শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২০:৫৫
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘তাঁর সভ্যতার সংকট’ এ লিখেছিলেন, ‘আজ আশা করে আছি, পরিত্রাণকর্তার জন্মদিন আসছে আমাদের এই দারিদ্র্যলাঞ্ছিত কুটিরের মধ্যে; অপেক্ষা করে থাকব, সভ্যতার দৈববাণী সে নিয়ে আসবে, মানুষের চরম আশ্বাসের কথা মানুষকে এসে শোনাবে এই পূর্বদিগন্ত থেকেই।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্যি সত্যি আমাদের লক্ষ্মীছাড়া দীনতার আবর্জনাকে দূর করবার জন্যে টুঙ্গিপাড়া নামক এক অজ পাড়াগাঁয়ে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর মহাপ্রয়াণের পর দেশের গণতন্ত্র ছিল সামরিক জান্তার পরিকীর্ণ ভগ্নস্তূপে। সবাই আশা করতো ভাগ্যচক্রের পরিবর্তনের দ্বারা একদিন না একদিন সামরিক জান্তাকে বিদায় নিতে হবে। কিন্তু কে হবেন সেই পরিত্রাণকর্তা? নেতাজি সুভাষ বসু বলতেন, ‘আদর্শকে ষোল আনা পাইতে হইলে নিজের ষোল আনা দেয়া চাই’। সেই ষোল আনা দেয়ার মতো মানসিকতা সচরাচর মানুষের মধ্যে থাকবে না। অবশ্যই শেখ হাসিনা দেশের মানুষকে ষোল আনা দেয়ার জন্যে ৩২ বছর আগে স্বদেশ প্রত্যাবর্তন করেন। ইতিহাসের এক জটিল সময়ে তাঁকে জাতির পরিত্রাণকর্তার দায়িত্ব নিতে হয়। শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে স্বদেশে ফিরে না আসলে ক্ষমতার মদমত্ততার আত্মম্ভরিতার অবসান হত না। বাংলাদেশের গণতন্ত্রেও নির্মীয়মাণ ইতিহাসে শেখ হাসিনা নিজের জায়গা নিজে করে নিয়েছেন। হ্যাঁতে নাতে ইতিহাসের দুই প্রান্ত ধরা থাকে। অনেক বাঁক থাকে, চোরা স্রোত থাকে, অনির্দিষ্ট আর অলক্ষ্য অনেক উপাদানে জড়িয়ে থাকে ইতিহাসের অনির্ধারিত গতিপথ। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ৩১ বছর অতিক্রমের পর প্রশ্ন থেকে যায় রাজনৈতিক বিশ্লেষকরা তাঁর যথাযথ মূল্যায়ন করেছেন? তিনি আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ার প্রথমক্ষণ থেকে জানতেন সংকটকালে সবচেয়ে বড় করে দেখা দেয় ‘ভরসার অভাব’। অবিরাম সেই ভরসার পরিবেশ শেখ হাসিনা সৃষ্টি করে চলেছেন। এই জন্যে নূর হোসেন শেখ হাসিনার ভরসায় বুকে-পিঠে লিখে ফেলতে পেরেছিল ‘গণতন্ত্র মুক্তি পাক; স্বৈরাচার নিপাত যাক’। যে কারণে শেখ হাসিনার জন্যে গফরগাঁয়ের গরীব রিকশাওয়ালা হাসমত আলি শেখ হাসিনার জন্যে জমি কিনে রেখে যান।
১৯৮১ সালের ১৮ মে দৈনিক ইত্তেফাকে লেখা হয়েছিল, “.......দীর্ঘ ছ’বছর বিদেশে অবস্থানের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠকন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গতকাল সতরই মে বাংলাদেশে ফিরে এসেছেন। লাখো জনতা অকৃপণ প্রাণঢালা অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেন তাদের নেত্রীকে। মধ্যাহ্ন থেকে লক্ষাধিক মানুষ কুর্মিটোলা বিমান বন্দর এলাকায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন শেখ হাসিনাকে বহনকারী বিমানটি অবতরণ করবে। বিকাল সাড়ে তিনটা থেকে বিমান বন্দরে কোন নিয়ম-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়নি। .........।’
শেখ হাসিনা বোধ হয় একমাত্র নেতা যিনি জীবনবোধের কথা বলতে গিয়ে অকপটে নিজেকে মেলে ধরেছেন। এতে সত্যিই অবাক হতে হয়। কোনো বাঁধাধরা তত্ত্বে নিজেকে তিনি আটকে রাখেননি। খোলা মনে খোলা চোখে শক্ত মাটিতে দাঁড়িয়ে সবকিছু তিনি যাচাই করে দেখেছেন আর সেই সঙ্গে পুরানোকে ছাড়িয়ে নতুনের দিকে বাড়িয়েছেন তাঁর হাত।
বিশেষত, বিশ্বায়নের যুগে বাংলাদেশ কিসের সঙ্গে সম্পর্ক, কিসের অগ্রগতি বা পশ্চাদগতি তা একমাত্র শেখ হাসিনাই বুঝেছেন। তাঁর পারদর্শিতায় দেশের সাধারণ মানুষের অগ্রগতি হয়েছে এবং সাধারণ মানুষের ভালবাসাও পেয়েছেন, কিন্তু সমাজের বিজ্ঞজনরা সব সময় স্বীকৃতি দেননি। গণতন্ত্রের জন্যে প্রতিমুহূর্তে ঝুঁকির মধ্যে থাকা শেখ হাসিনার কদর অনেক খ্যাতিমানদের কাছে নেই। এখানেই একটি কৌতূহলোদ্দীপক দ্বান্দ্বিকতা দৃশ্যমান হয়। উদারনৈতিকতার যে ধারা শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে সূচনা করতে প্রতিজ্ঞা করেছিলেন তার মূল্যায়ন আমরা ক’জন করেছি। ১৯৮৩ সালের ২৪ মার্চের সামরিক শাসনের দুইদিন পর স্বাধীনতা দিবসের দিনে একমাত্র শেখ হাসিনাই সাভার স্মৃতিসৌধে গিয়েছিলেন। খুবই দৃঢ়তার সাথে বলেছিলেন ‘বাংলাদেশে সংসদীয় ধারার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবোই করবো’। পক্ষের লোক বলে যারা দাবি করেন তারাও নতুন প্রজন্মের জন্যে শেখ হাসিনাকে তুলে ধরেন না। সামনাসামনি শেখ হাসিনা-অন্ত প্রাণদের দ্বারা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু এদেরকে সবসময় দূরে রাখতে পারেননি।
আজ দেশে-বিদেশে রাজনীতি-সংশ্লিষ্টরা বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রাধান্যের কথা বলেন ও লেখেন। তিনি সবকিছুর কেন্দ্রবিন্দু, সব রাজনৈতিক আন্দোলন, তত্পরতা, প্রশংসা-নিন্দার লক্ষ্য এবং উপলক্ষ। বাংলাদেশে একটা প্রচলিত মতবাদ, বাংলাদেশের মতো দেশে রাজনৈতিক দল ক্ষমতায় না থাকলে জনগণের জন্য করণীয় খুব একটা থাকে না। অথচ ক্ষমতা কিংবা ক্ষমতার বাইরে যেখানেই থাকুন না কেন সবসময়ই তিনি জনগণের কথা বলেছেন। তারপর আর কেউ কালের সেই পরিক্রমায় উত্তীর্ণ হননি। শেখ হাসিনা এদিক দিয়ে পিতার দিকে অগ্রসরমান এবং সুদৃঢ়। অপরিসীম তাঁর ধৈর্য্য এবং বীরত্ব তাঁর বিরাট। তিনি নিকটবর্তী বর্তমানের প্রত্যক্ষগোচর। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন (১৯৮১ সালের ১৭ মে) এর আগের দিন পত্রিকায় সংবাদ ছিল ‘শেখ হাসিনার আগমন প্রতিরোধ কমিটি তাদের কর্মসূচি আপাতত স্থগিত করেছে’। এই প্রতিরোধ কমিটির কুশিলব এবং উত্তরসূরিরা এখনও সক্রিয়। অনেক বিজ্ঞজনের জানা নেই ১৯৮১ সালের ৫ মে বিশ্বখ্যাত নিউজউইক পত্রিকায় বক্স আইটেমে শেখ হাসিনা সাক্ষাত্কারে বলেছিলেন, জীবনের ঝুঁকি আছে এটা জেনেই তিনি বাংলাদেশে যাচ্ছেন। বাস্তবিকপক্ষেই সত্য যেখানে বিপজ্জনক সেখানে সত্যকে তিনি ভয় করেননি, মিথ্যে যেখানে সুবিধাজনক সেখানে তিনি সহায় করেননি মিথ্যেকে। আধুনিককালের চলমান পটের ওপর তিনি নিত্যকালের চিত্র রেখে যাচ্ছেন।
লেখক :রাজনৈতিক বিশ্লেষক
suvassingho@gmail.com