তরুণ জ্যাকের গল্প
প্রকাশ : ১৭ মে ২০১৩, ১৮:২৫
স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ এবং তারপর ইউনিভার্সিটি। এরপর শুরু হবে চাকরি খোঁজা। এই কাজগুলো ছাড়াও জীবনে সফল হওয়ার সুযোগ রয়েছে অনেক ভাবেই। তেমনটাই দেখিয়েছেন জ্যাক। তিনি তার মতো করে গুছিয়ে নিয়েছেন জগতটাকে। তিনি সাধারণ নিয়মের বাইরে গিয়ে খুব অল্প সময়েই হয়ে যান অঢেল অর্থের মালিক! ব্যাপারটা খুব বেশি অবাক করবে না জ্যাকের গল্পটি জানা থাকলে। তার কথা লিখেছেন প্রাঞ্জল সেলিম
জ্যাক খুব অল্প বয়সেই উপলব্ধি করেন—তিনি কী করতে চান তার জীবনে। সেই সময় তিনি আমেরিকার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। হাতখরচের টাকা পেলে টিনএজাররা সাধারণত পছন্দের জামা-জুতো কেনে। কেউ আবার টাকা জমিয়ে কেনে শখের বাইসাইকেল। তবে আমেরিকান এই তরুণের মাথায় এসেছিল ঠিক উল্টো ভাবনা। তিনি এই জমানো টাকা দিয়ে ব্যবসায় নামতে চাইলেন। নিজের লালিত চিন্তাকে বাস্তবে রূপ দিলেন। শুরু করলেন কাজ। ব্যস ধীরে ধীরে উন্নতিও শুরু। ব্যবসার পোকাটা তার মাথায় ঢুকেছিল স্টিভ জবসের গল্প পড়ে। বিখ্যাত আইটি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা জবসের জীবনের শুরুটাও খানিকটা এলোমেলো। পড়ালেখায় মন ছিল না, বাদ পড়ে গিয়েছিলেন কলেজ থেকে। এক বন্ধুকে সঙ্গে নিয়ে মাত্র একুশ বছর বয়সে মনের মতো কম্পিউটার বানানোর চিন্তা থেকে অ্যাপলের শুরু। নিজের কম্পিউটার নেড়েচেড়ে সে রকমই কিছু করার ইচ্ছাটা হয়তো উঁকি দিয়েছিল ওয়েনসের মাথায়। ইচ্ছাকে প্রশ্রয় দিয়ে যেটা করে বসলেন তাতে অন্তত একদিক থেকে শুধু জবস কেন, অন্য সবাইকে হারিয়ে দিয়েছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে হয়ে গেছে মিলিয়ন পাউন্ডের মালিক। মাত্র সাত বছর বয়সে হাতেখড়ি কম্পিউটার চালানোয়। প্রথমে সারাক্ষণ এ যন্ত্রটি নিয়েই মেতে থাকতেন। ফলে অল্প কয়েক দিনে ওয়েব ডিজাইনের মতো জটিল সব কারবার তার আয়ত্তে চলে আসে। ১০ বছর বয়সে পেয়েছিলেন একটি মেকিন্টোশ কম্পিউটার। তখন এতে ছোটখাটো প্রোগ্রাম বানাতে শুরু করেন তিনি। চার বছর পর ২০০৮ সালে হাতখরচের পয়সা বাঁচিয়ে নিজের একটি ওয়েবসাইট খোলেন। নাম দেন ম্যাকবুক বান্ডেল। সেখান থেকে তার তৈরি প্রোগ্রাম বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ কিনতে পারতেন টাকার বিনিময়ে। ব্যবসায়িক বুদ্ধি অবশ্য ভালোই খাটিয়েছেন ছোট্ট অ্যালেক্স। নিজের পাশাপাশি অন্যান্য নির্মাতার বানানো প্রোগ্রামও বিক্রির সুযোগ করে দিয়েছিলেন তার সাইটে। কেউ একসঙ্গে অনেক প্রোগ্রাম কিনতে চাইলে কখনও ১০ শতাংশ দামে বিক্রি করে দিতেন তিনি। আর প্রতিটি প্রোগ্রাম বিক্রির কিছু অংশ কোষাগারে জমা হতো সেবামূলক কাজে ব্যয়ের জন্য। এতে অল্প সময়ে জনপ্রিয়তা পেয়ে যান তিনি। শুধু তাই না, তার এই সাইটের জনপ্রিয়তা বাড়ার পেছনে মূল কারণ ছিল প্রচার। তিনি তার কাজের জন্য সুন্দর সুন্দর বিজ্ঞাপন তৈরি করতেন তার সাইটের জন্য। এই গ্রাফিক্সের কাজগুলো তিনি নিজেই করতেন। সেই বিজ্ঞাপনগুলো এনে দেয় তাকে সাফল্য। আর একই সঙ্গে ভারী হতে থাকে তার টাকার ঝোলা। দুই বছরের মাথায় আয় পৌঁছে যায় ৭০ হাজার পাউন্ডে। দ্রুত সাফল্য পেয়ে থেমে যাননি ওয়েনস। এরপর বেছে নিয়েছেন ইন্টারনেটভিত্তিক বিজ্ঞাপনের কাজ। এরপর বিজ্ঞাপন সংস্থা প্রতিষ্ঠা করে নতুন একটি ওয়েবসাইট খোলেন তিনি। এখান থেকে মাসে অন্তত ৩০০ মিলিয়ন বিজ্ঞাপন ছড়িয়ে যায় ইন্টারনেট ও আইফোনে। সেসব বিজ্ঞাপনে কেউ ক্লিক করামাত্র টাকা চলে আসে ওয়েনসের নামে। এরই মধ্যে এই ব্যবসা থেকে পাওয়া গেছে পাঁচ লাখ পাউন্ড। উইলিয়াম হিলের মতো বড় বড় কোম্পানি এখন তার সেবা গ্রহণ করে। দুটি প্রতিষ্ঠানের হর্তাকর্তা তিনি নিজে। এর সদর দপ্তর তার ঘরে কম্পিউটারের সামনের জায়গাটুকু। এখানে তিনি আবার চাকরিও দিয়েছে আটজনকে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বাস করা কর্মীরা সবাই বয়সে তার চেয়ে বড়। তারা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে নানাভাবে সাহায্য করে তাকে। স্কুল শেষে ও সপ্তাহান্তে অবসর পেলে তিনি বসে যান ব্যবসার কাজে। তার ৪৩ বছর বয়সী মাকেও তিনি কাজ দিয়েছেন তার কোম্পানিতে। সামনের বছরে দুটো শাখা খোলার পরিকল্পনা আছে তার। ব্যবসা নিয়ে কেউ কথা বলতে এলে বেশ ভারিক্কিভাব চলে আসে তার মধ্যে। নাকের ওপর চশমাটা পেছনে ঠেলে আরও শক্ত করে বসিয়ে নেন। তখন ভবিষ্যত্ পরিকল্পনা জানতে চাইলে তিনি জানান, ‘১০ বছর পরে কেমন থাকব তা জানি না, কিন্তু ১০০ মিলিয়ন আয় না করা পর্যন্ত থামছি না।’ তিনি চান তার ছেলেবেলার নায়ক স্টিভ জবসের মতো তার নামও সবার মুখে মুখে ছড়িয়ে পড়ুক। অবশ্য বন্ধুদের পাশে পেলে এসব কপট গাম্ভীর্য খসে পড়ে তার মুখ থেকে। ব্যবসা নিয়ে একটা কথাও তোলেন না তখন।