সংকট আরও গভীর হচ্ছে
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:২৪
স্পট ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটারদের গ্রেপ্তারের পর যারা ভেবেছিলেন, ঘটনা এখানেই শেষ; তারা হতাশ হতে পারেন। দৃশ্যত মনে হচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এই কেলেঙ্কারিপর্ব শুরু হল মাত্র। বুধবার তিন ক্রিকেটার (আসলে চার ক্রিকেটার) গ্রেপ্তারের পর ঘটনা যেভাবে এগোচ্ছে, তাতে আরও অনেক রুইকাতলা এই ব্যাপারে জড়িয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আপাতত অন্যদের কথা যেমন তেমন; গ্রেপ্তার হওয়া চার ক্রিকেটারের দুর্ভোগ কিছুতেই কমছে না।
বৃহস্পতিবারই আদালতে তোলার পর এই চার ক্রিকেটার ও ছয় বাজিকরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে নয়াদিল্লীর সাকেত আদালত; রিমান্ডে ক্রিকেটাররা দোষ স্বীকার করে নিয়েছেন বলেই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এই রিমান্ড চলা অবস্থায় জামিনের আবেদন আর গ্রহণ করবেন না আদালত। একই সঙ্গে দিল্লী পুলিশ জানিয়েছে, তারা এই অভিযুক্তদের বিপক্ষে জামিন -অযোগ্য কিছু ধারায়ও মামলা করবেন। ফলে এদের আপাতত দীর্ঘ কারাবাস একরকম নিশ্চিত।
এদিকে আদালতের সিদ্ধান্ত যাই হোক, খুবই কঠোর অবস্থানে যাওয়ারই ইঙ্গিত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা গতকালই এই বিষয় নিয়ে আলোচনা করতে এক জরুরী বৈঠকে বসেছে। সেই সঙ্গে গতকাল রাতে আইসিসি দুর্নীতি দমন ইউনিটের ভারতীয় প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসার কথা বিসিসিআইয়ের। সেই বৈঠক শেষেই সংশ্লিষ্ট সব ক্রিকেটারকে আজীবন নিষেধাজ্ঞা দিয়ে দেয়া হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
রিমান্ডে জিজ্ঞাসাবাদের শুরুতেই শ্রীশান্থ নিজের দোষ কবুল করে নিয়েছেন এবং ‘বিরাট ভুল’ করেছেন বলে নাকি বলেছেন। এ ছাড়া চাভান ‘আরও দুইজন বিশেষ খেলোয়াড়’-এর নাম বলে দিয়েছেন। যাদেরও গ্রেপ্তার করা হবে বলে মনে করা হচ্ছে। সংবাদ মাধ্যমের অনুমান—এরা হলেন আজিঙ্কা রাহানে ও ব্র্যাড হজ!
গত বুধবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেলা শেষে টিম হোটেল থেকে গ্রেপ্তার করা হয় রাজস্থান রয়্যালসের দুই ক্রিকেটার অজিত চান্দিলা ও অনিকেত চাভানকে। এছাড়া কার্টার রোডের এক বন্ধুর বাড়ি থেকে রাজস্থানেরই পেসার, সাবেক ভারতীয় টেস্ট ক্রিকেটার শ্রীশান্থকেও গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে দিল্লীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ বাজিকরকে গ্রেপ্তার করে দিল্লী পুলিশের এই বিশেষ দল।
এদের সবার বিপক্ষে অভিযোগ, তারা বড় অংকের টাকার বিনিময়ে স্পট ফিক্সিং করেছেন। দিল্লী পুলিশ এক সংবাদ সম্মেলন করে ফিক্সিংয়ের চরিত্র, কবে করা হয়েছে, কতো অর্থের বিনিময়ে; এসব প্রকাশ করে। সেই সঙ্গে জানানো হয়, এই অভিযোগের স্বপক্ষে পুলিশের হাতে ‘শত শত ফোন কল রেকর্ডিং’ আছে।
কিন্তু পুলিশের এই দাবিকে আগাগোড়া মিথ্যে বলে দাবি করেছেন শ্রীশান্থের আইনজীবী দীপক প্রকাশ। তিনি বলেছেন, আদালত চাওয়ার পরও পুলিশ কোনোরকম প্রমাণ দাখিল করতে ব্যর্থ হয়েছে, ‘আমরা তাদের প্রশ্ন করেছিলাম, আপনাদের কাছে এইসব অভিযোগের স্বপক্ষে কী প্রমাণ আছে? ওনারা কোনো উত্তর দেননি। আদালতে তারা কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। আমি আপনাদের নিশ্চিত করে বলছি—শ্রীশান্থ পুরোপুরি নির্দোষ। পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, কোনো রেকর্ডিং নেই।’
কিন্তু আদালত প্রকাশের এই কথায় সন্তুষ্ট বলে মনে হচ্ছে না। কারণ একই শুনানিতে সব ক্রিকেটার ও বাজিকরেরই রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশ সূত্রগুলো থেকে খবর নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, রিমান্ডে পুলিশ ‘ভালো’ সব তথ্যও পাচ্ছে। যার ভিত্তিতে ইতিমধ্যে চেন্নাই ও মুম্বাইয়ের আরও কিছু গোপন জায়গায় পুলিশ রাতে অভিযান চালিয়েছে বলে জানা গেছে। চেন্নাইতে তামিলনাড়ু পুলিশ ৬ জন বাজিকরকে গ্রেপ্তার করেছে এবং ১৪ লাখ রুপী উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে। এদিকে দিল্লী পুলিশের মোট বাজিকর গ্রেপ্তার ১৩ বা এর বেশি বলেও খবর প্রকাশ হয়েছে।
জি নিউজের একটি সূত্র দাবি করছে, রিমান্ডে শ্রীশান্থ ইতিমধ্যে তার দোষ কবুল করে নিয়েছেন! এবং তিনি অনেক তথ্যও দিয়েছেন বলে জানিয়েছে সূত্রটি। একই রকম পুলিশের চাপের মুখে ভেঙে পড়ে সবকিছু নাকি বলে দিয়েছেন চাভানও।
এদিকে বাজিকর হিসেবে গ্রেপ্তার হওয়া অমিত সিং সম্পর্কে খোঁজ নিতে গিয়ে আবিষ্কার হয়েছে, তিনিও আসলে ক্রিকেটার। গত মৌসুমেও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। গুজরাটের হয়ে গত মৌসুমেও রঞ্জি খেলেছেন এই অমিত সিং! আর এই অমিতের কাছ থেকে রাজস্থানের আরও কয়েক জন ক্রিকেটার সম্পর্কেও তথ্য পাওয়া যাচ্ছে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে গুঞ্জন রটে গেছে রাজস্থানে ব্র্যাড হজ ও আজিঙ্কা রাহানেও গ্রেপ্তার হতে পারেন!
দিল্লী পুলিশের জয়েন্ট কমিশনার একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, খেলোয়াড়রা অনেকেই অপরাধ স্বীকার করেছে। তিনি এও নিশ্চিত করেছেন, আরও বেশকিছু ক্রিকেটার গ্রেপ্তার হবেন।
একই সঙ্গে আরও কিছু আইপিএল দলের খেলোয়াড় পুলিশের নজরদারিতে আছেন বলে এক ধরনের আতঙ্কও তৈরি হয়েছে বিভিন্ন দলে।
এক নজরে
এ পর্যন্ত শ্রীশান্থসহ গ্রেপ্তার মোট চার ক্রিকেটার
নজরে আছেন ব্র্যাড হজ ও আজিঙ্কা রাহানে?
আজীবন নিষিদ্ধ হবেন ক্রিকেটাররা! জরুরী বৈঠকে বিসিসিআই
আলাদা সেলে থাকা শ্রীশান্থ দোষ স্বীকার করে নিয়েছেন
চাভান বলে দিয়েছেন আরও জড়িত কয়েক ক্রিকেটারের নাম
লোলিত মোদী বলেছেন, তিনি আগেই সতর্ক করেছিলেন—স্পট ফিক্সিং চলছে
রাহুল দ্রাবিড় ও শিল্পা শেঠীকে জিজ্ঞাসাবাদে ডাকা হবে
তামিলনাড়ুতে গ্রেপ্তার ৬ বাজিকর
দিল্লী পুলিশ আরও বিস্তৃত তত্পরতায় যাচ্ছে বলে বলেছেন পুলিশ কমিশনার
বাজিকর হিসেবে গ্রেপ্তার হওয়া অমিত সিং সাবেক রাজস্থান ক্রিকেটার
টাকা এসেছে দুবাই থেকে। বাকীদের দলে ভিড়িয়েছেন শ্রীশান্থ
আইপিএলের প্রথম আসর থেকেই চলছে বাজির খেলা—বলছেন জয়েন্ট কমিশনার
দিল্লী পুলিশ দাবি করছে, তারা আইপিএলের এই বেটিং চক্রটিকে সমূলে ধরে ফেলতে পেরেছে। চক্রের অন্যতম সঞ্চালক পাওয়ান অরোরা গ্রেপ্তার।
জড়িত থাকতে পারেন কয়েকজন সাবেক ক্রিকেটার; এমনকি আইপিএলের কয়েকজন কর্মকর্তাও!
চান্দিলার আইনজীবী দাবি করেছেন, তার মক্কেলের ওপর ‘আন্ডারওয়ার্ল্ডের হুমকি’ ছিল। তারপরও চান্দিলা জড়িত নন বলে দাবি আইনজীবীর।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দুর্নীতি দমন বিভাগ কথা বলছে শন টেইটের সঙ্গে। যদিও শন টেইট জড়িত নয় বলে জানিয়েছে দিল্লী পুলিশ।
আইপিএলের পাশ থেকে স্পন্সরদের সরে যাওয়ার আশঙ্কা সংবাদ মাধ্যমে।