লর্ডসের ২০০ বছর
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:২৬
ক্রিকেট-তীর্থ লর্ডসের দ্বিশতবার্ষিকী আগামী বছর। সারা বিশ্বের ক্রিকেটভক্তদের জন্যই অসামান্য এক উপলক্ষ এটা। তাই উপলক্ষটাকে সরণীয় করে রাখারই উদ্যোগ নিয়েছে লর্ডসের মালিক সংস্থা ও ক্রিকেট আইন প্রণেতা সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। লর্ডসে এই উপলক্ষে দু’টি প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। যাতে তারকাখচিত এমসিসি একাদশের মুখোমুখি হবে বিশ্ব একাদশ।
১৯৮৭ সালে এমসিসি তাদের নিজেদের দ্বিশতবার্ষিকী উপলক্ষেও আয়োজন করেছিল একটি পাঁচ দিনের ম্যাচ। তখনকার ক্রিকেটের জীবন্ত কিংবদন্তিরা; সুনীল গাভাস্কার, কপিল দেব, ইমরান খান, অ্যালান বোর্ডার, ম্যালকম মার্শালরা খেলেছিলেন সেই ম্যাচে। আর তাদের মালিকানাধীন লর্ডস স্টেডিয়ামের ইতিহাসের এই বিরল মুহূর্তটাকে আরো সরণীয় করে রাখতে এবারও তারা হাজির করছে ক্রিকেটের মহারথীদের। ক্লাবটি গত বুধবার জানায়, আগামী বছর তারকাখচিত এই ম্যাচে তাদের নির্বাচিত একাদশের মুখোমুখি হবে বিশ্বের সেরা ক্রিকেটারদের নিয়ে গঠিত একটি দল। খেলাটি হবে পঞ্চাশ ওভারের। তবে ম্যাচের তারিখ এখনো নির্ধারিত হয়নি।
এছাড়া অন্য ম্যাচটিতে এমসিসি মহিলা একাদশ মুখোমুখি হবে মহিলা বিশ্ব একাদশের। এ ম্যাচটি সরণীয় হয়ে থাকবে আরো একটি কারণে। কারণ এই ম্যাচের মাধ্যমেই এমসিসি মহিলা দল প্রথমবারের মতো লর্ডসের মূল মাঠে খেলতে যাচ্ছে।
১৮১৪ সালের ২২ জুন এমসিসি বনাম হার্টফোর্ডশায়ার ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ‘হোম অফ ক্রিকেট’ নামে পরিচিত লর্ডস স্টেডিয়ামটি। আর আগামী বছরের ২২ জুন স্টেডিয়ামটির দ্বিশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সেই ম্যাচটিকে সরণ করতে মুখোমুখি হবে ঐ দু’দল।
এখানেই শেষ হচ্ছে না আয়োজন। বর্ণাঢ্য এই আয়োজনে সর্বসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে পুরো স্টেডিয়ামই সেদিন সবার জন্য উন্মুক্ত থাকছে। উত্তর লন্ডনের এই স্টেডিয়ামেই রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো ক্রীড়া জাদুঘর। চাইলে ক্রিকেটানুরাগীরা ঘুরে দেখতে পারবেন সেটাও। এমসিসি প্রেসিডেন্ট মাইক গ্রিফিথ বলেন, ‘লর্ডস ঐতিহাসিক একটা মাঠ। আর এই মাঠের ২০০তম জন্মদিনটাকে আমরা যত বেশি সংখ্যক মানুষের সঙ্গে সম্ভব উদযাপন করতে চাই। আমরা হয়তো অতীতটাকেই বেশি করে সরণ করবো তবে নতুন অনেক কিছুই আছে যেগুলো উদযাপনের উপলক্ষ হতে পারে। এমসিসি বনাম বিশ্ব মহিলা একাদশের ম্যাচটি লর্ডসের জন্যও বিশেষ একটা দিন। আর যারা আগে কখনো মাঠটা দেখেননি তাদের জন্য ২২ জুন স্টেডিয়ামের দরজা খোলা থাকবে।’