আবার আইপিএলে স্পট ফিক্সিং ঝড়
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২১:৫৪
নিন্দুকেরা বলে, আইপিএলে লোলিত মোদী তিন ‘সি’ এক করেছেন—ক্রিকেট, সিনেমা ও ক্রাইম!
ক্রিকেট আর সিনেমা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একাকার হয়েছে শুরু থেকেই শাহরুখ খান, শিল্পা শেঠীদের দল মালিক বনে যাওয়ায়। গত কয়েক বছর ধরে গুঞ্জন—ক্রাইম, মানে ফিক্সিংও জোরেসোরে চলছে আইপিএলে। গত বছর একটি টেলিভিশন চ্যানেলের স্ট্রিং অপারেশনে কয়েক জন ক্রিকেটার স্পট ফিক্সিং করে ধরাও পড়েছিলেন। এবার আর কোনো অনুমান বা টেলিভিশন চ্যানেল নয়; খোদ দিল্লী পুলিশ অভিযান চালিয়ে বুঝিয়ে দিল, আইপিএলে কী চলছে।
বুধবার রাতে তারা এক টানা এক অভিযান চালিয়ে দিল্লী ও মুম্বাইয়ের বিভিন্ন জায়গা থেকে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে। ক্রিকেটাররা হলেন—ভারতীয় টেস্ট ক্রিকেটার শ্রীশান্ত এবং দুই ঘরোয়া ক্রিকেটার অজিত চান্দিলা ও অঙ্কিত চাভান। এছাড়া একই অভিযানে গ্রেপ্তার হয়েছেন সাত জন বাজিকরও। গতকালই এই তিন ক্রিকেটারকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইপিএলে বাজি চলছে, ম্যাচ পাতানো চলছে, স্পট ফিক্সিং চলছে; এসব অভিযোগ প্রতিনিয়তই শোনা যায়। গত বছর ভারতের একটি টেলিভিশন চ্যানেলের গোপন ক্যামেরার সামনে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার বিভিন্ন প্রমাণ দিয়ে বহিষ্কার হন আইপিএলের পাঁচ ক্রিকেটার—টিপি সুধিন্দ্র, মনীষ মিশ্র, অমিত যাদব, সালবাহ শ্রীবাস্তব ও অভিনব বালি।
কিন্তু সেই ঘটনার পরও বিসিসিআই বারবার দাবি করছিল, আইপিএল নিষ্কলুষ আছে। সে দাবি যে একেবারেই অন্তঃসারশূন্য তা প্রমাণ করে দিল দিল্লী পুলিশের এই অভিযান।
দিল্লী পুলিশের কমিশনার নিরাজ কুমার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মৌসুমের শুরু থেকে তারা এই চক্রটিকে চোখে রেখেছিলেন। এরা মূলত একটা নির্দিষ্ট ওভারে কমপক্ষে নির্দিষ্ট সংখ্যক রান ব্যয় করার চুক্তিতে অর্থ নিচ্ছিলেন। প্রথমে ৬ মে পুনে ওয়ারিয়র্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে এ কাজ করেন চান্দিলা। এরপর ৯ মে ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে একই কাজ করেন শ্রীশান্ত। আর বুধবারই মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে ঘটনা ঘটান চাভান।
বুধবারের ম্যাচের পর হোটেলে ফিরলে হোটেল থেকেই চান্দিলা, চাভান ও এক বাজিকরকে গ্রেপ্তার করা হয়। আর প্রায় একই সময়ে কার্টার রোডে এক বন্ধুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শ্রীশান্তকে। অল্প সময়ের এই অভিযানে আরো ছয় জন বাজিকরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, মুম্বাই অপরাধচক্রের হস্তক্ষেপেই এই স্পট ফিক্সিং চলছিল। এর শাখা অনেক বিস্তৃত বলেই দাবি করছে তারা। যদিও অনুমান করা হচ্ছে দুবাইভিত্তিক ডন দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানি এই চক্র পরিচালনা করছে; কিন্তু এ বিষয়টা পরিষ্কার করেনি পুলিশ।
ভারতীয় পত্রপত্রিকার খবর আরো কমপক্ষে ৭০ জন ক্রিকেটার ও ১২টি ম্যাচ দিল্লী পুলিশের নজরে আছে। ফলে আরো গ্রেপ্তার দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু পুলিশ এ পরিকল্পনার কথা অবশ্য অস্বীকার করেছে।
ভবিষ্যতে কী হবে, সেটা পরের কথা। আপাতত তিন ক্রিকেটারের নামে দুই ধরনের প্রতারণা ও অপরাধের মামলা করেছে পুলিশ। বিসিসিআই বলেছে, তারা এ ক্ষেত্রে কোনরকম সহনশীলতা দেখাবে না। রাজস্থান রয়্যালস মালিক কর্তৃপক্ষ ও বিসিসিআই একমত যে, তারা এ ব্যাপারে তদন্তকারীদের সহায়তা করবে।
বেশিরভাগ মহল থেকেই এই কাণ্ডে ক্রিকেটারদের সমালোচনা করছেন। কিন্তু কেরালায়, শ্রীশান্তের নিজের প্রদেশে তার সমর্থনে কথা বলছেন নীতি-নির্ধারকরাও। তার পরিবার থেকে দাবি করা হয়েছে, শ্রীশান্তকে ফাঁসানো হয়েছে।
এখন দেখার বিষয় পুলিশ তার অভিযোগ প্রমাণ করতে পারে কি না।