পরিবেশ দূষণ : তের প্রতিষ্ঠানকে ৫৪ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে ১৩টি প্রতিষ্ঠানকে ৫৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ত্রুটিপূর্ণ তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে টাঙ্গাইলের মির্জাপুরের সাউথ ইস্ট টেক্সটাইল লিমিটেডকে ৯ লাখ ২১ হাজার টাকা, একই এলাকার ঝলমল টেক্সটাইলকে ২ লাখ, সালাউদ্দিন আহমেদ টেক্সটাইলকে ১৬ লাখ, সুমি ডাইংকে ২ লাখ, গৌরী ডাইংকে ১০ লাখ, মিতা ডাইং অ্যান্ড প্রিন্টিংকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানার উত্পাদন কার্যক্রম পরিচালনার দায়ে ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের আল্লাহর দান ড্রাই অ্যান্ড ওয়াশিংকে ১ লাখ, সোনালী ওয়াশিং অ্যান্ড ডাইংকে ২ লাখ, গ্রীনল্যান্ড ওয়াশিং প্লান্টকে ১ লাখ, পরিবেশ ছাড়পত্র নবায়ন ছাড়া বহুতল ভবন নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য রাজধানীর পান্থপথের মেট্রো হোমস লিমিটেডকে ২ লাখ, গ্যাস্ট্রো লিভার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটকে ২ লাখ ও ধানমন্ডির রূপায়ন খান প্লাজাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে ধানমন্ডি আবাসিক এলাকায় শব্দদূষণের দায়ে এমজি প্রোপার্টিজ লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ আলমগীর বলেন, গত বৃহস্পতিবার অধিদপ্তর নিয়মিত অভিযান চালিয়ে এই জরিমানা নির্ধারণ করে। এই অভিযানের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে অধিদপ্তর। তবে শুধু পরিবেশ অধিদপ্তরের পক্ষে দূষণ বন্ধ করা সম্ভব নয়, এর জন্য শিল্পোদ্যোক্তা ও জনগণকে সচেতন হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।