বাফুফের অ্যাওয়ার্ড নাইট জুনে
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২১:৫৫
পেশাদার ফুটবল লিগসহ সিনিয়র জুনিয়র ফুটবল লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে অনেক দিন ধরেই ট্রফি তুলে দিতে পারেনি বাফুফে। যেসব দলগুলো ট্রফি হাতে পায়নি তাদের জন্য ঘটা করে অনুষ্ঠানের আয়োজন করে প্রাপ্ত ট্রফি তুলে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী জুনেই সেটা করতে চায় বলে জানা গেছে। পেশাদার লিগের দুটি, প্রথম বিভাগ লিগের দুটি, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবলের একটি করে ট্রফি প্রদান বাকি রয়েছে। এর জন্য অ্যাওয়ার্ড নাইট আয়োজন করে চ্যাম্পিয়ন, রানার্সআপ দলগুলোকে ট্রফিসহ প্রাপ্ত অর্থ পুরস্কার তুলে দেয়া হবে বলে জানা গেছে। সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বাফুফে।
সদ্য সমাপ্ত পেশাদার ফুটবল লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে শেষ দিনে মাঠেই ট্রফি তুলে দেয়ার পরিকল্পনা ছিল বাফুফের। ট্রফিও প্রস্তুত রাখা হয়। কিন্তু মাঠে আসেনি সে ট্রফি। সিদ্ধান্ত পরিবর্তন করে বাফুফে। কারণ পুরোন পেশাদার লিগের চতুর্থ আসরের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং রানার্সআপ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে এখনও ট্রফি তুলে দেয়া হয়নি। এবার শেখ রাসেল চ্যাম্পিয়ন এবং শেখ জামাল রানার্সআপ হয়েছে।
পেশাদার লিগের পাশাপাশি প্রথম বিভাগ ফুটবল লিগের ট্রফিও তুলে দেয়া হবে।
মহানগরী ফুটবল লিগ কমিটির কাছে নাম জানতে চেয়েছে সিনিয়র এবং জুনিয়র ডিভিশন ফুটবল লিগের কোন দলগুলো ট্রফি হাতে পায়নি। লিগ কমিটি থেকেও ফিরতি পত্রে জানানো হয়েছে ২০১০ সালে প্রথম বিভাগ লিগ চ্যাম্পিয়ন ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল, রানার্সআপ ভিক্টোরিয়া। ১২ সালের চ্যাম্পিয়ন বাড্ডা জাগরণী সংসদ, রানার্সআপ যাত্রাবাড়ি ক্রীড়াচক্র ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় বিভাগ চ্যাম্পিয়ন রানার্সআপ দলও ট্রফি হাতে পায়নি। মোহামেডানও বাফুফের কাছে পুরস্কারের অর্থ পাবে বলে জানা গেছে।