জয়ে শেষ চান ফার্গুসন!
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:২৫
তার অধীনে রেড ডেভিলরা খেলেছে ১৫০০টি ম্যাচ! অবিশ্বাস্য এক রেকর্ড। আর কোচ হিসাবে নিজের শেষ ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না কোচ ফার্গি। ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়ী কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন আগামীকাল রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন।
ইউনাইটেডের কোচ হিসাবে একটি বিরল কৃতিত্বও গড়তে যাচ্ছেন এই স্কটিশ। ইউনাইটেড তার অধীনে কাল ১৫০০তম ম্যাচ খেলতে যাচ্ছে। সম্প্রতি প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে ইউনাইটেড। গত সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে আবেগঘন বিদায় নিয়েছেন ফার্গুসন। যে ম্যাচটিতে ইউনাইটেড সোয়ানসি সিটিকে হারিয়ে দিয়েছিল। এখন এই সপ্তাহে বিদায়ী ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবতে চান না ফার্গুসন।
ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হচ্ছে কাল। চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার লড়াই ছাড়া গুরুত্বপূর্ণ আর তেমন কিছু নেই। ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব নিশ্চিত করে ফেলেছে। তৃতীয় স্থানে থাকা চেলসি পয়েন্ট টেবিলে চার নম্বরের মধ্যেই থাকছে এটা নিশ্চিত। আর্সেনাল ও টটেনহ্যামের এখন শীর্ষ চারে থাকার লড়াই। আর্সেনাল কাল নিউ ক্যাসলের এবং টটেনহ্যাম সান্ডারল্যান্ডের মোকাবেলা করবে। টটেনহ্যাম থেকে চতুর্থ স্থানে থাকা আর্সেনাল এক পয়েন্টে এগিয়ে রয়েছে।
শুধু ফার্গুসনেরই বিদায়ী ম্যাচ নয় এটি; অভিজ্ঞ মিডফিল্ডার পল স্কোলসেরও শেষ ম্যাচ। আশা করা হচ্ছে তিনি খেলবেন শেষ ম্যাচে।
ইউনাইটেডে প্রায় ২৭ বছর কাটিয়েছেন ফার্গুসন। ৭১ বছর বয়স্ক এই কোচ খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন শেষ ম্যাচের ব্যাপারে। তিনি বলেন, ‘রবিবারের ম্যাচটিতে আমাদের জয় জরুরি। আমরা নিজেদের মাঠে শেষ ম্যাচ জিতেছি এবং আমি আমার শেষ ম্যাচে হারতে চাই না এটা নিশ্চিত।’
এভারটনের সাথে ১১ বছরের সম্পর্ক শেষ করে ডেভিড মোয়েস ইউনাইটেডের কোচ হয়ে আসছেন আগামী মৌসুমে। আগামীকাল এভারটনকে শেষবারের মত নেতৃত্ব দেবেন তিনি। এভারটনের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লিগ শিরোপা জয়ী চেলসি।
আগামীকাল বেশকিছু তারকা খেলোয়াড়ও বিদায় জানাবেন। এভারটনের অধিনায়ক ফিল নেভিলের শেষ ম্যাচ ক্লাবের হয়ে। সাবেক ইউনাইটেডের তারকা মাইকেল ওয়েন স্টোক সিটিতেই অবসর নিচ্ছেন। লিভারপুলের জেমি ক্যারাগেরও আর থাকছেন না কালকের পর।