নিজেকে সংযত রাখতে

তরুণদের মাঝে নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা অনেকটাই কম। সংযমী মনোভাবের অভাবে অনেক সময়ই ঘটে যায় অনেক বাজে রকমের বিপত্তি। সহজ ও সুন্দর জীবন যাপনের ক্ষেত্রে নিজেকে সংযত রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেকোনো কাজে নিজেকে সংযত রেখে কাজটি আদ্যোপান্ত বুঝেই এগোনো উচিত। এ নিয়ে আমাদের এবারের আয়োজনে লিখেছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন সাফাওয়াত খান সাফু ধরুন আপনার বন্ধুকে একজন মারছে আর অমনি আপনি গিয়ে যে মারছিল তার উপর চড়াও হলেন। দিতে শুরু করলেন রাম ধোলাই। কোনো জানাজানি নেই, নেই কিছু বোঝাবুঝির সময়। অন্য আরেক জনের হস্তক্ষেপে মারামারি কিছুটা কমল। জানা গেল যে, আপনার বন্ধুকে লোকটি মারছে না, তারা কুংফু বা কারাতি প্র্যাকটিস করছিল মাত্র। ততক্ষণে ওই ব্যক্তির বারটা বেজে গেছে। তখন নিজেকে খুব বোকা মনে হবে আপনার। এ ক্ষেত্রে আপনি হচ্ছেন ‘রি-অ্যাকটিভ’ আর যার হস্তক্ষেপে প্রকৃত ঘটনা উত্ঘাটিত হলো তিনি হচ্ছেন প্রো-অ্যাকটিভ। রি-অ্যাকটিভ ব্যক্তিরা ঘটনার আদ্যোপান্ত না দেখে সক্রিয় হয়। আর প্রো-অ্যাকটিভ ব্যক্তিরা ঘটনা ঘটনোর আগে বা সক্রিয় হওয়ার আগে বিষয়টি ভালোভাবে জেনে অগ্রসর হয়। প্রকৃতপক্ষে এই প্রো-অ্যাকটিভ টাইপের লোকেরাই ঘটনা নিয়ন্ত্রণ করে। তার ইচ্ছায় সমস্যা সমাধান হয় অথবা সমস্যা আরও জটিল হয়। সফল হতে চাইলে বেশ কিছু ব্যাপার নিয়ন্ত্রণে রাখতে হয়, এর মধ্যে সবচেয়ে উল্লেখ যোগ্য হচ্ছে রাগ। রাগ হচ্ছে পাগলা ঘোড়ার মতো, আপনি একে নিয়ন্ত্রণে রাখার জন্য লাগাম টেনে ধরতে পারেন। উল্লেখযোগ্য ব্যাপার আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যেটার নাম হিংসা। কারণ হিংসা আপনাকে ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে নিয়ে যাবে। তেমনি, লোভ, গিবত, অহংকার, ইত্যাদি কিছু অভ্যাসও নিয়ন্ত্রণে রাখতে হবে। এ ছাড়াও নিয়ন্ত্রণ করতে হবে আপনার চিন্তাশক্তি। আপনার আসে পাশের পরিবেশ। নিয়ন্ত্রণ চাই নিজের আচরণ এবং দৃষ্টিভঙ্গির প্রতি। এ ক্ষেত্রে কিছু আলোচনা এমন হতে পারে। সব সময় রেগে থাকেন এমন লোকের দেখা প্রায়ই পাওয়া যায়। আবার হুট করেই রেগে যান এমন লোকের সংখ্যাও নেহাত কম নয়। রাগ নিয়ন্ত্রণের চেষ্টাও মানুষ কম করে না। নানা রকম ধ্যান করার মাধ্যমেও অনেকে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালান। সম্প্রতি এক গবেষণা প্রকাশিত হয়েছে সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে। এখানে বলা হয়েছে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমেই মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে। মানুষের সাধারণ অভ্যাস হলো নিজের শক্তিশালী হাতটা ব্যবহার করা। কিন্তু অপর হাতটা দিয়ে মাউস ব্যবহার, কফিতে চিনি মেশানো বা দরজা খোলা ইত্যাদি কাজ করার মাধ্যমে মানুষ আত্মনিয়ন্ত্রণের অনুশীলন করতে পারে। ১০ বছর ধরে মনোবিজ্ঞানীরা আত্মনিয়ন্ত্রণ করার নতুন উপায় খোঁজার জন্য গবেষণা করেছেন। তারা দেখেছেন যে, আত্মনিয়ন্ত্রণ করতে না পারা ব্যক্তিদের সঙ্গে তাদের আগ্রাসী মনোভাব খুবই গভীরভাবে সম্পর্কিত। গবেষণায় আরও দেখা গেছে, কাউকে কিছু সময়ের জন্য নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে বাধ্য করলে পর তারা আরও বেশি আগ্রাসী আচরণ করেন। এই গবেষণার সবচেয়ে আকর্ষণীয় তথ্য হচ্ছে, আপনি যদি রাগী মানুষকে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা উন্নয়নের সুযোগ দেন, তা হলে তাদের আগ্রাসী মনোভাব অনেক কমে আসে। তবে ব্যাপারটা এ রকমও নয় যে, রাগী মানুষ নিজেদের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা একেবারেই করেন না। এ ছাড়া নিজের পছন্দ-অপছন্দের উপরও একটি অনিয়ন্ত্রিত ব্যাপার মাঝে মাঝে লক্ষ্য করা যায়। যেমন, তিথিকে অমিত মোটেই সহ্য করতে পারে না। তার সবকিছুই অমিতের অপছন্দ। তবুও তিথি বারবার অমিতের কাছেই ছুটে আসে। অমিতের বিরক্তিকে ভ্রুক্ষেপ না করে বরং তার প্রতি আরও বেশি করে দুর্বল হয়ে পড়ে। তাই অগত্যাই অমিতকে জোর করে তার অপছন্দের মানুষটিকে পছন্দের জ্যাকেটে চাপাতে হয়। ব্যবহার বলেও তো একটা বিষয় আছে। এ রকম পরিস্থিতি আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় ঘটে। তাই এ ক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখেই সমাধানই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কাউকে দেখে বিরক্ত হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই প্রথমে ভেবে দেখবো, কেন আমি তাকে অপছন্দ করি। তার সঙ্গে কথা কাটাকাটি বা মনোমালিন্য হয়ে থাকলে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি কারও স্বভাবটাই বিরক্তির কারণ হয়, তাহলে? স্বভাব যায় না ম’লে এবং সেটা আমি বদলাতে পারব না। তাই ও নিয়ে মাথা না ঘামানোই ভালো। তার সঙ্গে হাই-হ্যালোটুকু রাখব এবং সে কথা বলতে এলে অল্প কথায় প্রসঙ্গ শেষ করব। কখনোই তার প্রতি কঠিন বা বাজে আচরণ দেখাব না। ++ আমার ব্যবহারে যেন কখনোই আমার মনোভাব ফুটে না উঠে। কাউকে রাগিয়ে দিয়ে বা আঘাত করে বিরাগভাজন হওয়াটা কি খুব দরকার। একটা কথা সবারই মাথায় রাখা উচিত। আমি তাকে পছন্দ করি না, সে তা বুঝতে পেরে আমার সঙ্গে যদি পাল্টা খারাপ ব্যবহার করে, তখন সেটা নিতে পারব তো? তা ছাড়া ব্যবহার তো মানুষের পরিচয়, নিজের ব্যবহারে কালি ছিটিয়ে লাভ কী? ++ অপছন্দের মানুষটির সঙ্গে যদি দু’বেলা মুখোমুখি হতে হয়, তখন পরিস্থিতি ম্যানেজ করব কীভাবে? ভদ্রতার মুখোশ এঁটে থাকা ছাড়া পথ নেই। তাই নিজের এক পেশে দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে তার অসংখ্য দোষের মধ্য থেকে একটা-দুটো গুণ বের করার চেষ্টা করব। যাতে অপছন্দের পারদ একটু নামে। ++ আমার বিরক্তিটা যদি কোনো আত্মীয়ের প্রতি হয়, তা হলে কিন্তু আমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ, আমার খারাপ ব্যবহার পারিবারিক সম্পর্কে আঘাত করতে পারে। তাই সে বাড়িতে এলে বা বাইরে দেখা হলে সৌজন্য আলাপ সেরে কেটে পড়ব। এতে কূলও থাকল, তরীও ডুবল না। ++ কোনো কিছুর কারণ দেখিয়ে যদি সে আপনার সঙ্গে প্রতিদিন কয়েকবার দেখা করতে চায় তো বিরক্তির উপদ্রেক হতেই পারে। তাই চেষ্টা করুন যুক্তিগত কারণ দেখিয়ে ওর কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে। মডেল ইভান ও রাজ