সফলতার সাথে এগিয়ে চলা বিদ্যাপীঠ
প্রকাশ : ১৭ মে ২০১৩, ১৮:২৬
খুব সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠা একটি শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। রূপকথার গল্পের মতো এক স্বপ্নময় সাফল্য যার প্রতি পদক্ষেপে। দেশের সর্ববৃহত্ শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা—অধ্যক্ষ কর্নেল নুরন্ নবী (অব.)। তিনি ফৌজদারহাট এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজেও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্নেল নুরন্ নবী (অব.) রাজউক উত্তরা মডেল কলেজের প্রাক্তন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। যা তার কর্মজীবনের এক স্বর্ণময় সৃষ্টির নাম। আমরা হয়তো অনেকেই জানি না, আজকের দেশসেরা রাজউক উত্তরা মডেল কলেজ প্রতিষ্ঠার পেছনে রয়েছে অধ্যক্ষ নুরন্ নবীর অসীম ত্যাগ আর ঘামঝরানো অনেকটা সময়। মূলত এই প্রাজ্ঞজনের হাত ধরেই রাজউক কলেজ শ্রেষ্ঠত্বের সূচনা করে। মাইলস্টোন কলেজ প্রতিষ্ঠার পর কর্নেল নুরন্ নবী বেশ ক’বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করলেও বর্তমানে উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠানটিকে সর্বোতভাবে সেবা দিয়ে আসছেন। ইতোমধ্যে, মাইলস্টোন কলেজটি ২০০৮ সালে ঢাকা শিক্ষাবোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠনের স্বীকৃতি বয়ে আনতে সক্ষম হয়েছে।
এসএসসি ও এইচএসসি :এই কলেজের বর্তমান থেকে বিগত বছরগুলোর এসএসসি এবং এইচএসসির ফলাফল বিশ্লেষণে দেখা যায় প্রতিটি বোর্ড পরীক্ষায় মাইলস্টোন থেকে পাসের হার ছিল শতভাগ থেকে ৯৯%-এর উপরে। এ বছর অর্থাত্ ২০১৩ সালে প্রকাশিত এসএসসির ফলাফলে ঢাকা বোর্ডের অধীনে শতভাগ পাসসহ মাইলস্টোন কলেজ দশম স্থান অর্জন করে। বাংলা ও ইংরেজি মাধ্যমে ৭৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭৪ জন জিপিএ-৫ এবং ২৭০ জন ‘এ’ গ্রেড অর্জন করে। জিপিএ-৫ অর্জনের হার ৬৪%। তথ্যমতে, ২০১২ সালে বাংলা ও ইংরেজি মাধ্যমে ৭০৬ জন ছাত্রছাত্রী মাইলস্টোন থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাসের হার ছিল ১০০%। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পায় ৩৩৮ জন। ২০১২ সালে মাইলস্টোন থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১৬৫০ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এবং ১৬৫০ জনই পাস করে। পাসকৃতদের মধ্যে ৭১৪ জন জিপিএ-৫, ৮৭৫ জন ‘এ’ গ্রেড অর্জন করে। ২০১১ সালে ৫২৫ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় দেয় এবং পাসের হার ছিল ১০০%। পাসকৃতদের মধ্যে ২২৭ জন জিপিএ-৫, ২৯২ জন ‘এ’ গ্রেড অর্জন করে। ২০১১ সালে মাইলস্টোন কলেজ থেকে ২০৮১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এবং শতভাগ পাস করে। যা ঢাকা শিক্ষাবোর্ডসহ সমগ্র দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নিয়ে শতভাগ পাসের এক অনন্য রেকর্ড। পাসকৃতদের মধ্যে ৬২৩ জন জিপিএ-৫, ১৩৮১ জন ‘এ’ গ্রেড অর্জন করেছিল। ২০১০ সালে মাইলস্টোন থেকে এসএসসি এবং এইচএসসিতে পাসের হার ছিল যথাক্রমে ৯৯% এবং ৯৯.৫৫%। ২০০৯ সালে কলেজটি পরপর দু’বার বোর্ডের মেধা তালিকায় স্থান লাভ করে। ২০০৯ সালে প্রকাশিত এসএসসির ফলাফলে ১০০% পাস ও জিপিএ অর্জনের ভিত্তিতে ঢাকা বোর্ডে ৫ম স্থান এবং সমগ্র দেশের বিবেচনায় সেরা ৬ষ্ঠ কলেজের সম্মান লাভ করে। ২০০৯ সালে এইচএসসির ফলাফলেও ঢাকা বোর্ডের মেধা তালিকায় জিপিএ-৫ অর্জনের ভিত্তিতে ১০ম স্থান অর্জন করে মাইলস্টোন। এ ছাড়াও ২০০৮ সালে মাইলস্টোন কলেজ থেকে এসএসসিতে পাসের হার ছিল ১০০% এবং এইচএসসিতে ৯৯.৮%।
বিশ্বায়নের এই সময়ে যথার্থ শিক্ষার জন্য যা প্রয়োজন তার সবই আছে মাইলস্টোনে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি ও ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ-উপাধ্যক্ষদের সমন্বয়ে গঠিত মানসম্মত শিক্ষাপর্ষদ, সর্বপ্রকার সহ-শিক্ষা কার্যক্রম, সার্বক্ষণিক নিজস্ব নিরাপত্তা, ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পরিকল্পিত ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা ক্যাম্পাস বিল্ডিং ও আলাদা হোস্টেল সুবিধা; যাতে সার্বক্ষণিক নিরাপত্তাসহ হোস্টেল সুপার ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীদের একজন আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে সহায়তা করা হয়।