ধানমন্ডি মাঠ সবার জন্য উন্মুক্ত রাখার দাবি
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:২১
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ধানমন্ডি মাঠকে বাণিজ্যিকভাবে ব্যবহার না করে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে নগরবাসী। একইসঙ্গে খেলারমাঠ ও পার্কগুলো রক্ষার জন্য স্থানীয় বাসিন্দাদের নিয়ে নাগরিক কমিটি গঠনেরও দাবি জানান তারা। শুক্রবার ধানমন্ডি খেলার মাঠের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তারা এসব দাবি জানান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), গ্রীন ভয়েস, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ব্লু প¬্যানেট ইনিসিয়েটিভ, সিডাস, সিটিজেন রাইটস মুভমেন্ট, সুন্দর জীবন, সেবা, পিস, উন্নয়ন ধারা ট্রাস্ট এর যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, ধানমন্ডি মাঠ রক্ষায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা সিটি কর্পোরেশন আপিল দায়ের করেছে। অন্যদিকে বিভিন্ন মহলও মাঠটিকে ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। খেলার মাঠে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত রাখার আইনগত এবং সামাজিক দায়িত্বের কথা ভুলে গিয়ে কিছু স্বার্থান্বেষী মহল এই অধিকার থেকে জনসাধারণকে বঞ্চিত করছে। সামাজিক পরিবেশ সমুন্নত রাখার জন্য খেলার মাঠকে বাণিজ্যিকীকরণ না করে শুধুমাত্র খেলাধুলার ব্যবস্থা ও স্থানীয় বাসিন্দাদের ব্যবহারের সুযোগ নিশ্চিত রাখার দাবি জানান নগরবাসী। সমাবেশে বাপা’র সহ-সভাপতি অধ্যাপক কাজী সালেহ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. মো: আব্দুল মতিন, শরীফ জামিল, এডভোকেট খন্দকার শাহরিয়ার শাকির, এম সিরাজুল ইসলাম মোল্ল¬া, ডাঃ মোঃ নূরুদ্দিন, তুষার রেহমান ও ইমরুল কায়েস রানা প্রমুখ।