চ্যাম্পিয়ন হয়েই বিদায় নিতে চেয়েছিলাম
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:২৫
চারটি ভিন্ন দেশে জয় করেছেন লিগ শিরোপা। ক্যারিয়ারে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান, প্যারিস সেইন্ট জার্মেইনের মতো ক্লাবে। মাঠ থেকে মাঠের বাইরে সব জায়গাতেই সমান আলোচিত ছিলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। জাতীয় দলের হয়ে রেকর্ড ১১৫টি ম্যাচ খেলা ৩৮ বছর বয়সী এই তারকা গত বৃহস্পতিবার সব ধরনের ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন। অবসর নিয়ে একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাত্কারের চুম্বক অংশ দেয়া হলো এখানে।
প্রশ্ন: মাত্রই ফুটবলকে অবসর জানালেন। হঠাত্ এই সিদ্ধান্ত কেন?
বেকহ্যাম: অনেককেই যখন সামনে থেকে অবসর নিতে দেখেছি, তখন আমি তাদের কাছে জানতে চাইতাম। তারা বলতো, ‘অবসরের সময় হলে তুমি নিজেই বুঝতে পারবে।’ আমার মতে সেই সময়টা আমার জন্য এসে গেছে। আমি অবসর নিতে প্রস্তুত। সত্যি কথা বলতে এটা আমার জন্য অনেক কঠিন সিদ্ধান্ত ছিল। গত শেষ মাস ধরে আমি নিয়মিত খেলছি, আর আমি জানি এখনও আমার খেলার সামর্থ্য আছে। মন থেকে সব সময়ই চাইতাম ভালো ফর্মে থাকা অবস্থাতেই বিদায় জানাবো। আট মাস আগে আমাকে অবসরের কথা বললেও কোন সম্ভাবনা ছিল না। এরপর পিএসজিতে আসার সুযোগ পেয়েছি। ফ্রেঞ্চ কাপ আর লিগ শিরোপা জয়ের পর এখন মনে হচ্ছে এটাই আদর্শ সময়।
প্রশ্ন: অবসর নেয়ার জন্য এটাই আদর্শ সময়—এটা মনে হচ্ছে? না বুঝতে পারছেন?
বেকহ্যাম: খেলাটাকে আমি অনেক ভালোবাসি। আসলে আমি জানি না... কেমন একটা অনুভূতি। আমি বিশ্বাস করি এটাই আদর্শ সময়। কিন্তু সব সময়ই মনে হয় আমি এর থেকেও ভালো খেলতে পারি।
প্রশ্ন: সেই ভাবনাটা কি করে এল?
বেকহ্যাম: হয়তো যখন নিজেদের মাঠে আমি দৌড়ে মেসির সাথে পেরে উঠলাম না! না, আসলে আমি জানি না... যেসব ক্লাবের হয়ে আমি খেলেছি, ক্লাবে যাদেরকে সতীর্থ হিসেবে পেয়েছি, যেসব শিরোপা জয় করেছি সব মিলিয়ে ক্যারিয়ার শেষ করার সময়ে এসে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। শেষ বছর মেজর লিগ সকারে খেললাম, চ্যাম্পিয়নশিপ জিতলাম। পিএসজিতে এসে আবার ফরাসী লিগের শিরোপা— শেষটা বেশ ভালোই হলো বলা যায়।
প্রশ্ন: সব সময় আপনি শিরোপা জয়ের মধ্যেই ছিলেন। ইউনাইটেডের হয়ে লিগ শিরোপা জয়, মাদ্রিদের ক্যারিয়ার, শেষ বছর এলএ গ্যালাক্সিতেও তাই। শেষ কয়েক সপ্তাহ তাহলে শিরোপা জয় নিয়ে অনেক ভেবেছেন। পিএসজির হয়ে শিরোপা জয় আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল...
বেকহ্যাম: সেরা ফর্মে থাকতেই বিদায় জানানোর স্বপ্ন প্রায় সব খেলোয়াড়েরই থাকে। সবাই চায় একটি শিরোপা দিয়ে শেষ বলতে। অধিকাংশের স্বপ্নই বাস্তবে রূপ পায় না। কিন্তু আমি ভাগ্যবান। ইউনাইটেড ছাড়ার সময়ও আমরা লিগ শিরোপা জয়ী দল ছিলাম। মাদ্রিদ ছাড়ার সময়ও লিগ শিরোপা আমার হাতে ছিল। আর আপনি যেমনটা বললেন এলএ গ্যালাক্সিতে দুই বছর কাটিয়ে সেখানকার চ্যাম্পিয়নশিপ জয়। এরপর এখানে এসেও ট্রফিতে হাত বোলানোর সুযোগ পাওয়া—এসব অনুভূতি সত্যিই অসাধারণ। অনেক বছর পর যখন সমর্থকরা আমাকে মনে করবে তখন তাদের মনে এই ব্যাপারগুলোই কাজ করবে। সহজ হিসাব - আমি চ্যাম্পিয়ন হিসেবে বিদায় নিচ্ছি, আর তাই এরচেয়ে আদর্শ সময় নেই বলেই আমার মনে হচ্ছে।
প্রশ্ন: একজন মানুষ, না গত ২২ বছরে আপনার অর্জন? কিভাবে আপনি স্মরণীয় হয়ে থাকতে চান?
বেকহ্যাম: একজন পরিশ্রমী ফুটবলার, যার খেলাটির প্রতি একাগ্রতা ছিল আর যে নিজের সর্বোচ্চটা দেয়ার লক্ষ্য নিয়েই সব সময় মাঠে নামতো - আমি চাই এভাবেই সমর্থকরা আমাকে মনে রাখুক। কারণ, ক্যারিয়ারের পুরোটা আমি এভাবেই পার করেছি, পিছনে ফিরে তাকালে নিজের ক্যারিয়ারকে আমি এভাবেই দেখতে পাই। আমি জানি, ফুটবল ছাড়াও আমার অন্য ব্যাপারগুলোতেও সমর্থকরা আগ্রহী ছিল। হয়তো অনেক সময় সব কিছুর চাপে ফুটবলে মাঠে এবং মাঠের বাইরে আমার অর্জনটাই গৌণ হয়ে গিয়েছিল। ব্যাপারগুলো যে আমাকে ভাবাতো না তা নয়। দিন শেষে আমি বিশ্বের সেরা কতগুলো ক্লাবে বিশ্বসেরা কয়েকজন তারকার সাথে খেলা একজন ফুটবলার। বিশ্বসেরা কোচদের অধীনে আমি খেলেছি, আর ফটবলে আমার অর্জনটাও কম নয়। আর এসব মিলিয়ে মানুষ যখন আমার ফুটবলার পরিচয় বাদ দিয়ে অন্য কিছু নিয়ে প্রশ্ন করে, তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। ক্যারিয়ার শেষে এসে আমি শুধু একটা কথাই বলতে চাই—আমি যে ক্লাবগুলোতে খেলেছি, তাদের হয়ে যা অর্জন সম্ভব তার সবটাই করেছি। দুইবার বর্ষসেরা ফুটবলারের তালিকায় দ্বিতীয় হয়েছি। সব মিলিয়ে তাই আমি গর্বিত।