রাজনীতিতে শিশুদের
ব্যবহার বন্ধ করুন
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২২:০৮
জাতীয় শিশুনীতি, শিশু আইন, ও জাতিসংঘ শিশু অধিকার সনদ লঙ্ঘন করে রাজনৈতিক নানা কর্মকাণ্ডে শিশুদের যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে। অবিলম্বে রাজনীতিতে শিশুদের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে বিষয়টি নিয়ে জনস্বার্থে মামলা করবে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ এসব কথা বলেন। বক্তব্য উপস্থাপন করেন মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী। উপস্থিত ছিলেন মহিলা আইনজীবী সমিতির শিশুর সুরক্ষা বিষয়ক পরিচালক তৌহিদা খন্দকার, লিগ্যাল এইডের অ্যাডভোকেট রেহানা সুলতানা, কাউন্সিলর সাহিদা সুলতানা।
বলা হয়, শিশুদের এসব কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। সচিত্র এসব প্রতিবেদন শিশুর বিকাশ বাধাগ্রস্ত করছে। শিশুর সুরক্ষা বলয় হুমকির মুখে পড়ছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কিছু সংগঠন অনৈতিকভাবে শিশুদের ব্যবহার করছে। গত ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দিতে প্রলোভন দেখিয়ে, এমন কি জোর করে ঢাকা দেখানোর কথা বলে অনেক শিশু-কিশোরকে রাজধানীতে নিয়ে আসে সংগঠনটি। এর পর রাতে আইন-শৃঙ্খলা বাহিনী যখন অপারেশনে নামে তখন ওই শিশু-কিশোরদের অরক্ষিত অবস্থায় ফেলে পালিয়ে যান নেতাকর্মীরা। এসব শিশু-কিশোরদের বেশিরভাগই জানে না তাদের কেন ঢাকায় আনা হয়েছে। কাদের বিরুদ্ধে এই আন্দোলন। কোন কিছু না বুঝে শুধুমাত্র ‘হুজুরদের’ কথায় প্রভাবিত হয়ে এসব শিশু অনেক সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পরে এ ধরনের ঘটনা শিশুমনে এবং তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
অ্যাডভোকেট সালমা আলী বলেন, আগামী নির্বাচনে মহিলা আইনজীবী সমিতি বিষয়টি মনিটর করবে এবং উপযুক্ত তথ্য প্রমাণ পেলে বিষয়টি নিয়ে জনস্বার্থে মামলা করবে।