সরকার ও বিরোধীদলের মধ্যে এজেন্ডাবিহীন সংলাপ হতে পারে কি?
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২১:১৪
এজেন্ডাবিহীন আলোচনায় কোন সুফল হবে না। সুতরাং এজেন্ডাবিহীন সংলাপ হতে পারে না।
আমিনুল ইসলাম
নারায়ণগঞ্জ
এজেন্ডাবিহীন সংলাপ হতে পারে না। নির্দিষ্ট এজেন্ডা নিয়ে সংলাপ হতে হবে।
মো. আলমগীর হোসেন
টঙ্গী, ঢাকা
দেশের ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছেন। ক্ষমতাসীন দল এখন জনমতের বিষয়টি কোনভাবেই গুরুত্ব দিচ্ছে না। দেশের মানুষ চায় সবার অংশগ্রহনণে নিরপেক্ষ নির্বাচন। এজেন্ডাবিহীন সংলাপ হতে পারে না। মনে রাখতে হবে বিরোধীদলকে দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে না। এতে করে মানুষের ক্ষোভ আরো বাড়বে।
মো. সেলিম
মহাখালী, ঢাকা।
সরকার ও বিরোধী দলের মধ্যে এজেন্ডাবিহীন সংলাপ হতে পারে না। বিরোধীদলের একমাত্র প্রত্যাশা ও দাবি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। সুতরাং তাদের এ দাবি অনেক আগের।
পারভীন সুলতানা
ঝিনাইদহ
সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত পরিস্থিতি ভালো হবে না। সব রাজনৈতিক নেতার মধ্যে সংলাপ হওয়া দরকার।
সোহাগ
ভাগলপুর লেন, ঢাকা
বর্তমানে রাজনৈতিক যে অবস্থা তার জন্য দেশের বড় দুই দলের এখনই সংলাপে বসা দরকার। তবে সংলাপ ফলপ্রসূহওয়ার জন্য দরকার এজেন্ডা। এজেন্ডা ব্যতীত সংলাপে বসার কোন অর্থ হবে না।
খায়রুল ইসলাম (ফুল)
আরাপপুর, ঝিনাইদহ
এজেন্ডা ব্যতীত কোন কিছুই সম্ভব নয়। দেশে বর্তমান যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তার জন্য সংলাপের প্রয়োজন আছে। বিরোধী দলের একটাই শর্ত সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। যেহেতু আমাদের দেশের ৯০% জনগণ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন।
ফওজিয়া মুন্নী
পল্লবী, মিরপুর, ঢাকা
সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। দুই দলের দুই রকম মত। রাজনৈতিক সংকট উত্তরণে সরকার ও বিরোধীদলের মধ্যে সংলাপ একান্ত প্রয়োজন। তবে এজেন্ডাবিহীন সংলাপে কোন লাভ নেই।
হোসনে আরা নীলু
এনায়েতগঞ্জ লেন, ঢাকা
বড় দুই দলের মাঝে আলোচনার সম্ভাবনা আছে, কিন্তু সফল হবে কতটুকু সেটা নিয়েই সমস্যা। হাসিনা এবং খালেদা আলোচনা করতে চাচ্ছে। কিন্তু মনের থেকে কতটুকু চাচ্ছে সেটা বিষয়। দু’জনের অবস্থা হলো বিচার মানি কিন্তু তালগাছ আমার। তাহলে তো সমস্যার সমাধান হবে না। আলোচনায় বসলে কোন লাভ হবে না।
সৈয়দ হায়দার আলী
মহাখালী, ঢাকা।
আবার সেই একই বিরোধ দেখা দিয়েছে। একজন চাচ্ছেন এজেন্ডা, অন্যজন এজেন্ডা চাচ্ছেন না। আসলে ওনারা কোন জাতীয় স্বার্থে একমত হতে পারেন না। দেশ গোল্লায় গেলেও তারা একমত হতে পারেন না। কারণ মৃত্যু উপলক্ষে ওনাদের দু’জনার যদি সাক্ষাত্ হয়েও যায় কিন্তু ওনারা কুশল বিনিময় পর্যন্ত করেন না। একজন অন্যজনকে দেখে মুখ ফিরিয়ে নেন। কিন্তু অন্যান্য দেশে দেখা যায়, সরকারি দল বিরোধী দল বিপদে একমত হয়। আলোচনা করেন, সমস্যার সমাধান করেন। কিন্তু আমাদের দেশে এগুলো বিরল। ওনারা সংলাপে বসে দেশবাসীকে কী দিক-নির্দেশনা দেবেন? আমরা সে অপেক্ষায় থাকলাম।
তাহমিনা আক্তার মিনু
ভাণ্ডারিয়া, পিরোজপুর
সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বিরোধীদলের প্রতি যে কোনো জায়গায় যে কোন ইস্যু নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। বিরোধীদলীয় নেত্রীও প্রধানমন্ত্রীকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু ঐ আমন্ত্রণ বিষয়ে তেমন কোন ফলোআপ দেখা যাচ্ছিল না। এর মধ্যে জাতিসংঘের মহাসচিব বান কি মুন চিঠি পাঠান সংলাপ নিয়ে। সুতরাং এ মুহূর্তে দু’নেত্রীর আর অপেক্ষা নয়। এখন এজেন্ডা নিয়ে বসা উচিত।
ফারুক আলম
মালিবাগ, ঢাকা
এজেন্ডাবিহীন কোন সভা-সমিতির কর্মসূচি চলতে পারে না। সরকার ও বিরোধী দলের সংলাপের এজেন্ডা একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন। এ সংলাপ গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ ও শৃঙ্খলার মধ্যে সংলাপের সমাধান হোক এটাই কামনা করি।
আশা এলিজাবেত গোমেজ
লক্ষ্মীবাজার, ঢাকা ১১০০০
নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে এখন গভীর রাজনৈতিক সংকট চলছে। এই সংকট নিরসনে জাতিসংঘের একজন প্রতিনিধি ঢাকা সফরে এসেছেন। বিরোধীদল এখন তত্ত্বাবধায়ক সরকার পুনঃ প্রতিষ্ঠার দাবিতে এক দফায় আন্দোলন শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে সরকারের কঠোর মনোভাব বিরোধী দলের প্রতি। সভা-সমাবেশ করার অনুমতি পর্যন্ত দেয়া হচ্ছে না। আমরা আশা করবো, সরকার অনড় অবস্থান থেকে সরে এসে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন রূপ নেবে। সংঘাত নয়, আমরা চাই সমঝোতার মাধ্যমে দেশে শান্তি ফিরে আসুক।
মো. রবিউল হুসাইন রবি
সভাপতি, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা, এলিফ্যান্ট রোড, ঢাকা
এজেন্ডা ছাড়া সরকারি ও বিরোধী দলের মধ্যে কোন আলোচনা হওয়া উচিত নয় বলে আমি মনে করি।
আমজাদ হোসেন
মিরপুর ৬, ঢাকা
সংঘাত, হানাহানি, হরতাল, অবরোধ, গ্রেফতার, নির্যাতনে টালমাটাল দেশের বর্তমান পরিস্থিতি। দেশের সুশীল সমাজের তাগিদের পাশাপাশি উন্নয়ন সহযোগী, বিশেষ করে জাতিসংঘের উদ্যোগে সরকার ও বিরোধীদল সাড়া দিচ্ছে। তবে এখন কথা হচ্ছে এজেন্ডাবিহীন সংলাপ। এজেন্ডাবিহীন সংলাপে বসে কোন লাভ হবে না। অর্থহীন সংলাপ করার কোন মানে নেই।
হাসান মোহাম্মদ হোসাইন চৌধুরী
কবিরহাট, নোয়াখালী
নির্বাচনের সময় ঘনিয়ে এলেও দেশের রাজনৈতিক হানাহানি অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে আবারও সংলাপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তবে এটাও একেবারেই সত্য, রাজনৈতিক সংকট উত্তরণে সরকার ও বিরোধী দলের মধ্যে এজেন্ডা নিয়ে সংলাপে বসা দরকার। তা না হলে সংলাপ ফলপ্রসূ হবে না।
সৈয়দা নাসরিন সুলতানা
স্যানিসাইড, নিউইয়র্ক
আলোচনার ঝলকানিতে রাজনীতির ঘন অন্ধকার পরিষ্কার হতে পারে। সুতরাং উভয় দলকে ছাড় দিতে হবে, নতুবা সংলাপ সফল হবে না।
শিশির
আজিমপুর, ঢাকা
সংলাপের রুদ্ধ দুয়ার খুলে গেলেও এখন বিপত্তি দেখা দিচ্ছে এজেন্ডা নিয়ে। এজেন্ডা কী হবে তা খোলামেলা না করলে সংলাপকে দ্রুত ও ইতিবাচক ভাবে এগিয়ে নেয়া যাবে না। তাই সংলাপের এজেন্ডায় আরো স্বচ্ছতা আশা করছি।
লাড্লা
পিলখানা, ঢাকা
চলমান রাজনৈতিক সংকট ও সহিংসতা দূর করার জন্য সংলাপের বিকল্প নেই। এই জন্য নির্দিষ্ট এজেন্ডা থাকা উচিত। এজেন্ডাগুলো হওয়া উচিত তত্ত্বাবধায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, হরতাল বন্ধের আইন প্রণয়ন, দুর্নীতি বন্ধে করণীয় ইত্যাদি। যদি এজেন্ডাবিহীন সংলাপ হয় তাহলে তা হবে তামাশা।
মুসা আমান
খিলগাঁও, ঢাকা ১২১৯
সরকার দলের পরিষ্কার কথা হচ্ছে আলোচনা হবে শর্তহীন ও খোলামেলা। অন্যদিকে বিরোধীদলের কথা হচ্ছে আমন্ত্রণ চিঠিতে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রধান কে হবেন তা উল্লেখ না থাকলে আলোচনা হবে অর্থহীন।
নীলুফা আক্তার
টোলারবাগ, মিরপুর, ঢাকা
বর্তমান রাজনৈতিক সংকট ও অশ্চিয়তা কাটাতে সংলাপের গুরুত্বের কথা বেশকিছু দিন ধরেই আলোচিত হয়ে আসছে। কিন্তু বাস্তবে আমরা দেখতে চাই দুই নেত্রীর সংলাপ।
কাউছার আকন্দ
মতিঝিল, ঢাকা
দেশের বর্তমান রাজনৈতিক সংকটের মূলে রয়েছে আগামী নির্বাচনের সরকার নিয়ে বিতর্ক। যে নামের সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন, নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য।
আলহাজ ইঞ্জিনিয়ার মোমেন উদ্দিন আহমেদ
মুক্তিযোদ্ধা, পশ্চিম মনিপুর, মিরপুর, ঢাকা
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বরফ গলছে। সংলাপ হবে। কিন্তু এখন কথা হচ্ছে সংলাপের ফলাফল আসলে কী হবে।
মো. শওকত আলী
ডিওএইচএস, মহাখালী, ঢাকা
জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসা সত্ত্বেও দেশে রাজনৈতিক হানাহানির পরিপ্রেক্ষিতে সত্বর সরকার ও বিরোধীদলীয় জোটের আলোচনায় বসা অত্যাবশ্যক। ইতিমধ্যে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতগণ এ সংক্রান্ত ব্যাপারে সরকার ও বিরোধীদলের সাথে দফায় দফায় বৈঠক করে প্রয়োজনীয় পরামর্শ ও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সর্বশেষ জাতিসংঘের মহাসচিব বান কি মুন সময়মতো ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ও সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য তার দূত হিসেবে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে পাঠিয়েছিলেন। অস্কারের রিপোর্টের ওপর ভিত্তি করে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক ও অর্থবহ সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট, উত্তেজনা ও মতবিরোধ কমানো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকালে অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে বিরোধী দল ও সরকারি দলের মধ্যে মতানৈক্যে পৌঁছার আশাবাদ ব্যক্ত করেছেন।
কিন্তু আবারও এজেন্ডা না এজেন্ডাবিহীন সংলাপ হবে, সেই ঘোরপ্যাঁচে আমাদের উভয় রাজনৈতিক জোট আটকা পড়েছে। অথচ প্রাকৃতিক দুর্যোগের মত আমাদের রাজনৈতিক পরিবেশে একের পর এক সিডর, স্যান্ডি, আইলা, সুনামি, নার্গিস ও ক্যাটরিনার আঘাতের পরও রাজনৈতিক কর্ণধারদের বাস্তবভিত্তিক হুঁশ হচ্ছে না। এরপরে কি আমাদের রাজনৈতিক দলগুলো মহাসেন বা মহাপ্লাবনের অপেক্ষায় আছেন? আমরা জানি মহাসেন বা মহাপ্লাবন হলেও আমাদের রাজনৈতিক দলের রথী-মহারথীদের উদ্ধার বা পাড়ি দেয়ার জন্য নূহের তরী ঘাটে প্রস্তুত আছে। কিন্তু সেই মহাদুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা আমজনতা কোথায় পাড়ি দেব?
একথা বলার অপেক্ষা রাখে না যে, অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের মূল প্রবক্তাদের মধ্যে অন্যতম বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। কৃতিত্বের কথা যে, বাংলাদেশে উদ্ভাবিত সেই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোকে অনুসরণ করে সামপ্রতিককালে এশিয়া মহাদেশের মধ্যে পাকিস্তানে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়ে ক্ষমতার পালাবদল ঘটেছে। ইউরোপের গ্রিসেও একই পদ্ধতিতে ক্ষমতার পালাবদল ঘটেছে। নেপাল ও বুলগেরিয়া আমাদের উদ্ভাবিত সেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অনুসরণ করে নির্বাচন করতে যাচ্ছে। কাজেই দেশ ও জাতির স্বার্থে আমাদেরও জটিলতার পথ পরিহার করে আন্তরিক ও সমস্যা সমাধানের উদ্দেশ্যে সংলাপের টেবিলে বসে গ্রহণযোগ্য পন্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের পথ খুঁজে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। আমরা আশা পোষণ করি কাল বিলম্ব না করে সেই পথেই আমাদের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো এগিয়ে যাবে।
ভূঁইয়া কিসলু বেগমগঞ্জী
৫ বিসিসি রোড, নবাবপুর, ওয়ারী, ঢাকা ১২০৩
একটা সভা ডাকা হলো, কিন্তু সভাটি কিসের জন্য ডাকা হলো? নিশ্চয় এক’দুটা এজেন্ডার উপর আলোচনা হবে? যদি কোন এজেন্ডাই না থাকে তাহলে এসভা কি চা খাওয়া আর গল্প করার জন্য? দেশের অবস্থা আজ ভয়াবহ রূপ ধারণ করেছে। অর্থনীতি ধ্বংস, বেকারত্ব বৃদ্ধি এমনকি রাজনৈতিক সহিংসতায় ঝরছে হাজারো প্রাণ। এসবের একটাই কারণ রাজনীতি। তারা উভয় দলই আজ ক্ষমতার লোভে অন্ধ। তাই ভালো মন্দ বোঝার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। আর তাদের কর্মের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এর থেকে সাধারণ মানুষ আজ পরিত্রাণ চায়। এজন্য উভয় দলকেই কিছুটা নমনীয় এবং ছাড় দিতে হবে।
জসিম মজুমদার
পুরানা পল্টন লেন, ঢাকা
বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ দরকার। অহিংস পরিবেশ সৃষ্টিতেও সংলাপ দরকার। দেশ ও দশের স্বার্থে সংলাপ দরকার। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতেও সংলাপ দরকার। অর্থনৈতিক বিপর্যয় ও জান-মাল রক্ষার্থে সংলাপ দরকার। সর্বোপরি আগামী সাধারণ নির্বাচন নির্বিঘ্নে করতে সংলাপ দরকার। সংলাপ দরকার সম্প্রতি জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্ণান্দেজ তারানকোর বাংলাদেশ সফর ও সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনার প্রেক্ষিতেও। উনি স্পষ্টই বলেছেন, জাতিসংঘের কাছে কোন ফর্মুলা নেই, যা দিয়ে বর্তমান রাজনৈতিক সমস্যা সমাধান করা যায়। মহাষেধক হচ্ছে, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যা দূর করা। সমস্যা হচ্ছে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ? যেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম সংলাপ নিয়ে আশাবাদী, ঠিক সেখানেই এজেন্ডা ছাড়া সংলাপে না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মওদুদ সাহেব। পক্ষান্তরে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা মো. নাসিম বলেছেন, এজেন্ডা দিয়ে আলোচনা হবে না। সরকার দলীয় আরেক নেতা হাছান মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ এক লেজেগোবুরে অবস্থা। আসলে রাজনৈতিক বুড়ো খোকাদের কাছে যেটা খেলা, জনসাধারনের কাছে সেটা মৃত্যুর সামিল। সব বিবেচনায় আমাদের অভিমত হলো, ঠিক এই মুহূর্তে এজেন্ডাবিহীন সংলাপে বসা উচিত। অন্তত মন্দের ভালো হিসেবে সরকার ও বিরোধীদল একত্রে বসার সংস্কৃতি গড়ে উঠবে। সরকার ও বিরোধীদলের একে অপরের মুখ দেখাদেখি হবে। অজান্তে হলেও সকলের মুখে এক চিলতে হাসি দেখা যাবে। এজেন্ডাবিহীন সংলাপে বসে বিরোধীদল এটাকে অ্যাসিড টেস্ট হিসেবে নিলে, ভবিষ্যতে ভালো হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা মীমাংসিত ইস্যু। এই ইস্যু উত্পাটনের মাধ্যমে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, তা সাফ করার দায়িত্ব মূলত সরকারের হলেও, বিরোধীদলের কাছ থেকেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেশবাসী আশা করে।
মুরাদ হোসেন
মধুখালী,
ঝিকরগাছা, যশোর
এজেন্ডাবিহীন কোন সংলাপ হয় না। বর্তমান সময়ের প্রধান এজেন্ডা হচ্ছে রাজনৈতিক সংকট উত্তরণে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা। সহিংস আন্দোলন বন্ধ করার জন্য জান-মালের নিরাপত্তা প্রদান এবং সুষ্ঠু ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা আবশ্যক। এ সংলাপ হতে হবে রাগ বা অনুরাগের ঊর্ধ্বে থেকে, হিংসা-প্রতিহিংসা বর্জন করে সমাজ, রাষ্ট্র ও জনস্বার্থে। সিদ্ধান্ত নিতে হবে সহিংস আন্দোলন বন্ধ করার। সুষ্ঠুভাবে বিধি মোতাবেক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার। নেতাদেরকে জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে।
ডা. এস এম মোশারফ হোসেন
আলমপুর, শ্রীনগর, মুন্সীগঞ্জ ১৫৪৪
এখন চলছে দেশে ভয়ংকর রাজনৈতিক দুর্যোগ। বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। কথা হচ্ছে আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে সুষ্ঠুভাবে।সুতরাং দু’নেত্রীর প্রতি আহ্বান- সংলাপে বসুন, মন খুলে কথা বলুন, এতে করে দেশবাসী অনেক স্বস্তি পাবে, শান্তি পাবে। প্রকৃতি হবে ঠাণ্ডা ও নির্ভেজাল। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও মতৈক্য খুবই জরুরি। দেশবাসী এখন এমনটাই দেখতে চায়।
এস কে মো. রমিজ উদ্দিন
মিরপুর, ঢাকা।
সংলাপ নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনসহ সর্বমহলে আলোচনা চলছে। কোন সমাধান আসছে না। তবে আমরা মনে করি, দু’দলের নেতাদের এখন উচিত শর্তহীন সংলাপে সম্মত হওয়া।
আবদুল মালেক মিয়া
মিরপুর, ঢাকা ১২১৬।
আগামী নির্বাচন নিয়ে সংলাপ প্রসঙ্গে জাতিসংঘের সহকারী সচিব তারানকোর বাংলাদেশ সফরকালে সংলাপ ইস্যুটি আবার সামনে চলে এসেছে। সরকার ও বিরোধী দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন জাতীয় সহকারী মহাসচিব। এসব বৈঠকে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রসঙ্গটি উঠে এসেছে। আগামী নির্বাচন কোন পদ্ধতির, কোন পদ্ধতির সরকারের অধীনে অনুষ্ঠিত হবে তা ঠিক করার জন্য রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার কথা দেশবাসী অনেক দিন ধরেই বলছে। প্রধানমন্ত্রী বিরোধী দলকে যে কোন সময়ে যে কোন স্থানে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। কিন্তু গত ৪ মে বিরোধী দলীয় নেতা ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিলে এবং সরকার ঘোষণা দিয়ে সেই আল্টিমেটাম প্রত্যাখ্যান করলে সংলাপ নিয়ে জনমনে সংশয় তৈরি হয়। যদিও প্রধানমন্ত্রী বলেছেন, ‘সংলাপের দরজা এখনও খোলা রয়েছে।’ তারপরও এনিয়ে জনমনে সংশয় দূর হয়নি। দু’দলের সংলাপ নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্যোগও চাপা থাকেনি। এই উদ্যোগের কারণে জাতিসংঘের সহকারী মহাসচিব বাংলাদেশ সফর করেছেন একথা বললে ভুল হবে না। এর আগে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ সংলাপ প্রশ্নে দেশের বড় দলের সংগে কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে দুই দলের সংলাপ নিয়ে জাতিসংঘের বা অন্য কোন দেশের কথা বলার প্রয়োজন কেন পড়ে? একটি গণতান্ত্রিক দেশে জনগণের মত যথাযথ মূল্যায়ন করুক। আমরা চাই দুই দল খোলা মন নিয়ে সংলাপে বসবে। আমরা গণতন্ত্র সুসংহত দেখতে চাই। এজন্য আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ হতে হবে।
ফারুক আহমেদ
বাগমারা, রাজশাহী
এজেন্ডাবিহীন বৈঠকের কোন মূল্য নেই। ৯০% মানুষ আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে দেখতে চায়। এর কোন বিকল্প নেই। সুতরাং নির্দলীয় সরকার গঠনের এজেন্ডা নিয়ে উভয় দলকে সংলাপ করে স্থায়ীভাবে নির্বাচন পদ্ধতি উদ্ভাবন করতে হবে। প্রতি ৫ বছর পর পর শুধু নির্বাচন পদ্ধতি নিয়ে সংঘাত পরিহার করার ঐক্যমত তৈরি করতে হবে।
মো. রফিকুল ইসলাম রফিক
বাংলামটর, ঢাকা
সাম্প্রতিক রাজনীতির অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এবং আগামী নির্বাচন সুষ্ঠু এবং সব দলের গ্রহণযোগ্যতার লক্ষ্যে সংলাপের আয়োজন করা হচ্ছে অথবা সংলাপ অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে সংলাপ হচ্ছে পূর্ব ঘোষিত এজেন্ডা অনুযায়ী নাকি টেবিলের আলোচনার মাধ্যমে সংকট সমাধান? এক্ষেত্রে আমরা আমজনতা মনে করি সংলাপ বা আলোচনা অবশ্যই এজেন্ডাভিত্তিক হওয়া উচিত। তা না হলে এক পর্যায়ে এমন বক্তব্য বেরিয়ে আসবে “সারা রাত রামায়ণ পড়ে বলে সীতা কার বাপ”? এমন একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হতে পারে। তাই আমরা সরকার ও বিরোধী দল উভয়কেই বলবো ন্যূনতম কতকগুলো বিষয় নির্বাচন করে আলোচনার দ্বার উন্মোচন করুন। যাতে আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কখন হবে এবং সেনাবাহিনীর কি ভূমিকা থাকবে সবগুলো বিষয় আলোচনায় আসা উচিত। নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করা প্রয়োজন এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবশেষে বলতে চাই কোন অবস্থায় যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয় বিচার মানি তবে তালগাছটা আমার। এ অবস্থা হলে আলোচনা অর্থহীন হবে। আমরা এমনিতেই জাতিসংঘের মহাসচিব কর্তৃক সংলাপ অনুষ্ঠানের অনুরোধ আসায় যথেষ্ট চাপের মধ্যে আছি। বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতও চান আলোচনায় বসা হোক। সুতরাং সরকারকে ও বিরোধী দলকে অবশ্যই নমনীয় মনোভাব দেখাতে হবে। তাহলেই সংলাপ একটি ফলাফল এনে দিতে পারে।
ওয়াহিদ মুরাদ
নেসারাবাদ, পিরোজপুর
দুই পক্ষকেই খোলা মন নিয়ে বসতে হবে। তবেই সংলাপ অর্থবহ হবে। আলোচনার মধ্য দিয়ে সমাধানের পথ বের হয়ে আসবে।
আবুল হোসেন
মিরপুর, ঢাকা
সংলাপের ব্যাপারে বিরোধী দল যে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের কথা বলছেন সেটা হলো একটি মৌলিক বিষয়। এই শর্ত সরকার গ্রহণ না করলে সংলাপের কোন তাত্পর্য থাকে না। যদি সরকার এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে বাস্তবায়ন করার অঙ্গীকার করে তাহলে সংলাপ অবশ্যই ফলপ্রসূ হবে। বর্তমান সরকার চরম ভুলের মধ্যে আছে। তাঁরা যদি এভাবে কঠোর অবস্থানে থাকতে চান তাহলে আগামীতে তাদের দলের চরম পতন ঘটবে। তাঁদের ইতিহাস থেকে শিক্ষা নেয়া উচিত। বর্তমান সরকারের কয়েকজন নীতি-নির্ধারণী ব্যক্তি বিভিন্ন সভাতে প্রায় সময়ই অনৈতিক কথাবার্তা বলছেন এর জন্যও আগামীতে তাদের কঠিন মূল্য দিতে হবে। সুতরাং আর বাড়াবাড়ি নয় সরকার সহজ-সরল পথে চলুক।
সাইফুল ইসলাম তানভীর
মোড়লগঞ্জ, বাগেরহাট
সংলাপ অর্থবহ করতে হলে সুনির্দিষ্ট এজেন্ডা অবশ্যই থাকতে হবে। এজেন্ডা ছাড়া সংলাপ অর্থহীন। দেশের মানুষ চায় তত্ত্বাবধায়ক সরকার।
বিপ্লব আলম
উর্দু রোড, লালবাগ, ঢাকা
বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের পথ অবশ্যই সংলাপের মাধ্যমে বেরিয়ে আসবে। জনগণের মঙ্গলের জন্যই দুই নেত্রী আত্মত্যাগ জেল-জুলুম, অত্যাচার- নির্যাতন সহ্য করেছেন, ১/১১-তে কেউ আত্মসমর্পণ করেননি অন্যায়ের কাছে। বাংলার জনগণ সেই দুই নেত্রীর কাছে শান্তি ছাড়া আর কিছুই আশা করে না। সংলাপ হওয়া উচিত। নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন কিভাবে করলে নিরপেক্ষ হবে সে বিষয়ে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত। আগামীতে দেশ পরিচালনার জন্য শান্তি চাই, শান্তি চাই এবং শান্তি চাই।
মন্জু খন্দকার
চুয়াডাঙ্গা
সরকার ও বিরোধী দলের মধ্যে এজেন্ডাবিহীন কোন গুরুত্ব দেশ ও জাতির জন্য বয়ে আনবে না বরং সময়ক্ষেপণ হবে।
শেখ এনামুল হক
নিকেতন, গুলশান ১, ঢাকা
আলোচনার ইচ্ছা যদি থাকে তাহলে সংলাপ ছাড়াও তা মীমাংসা করা যায়। দরকার একটি জাতীয় সরকার।
মো. আবদুর রশিদ
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
আমরা যদি অতীতের দিকে তাকাই অর্থাত্ জলিল-মান্নান সাহেবের সংলাপ দেখি তাহলে বলা যায় সংলাপ সার্থক হবে না। তাই এজেন্ডা বা এজেন্ডাবিহীন যেভাবেই হোক না কেন সংলাপ সার্থক হবে না এটা নিশ্চিত। আমাদের মুরুব্বীরা যেভাবে বলবে সেভাবেই হবে।
শহীদুর রহমান
কাকিনা, লালমনিরহাট
আলোচনার জন্য এজেন্ডার প্রয়োজন। যে কোন বিষয় নিয়ে আলোচনা করলে এজেন্ডার প্রয়োজন হবে। আর নির্বাচন নিয়ে অবশ্য এজেন্ডার প্রয়োজন আছে।
মো. ফরিদ বিশ্বাস
চাকমহল. পাবনা
রাজনৈতিক সহিংসতার কারণে দেশ ও জাতি আজ মহাসংকটে অবস্থান করছে। শাসক দলের ইতিবাচক ভূমিকা এবং বিরোধী দলের নেতিবাচক ভূমিকা এই সংকটের জন্য দায়ী। সত্ ইচ্ছা আর আন্তরিকতা নিয়ে এগিয়ে এলে এজেন্ডাবিহীনও সংলাপ হতে পারে। আর তাতেই হতে পারে সংকটের সমাধান। কিন্তু শাসক দল ও বিরোধী দলের পরস্পরবিরোধী ভাষণ-বক্তব্যে উঠে আসে এজেন্ডাবিহীন সংলাপ অসম্ভব। আমরা মনে করি এজেন্ডাবিহীন সংলাপ জাতীয় সংসদে হোক আর যেখানেই হোক অতি দ্রুত তা না করলে দেশ ও জাতি আগামীতে মহাসমস্যায় পড়বে। উভয় দলকে বিষয়টি ভাবতে হবে।
শাহ্ মো. হেলাল উদ্দিন
কালিহাতী, টাঙ্গাইল
আমরা সাধারণ মানুষ আমাদের নেতাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছি ভোটের মাধ্যমে। আমরা চাই দেশ যেন শান্তিপূর্ণভাবে এগিয়ে যায়। যেমনটি চার বছর চলেছে। কিন্তু এখন একটা আতংক নিয়ে চলছি। রাস্তায় বের হতে পারি না এ ভয়ে যে কোন রাজনৈতিক সহিংসতার শিকার হতে পারি। সংঘাত নয়, সংলাপ-সমঝোতা, সম্পৃক্তির মধ্য দিয়েই এগিয়ে যান আমাদের নেতারা। জাতিসংঘের মহাসচিব সংলাপের ডাক দিয়েছেন- আপনারা সংলাপ করুন।
সালাউদ্দিন
মস্টার্স সমাজবিজ্ঞান বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়
বর্তমানে একটি মাত্র ইস্যু নিয়ে যে অহেতুক জেদাজেদি চলছে, যে সংকটের কারণে ধনী-গরিব সকলের জানমাল দিনকে দিন ধ্বংস করছে, সে ধ্বংসের পথ চিরদিনের জন্য বন্ধ করতে হলে সকল রাজনৈতিক সংকট উত্তরণে সরকার ও সকল বিরোধী রাজনৈতিক দলের মধ্যে এজেন্ডা নিয়েই আলোচনা করা ফলপ্রসূ হবে। অন্যথায় প্রেমিক-প্রেমিকার মতো রসাল কথোপকথন ছাড়া ফলপ্রসূ কিছু বয়ে আনবে বলে মনে হয় না। তবুও মনে আশা পোষণ করছি জনগণের সম্পদ ধ্বংস আর তাদের জীবনকে তুচ্ছা-তাচ্ছিল্য না করে রাজনৈতিক সংকট নিরসনে, অহংকার নিরসনে, জেদি আর অহংকারী মনোভাব জনস্বার্থে পরিত্যাগ করতে হবে। সংলাপ করুন। হোক না সে সংলাপ এজেন্ডাবিহীন বা এজেন্ডাসহ।
মো. লুত্ফর রহমান
এলিফ্যান্ট রোড, ঢাকা
এজেন্ডাবিহীন সংলাপ হওয়া উচিত নয়। কারণ একটি প্রতিষ্ঠানের সভা আলোচ্যসূচি ছাড়া হয় বলে আমার জানা নেই। তাই সূচি দিয়ে আলোচনা হওয়া উচিত। অপরদিকে সূচি দিলেই সব সমাধান হয়ে যাবে এমনটি নয়। এখন প্রয়োজন উভয় দলের মন-মানসিকতার পরিবর্তন।
সেলিম ফরাজী
পুরান শহর, মাদারীপুর
কোন আলোচনার জন্য তো এজেন্ডা থাকা স্বাভাবিক। আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করছি। কারণ এজেন্ডা ছাড়া কি কখনো ফলপ্রসূ আলোচনা হয়? তাই অবশ্যই এজেন্ডা থাকতে হবে। তা না হলে সংলাপ ফলপ্রসূ হবে না।
আবদুস সালাম
কারওয়ান বাজার, ঢাকা
নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক পরিবেশ ততই উত্তপ্ত হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিরোধী দল হরতাল, অবরোধ, সমাবেশ, মহাসমাবেশের মাধ্যমে তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং যখন-তখন দলের মহাসচিবসহ বিভিন্ন নেতাকর্মী গ্রেফতার হচ্ছেন। ফলে রাজনীতির অঙ্গনে দাবানল জ্বলছে। এঅবস্থায় দেশি-বিদেশি সর্বমহল মনে করছে যে, বড় দুই দল সংলাপে বসা ছাড়া এ সমস্যার সমাধান মিলবে না। কিন্তু কোন অবস্থাতেই রাজনৈতিক দল দুইটি তাদের আত্ম অহংকার ও ক্ষমতার মোহ পরিহার করে সংলাপে বসতে পারছে না। বর্তমানে বিরোধী দল সংলাপে বসার সবুজ সংকেত দিলেও সরকারি দল তা শর্তবিহীন ও এজেন্ডাবিহীন সংলাপ হবে বলে যা জানিয়ে দিয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। এজেন্ডাবিহীন সংলাপে বসলে সময় নষ্ট হওয়া ছাড়া জাতির ভাগ্যে আর কিছুই জুটবে না।
ডা. মর্জিনা আক্তার
বারিধারা পাইলস কিউট সেন্টার,
বারিধারা, ঢাকা