চার সিটি নির্বাচনে ইসির ব্যয় হবে দুই কোটি টাকা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:২০
রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা খাতে নির্বাচন কমিশনের (ইসি) ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৮৯ হাজার ৩শ’ টাকা। এ টাকা আদায় করতে অর্থ বিভাগে চিঠি পাঠাচ্ছে কমিশন। কমিশনের প্রস্তাবিত নির্বাচন পরিচালনা খাতের এই ব্যয় আরও বাড়তে পারে। মূলত চার সিটিতে (আইন-শৃঙ্খলার খাত বাদে) মোট ৩৬টি খাতে এসব অর্থ ব্যয় হবে। এ প্রসঙ্গে ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে জানান, চার সিটির নির্বাচন পরিচালনা ব্যয় গত নির্বাচনের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হচ্ছে।’
২০১২-১৩ অর্থ-বছরের বাজেটে জাতীয় সংসদের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকারের অধীনে সব (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ) মেয়াদোত্তীর্ণ ও শূন্য উপ-নির্বাচনের নির্বাচন পরিচালনা খাতের জন্য মোট ৬৮ কোটি ৪ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ পায় কমিশন। এরইমধ্যে বিভিন্ন নির্বাচনে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হয়েছে। এখনো কমিশনের হাতে রয়েছে ৫৮ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৫৬৯ টাকা। কমিশন এই টাকা থেকে চার সিটির নির্বাচনী পরিচালনা খাতের জন্য ২ কোটি ৮৯ হাজার ৩শ’ টাকা চেয়ে সমপরিমাণ বরাদ্দ ছাড় করতে অর্থ বিভাগকে প্রস্তাব পাঠাচ্ছে। তবে নির্বাচনী পরিচালনা খাতের এই বরাদ্দের তিন গুণ বেশি ব্যয় হয় আইন-শৃঙ্খলা খাতে। চার সিটিতে এ খাতে কি পরিমাণ অর্থ বরাদ্দ চাওয়া হবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়। নির্বাচন পরিচালনাসহ অন্যান্য খাতের প্রস্তাবিত বরাদ্দে অর্থ কাটছাঁট হলেও আইন-শৃঙ্খলা খাতের বরাদ্দে এ সুযোগ নেই। ২৯ এপ্রিল রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট এ চার সিটির তফসিল ঘোষণা করে কমিশন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন। সর্বশেষ এ চারটি সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালের ৪ আগস্ট।