গার্মেন্টস কারখানা বন্ধ
রেখে সঙ্কট সমাধান
হবে না
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২২:০৭
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল এক বিবৃতিতে বলেছেন, গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করে শিল্পের বর্তমান সংকট সমাধান করা যাবে না। নিরাপত্তার যে অজুহাতে আশুলিয়া-সাভার অঞ্চলে শতাধিক গার্মেন্টস বন্ধ করে রাখা হয়েছে তা পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি বলেন, শ্রমিক অসন্তোষের মূল সমস্যাসমূহ সমাধান না করে গার্মেন্টস শিল্পের অস্থিরতা দূর করা যাবে না। শ্রমিক বিক্ষোভকে নাশকতা বা ‘চক্রান্ত-ষড়যন্ত্র’ হিসাবে আখ্যায়িত করেও স্থিতিশীলতা ফিরিয়ে আনা যাবে না। তিনি শ্রমিকদের মনে আস্থা ফিরিয়ে আনতে গার্মেন্টস কারখানায় নিরাপত্তা ঝুঁকি হ্রাস, উপযুক্ত কর্মপরিবেশ, বাঁচার মত মজুরি, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, কারখানায় ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করাসহ গার্মেন্টস শ্রমিকদের মানবিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।