কি সে ধরনের একতরফা নির্বাচনের ঝুঁকি নেবে? অনেকেই মনে করেন, শেখ হাসিনা যেহেতু এটা বুঝতে পেরেছেন যে, আন্দোলন করে দাবি আদায়ের ক্ষমতা বিএনপির নেই, জামায়াত এবং হেফাজতের ওপর নির্ভর করে যেহেতু বিএনপিকে রাজনৈতিক কর্মসচি নির্ধারণ করতে হচ্ছে, রাজনীতির নিয়ন্ত্রণ ক্ষমতা যেহেতু বিএনপির হাতে নেই, সেহেতু বিএনপির ভয়ে তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো ছাড় না দিয়ে এগিয়ে যাওয়ার ঝুঁকি সরকার নিলেও নিতে পারে।
তবে রাজনীতির যারা নির্মোহ পর্যবেক্ষক তারা মনে করেন, সরকার এবং বিরোধী দল উভয় পক্ষই ঝুঁকির মধ্যেই আছে, কেউ নিরাপদ অবস্থানে নেই। এখন দুই পক্ষই যদি এই বাস্তবতা উপলব্ধিতে নিতে সক্ষম হয়, তাহলেই আলাপ-আলোচনা এবং সমঝোতার পথ সুগম হবে। মে মাসের গোড়ার দিকে প্রধানমন্ত্রী যখন সংলাপে বসার প্রস্তাব দেন, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছিলেন, সংলাপে বসতে সরকারের আহ্বান রাজনৈতিক অপকৌশল ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। সরকারের এ ফাঁদে পা দেবে না বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সরকারের সংলাপের প্রস্তাব কার্যত প্রত্যাখ্যান করে ৪ মের সমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু যেসব হিসাব থেকে তিনি সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছিলেন, সে হিসাব শেষ পর্যন্ত মেলেনি। ১৩ দফা দাবি নিয়ে রাজনীতিতে হঠাত্ জেগে ওঠা হেফাজতে ইসলামকে একটি ‘মহাশক্তি’ হিসেবে ধরে নিয়ে যারা অনেক সুখস্বপ্ন রচনা করেছিলেন, ৫ মে গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানে তা ভেঙে খান খান হয়ে দেশে এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। ৫ মে সন্ধ্যা পর্যন্ত সরকারকে যতটা দুর্বল কিংবা অসহায় অথবা তাদের সামনে ঘন অন্ধকার নেমে আসছে বলে মনে হয়েছিল, ৬ মে ভোরের আলো ফোটার সাথে সাথে সেই অন্ধকার কেটে গিয়ে বিভিন্নতর পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিবর্তিত বাস্তবতার কারণেই সম্ভবত জাতিসংঘ সহকারী মহাসচিবের সঙ্গে আলোচনার সময় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া চলমান রাজনৈতিক সংকট নিরসনে কোনো পূর্বশর্ত ছাড়াই সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে তাকে আশ্বস্ত করেছেন। তবে আলোচনার বিষয়বস্তুতে যাতে নির্দলীয় সরকারের প্রসঙ্গটি থাকে এটা তার অনুরোধ, পূর্বশর্ত নয়। (প্রথম আলো, ১৪ মে, ২০১৩)
বেগম জিয়ার এই নমনীয়তা রাজনীতিতে সুবাতাস বইয়ে যাওয়ার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। সংবাদপত্রে এ খবরও বের হয়েছে যে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম খুব তাড়াতাড়ি সংলাপে বসার আহ্বান জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবেন বিএনপির কাছে। দেখা যাক—কি হয়। নতুন করে পানি ঘোলা না হলেই ভালো।
লেখক :সাংবাদিক ও কলাম লেখক
ই-মেইল :bibhu54@yahoo.com