নিজেদের অবস্থান ভালো করাই লক্ষ্য
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২১:৫৩
আগামী মঙ্গলবার ঢাকায় শুরু হতে যাওয়া এএফসি মহিলা এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা কম। তাই স্বাগতিকদের লক্ষ্য হলো ভাল খেলে র্যাংকিংয়ে নিজেদের অবস্থান আরো উপরে তোলা। সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমনটা জানা গেছে।
যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে গতকাল বৃহস্পতিবার সকালে অনুশীলন করতে পারেনি বাফুফে ভবনের ক্যাম্পে থাকা মহিলা ফুটবল দল, তাই বিকালে বাফুফে ভবনের সামনে হালকা অনুশীলন করেন সুইনু প্রু, নুবাইচিং, সাবিনা, অম্রাচিং, মিরোনারা।
বাংলাদেশ দলের কোচ গোলাম জিলানি জানিয়েছেন স্বাগতিকদের জন্য কঠিন লড়াই হবে এটি। কারণ এই গ্রুপ থেকে একটি মাত্র দল ২০১৪ সালে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। তার মতে-দুটি দেশের সুযোগ থাকলে বাংলাদেশের জন্য ভালো হতো। কিন্তু চূড়ান্ত পর্বে একটা দেশ যাবে বলে বাংলাদেশের সুযোগটা ক্ষীণ। কারণ বাংলাদেশের গ্রুপে ফেভারিট থাইল্যান্ড দল।
মহিলা ফুটবলের ফিফার র্যাংকিংয়ে থাইল্যান্ডের অবস্থান ২৪। আরেক শক্তিশালী দল ইরানের অবস্থান ৫৩। ফিলিপাইন ৮৩ নম্বরে। আর বাংলাদেশের অবস্থান ১০২। চার নম্বরে রয়েছে বাংলাদেশ। তারপরও নিজেদের অবস্থান আরো উপরে নিয়ে যেতে বদ্ধপরিকর মহিলা ফুটবলাররা। কোচ জিলানি বলেছেন তার লক্ষ্য ভালো কিছু করা। আর অধিনায়ক সুইনু প্রু মারমা তো আগেই জানিয়েছেন তিনি ফিলিপাইনকে হারাতে চান। কোচ কিংবা অধিনায়কের ভাষ্য ছাড়াও দলের টিম ওয়ার্ক বলে দিচ্ছে প্রতিপক্ষদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। হেসে-খেলে কেউ তাদের হারাতে পারবে না।
জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাম্পে ২৩ খেলোয়াড় রয়েছেন। চূড়ান্ত তালিকায় ২২ জনকে রাখা হতে পারে। কোন খেলোয়াড়টি বাদ পড়বেন তা জানা যেতে পারে আজ। গতকাল কোচের সাথে কথা বলে জানা গেল দলের লেফটব্যাক সুইনু সিং ইনজুরিতে আছেন। তার চেকআপ হবে আজ। ডাক্তার সবুজ সংকেত দিলে থাকবেন। নয়তো তাকেই ছেটে ফেলা হতে পারে। যদিও কোচ বলেছেন, ‘সুইনু সিংকে দরকার আছে।’
বাফুফের তরফেও প্রত্যাশা একটা ভালো লড়াই হোক। সে জন্য এএফসির এই বাছাই পর্বে অংশগ্রহণ করার আগে জাতীয় মহিলা ফুটবল দলকে কলকাতায় প্রস্তুতি ম্যাচ খেলিয়ে আনা হয়েছে। সম্প্রতি কলকাতায় গিয়ে তারা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে প্রথমটিতে ৬-০, দ্বিতীয়টিতে ৪-০ গোলে জয়ের পর শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে।
মহিলা ফুটবলের জন্য টিকিট
এএফসি এশিয়ান কাপ মহিলা ফুটবল বাছাই পর্বের খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা উপভোগ করতে দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা থাকছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্যালারি ৫০ টাকা টিকিট নির্ধারণ করা হয়েছে। টিকিট পাওয়া যাবে বাফুফে ভবনে। এছাড়াও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের আউটলেটগুলোতেও টিকিট পাওয়া যাবে বলে বাফুফে জানিয়েছে।
সূচী
২১ মে ঃ ইরান ঃ ফিলিপাইন, বাংলাদেশ ঃ থাইল্যান্ড,
২৩ মে ঃ ফিলিপাইন ঃ থাইল্যান্ড, বাংলাদেশ ঃ ইরান,
২৫ মে ঃ থাইল্যান্ড ঃ ইরান, বাংলাদেশ ঃ ফিলিপাইন