ঘূর্ণিঝড় পরবর্তী মোকাবিলা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:৫৮
ঘূর্ণিঝড় মহাসেনের অবসান হইয়াছে, আমরাও অনেকাংশে স্বস্তি পাইয়াছি। যে করাল থাবা লইয়া মহাসেন আঘাত হানিতে উদ্যত ছিল, তাহা আমাদের বিস্তীর্ণ উপকূল লণ্ডভণ্ড করিয়া দিতে পারিত। নানাবিধ প্রস্তুতির পরও প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হইতে পারিত ব্যাপক। কিন্তু তাহা হয় নাই, মহাআতঙ্ক কাটিয়াছে। তবে তাহার পরও উপকূল অতিক্রম করিবার সময় ‘দুর্বল’ মহাসেন যতটুকু আঁচড় দিয়া গিয়াছে, তাহা নেহাত্ নগণ্য নহে। সেই ক্ষতটুকু এইবার সরকারকে মেরামত করিতে হইবে এতটুকু অবহেলার অবকাশ না রাখিয়া।
এমনিতেই আমাদের সময় এখন ভালো যাইতেছে না। রাজনৈতিক অস্থিরতার সমান্তরালে পোশাক শিল্প খাত ও বিবিধ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বিপাক লাগিয়াই রহিয়াছে। সব মিলিয়া এক অস্থির-অনিশ্চিত পাথরসময়ের অন্ধকূপের গহীনে যেন আমরা হারাইয়া যাইতেছি, দিশা আসিতেছে না কিছুতেই। এই নিষ্ঠুর সময়ে মহাসেন ‘শক্তি’ লইয়াই আঘাত হানিতে আসিতেছিল আমাদের দিকেই। তাহা যদি শেষ মুহূর্তে তুলনামূলক ‘দুর্বল’ভাবে অবতীর্ণ না হইত এবং তাহাতে যে প্রাণ ও সম্পদহানি হইতে পারিত—তাহা সব অর্থেই ‘বিপদ’ নামক বোঝার উপর নূতন শাকের আঁটি যুক্ত করিত। এমন আশঙ্কার কথা এই কারণে উচ্চারণ করিতেছি যে, মহাসেন ছিল ‘ক্যাটেগরি-১’ মাত্রার ঘূর্ণিঝড়। এমন মাত্রার ঘূর্ণিঝড় ছিল ‘নার্গিস’—যাহা ২০০৮ সালে মিয়ানমারে আঘাত হানিয়াছিল পূর্ণ শক্তিতে। তাহাতে শুধু মানুষেরই মৃত্যু হইয়াছিল কয়েক লাখ, সম্পদহানির কোনো ইয়ত্তা ছিল না। তাহার পরও মহাসেন আঘাত হানায় মোট ১৮ জনের নিহত হইবার খবর পাওয়া গিয়াছে। ফসল ও সম্পদেরও ক্ষতি হইয়াছে প্রভূত।
আমাদের উপকূলবর্তী অঞ্চলের মানুষ অসম সাহসী হইলেও প্রকৃতির রোষানলে তাহারা বারংবার বিপন্ন হয়। ২০০৭ সালে ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতের দুই বত্সরের মাথায় ২০০৯ সালে ২৫ মে আঘাত হানিয়াছিল আইলা। সরকারি তথ্য মতে, সিডরে প্রায় সাড়ে তিন হাজার ও আইলায় সাড়ে তিন শত মানুষের প্রাণহানি হইয়াছিল, গৃহহীন ও সম্পদহানির পরিমাণ ছিল অপরিমেয়। আশঙ্কার কথা হইল, এই দুই ঘূর্ণিঝড়ের ক্ষত মোটামুটিভাবে শুকাইতেই কয়েক বত্সর লাগিয়া গিয়াছিল। সুতরাং উপকূলীয় মানুষের উদ্যমের ও সাহসের পাশে সরকার যদি সাহায্যের হাত বাড়াইয়া না দেয় তবে প্রতিবার কি করিয়া তাহারা মাথা উঁচু করিয়া উঠিয়া দাঁড়াইবে?
তবে মহাসেনের সম্ভাব্য আঘাত ও বিপর্যয়ের বিপরীতে সরকারের প্রস্তুতি একেবারের নিরাশাব্যঞ্জক ছিল না। ঝড়ের পূর্বেই বিপদাপন্ন প্রায় দশ লাখের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেন বিভিন্ন সাইক্লোন শেল্টারে। ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার তত্পরতা চালাইতে নৌবাহিনীর ২২টি জাহাজ ও বিমান বাহিনীর ১৯টি হেলিকপ্টার প্রস্তুত রাখা হইয়াছিল। আশ্রয় কেন্দ্রগুলিতে এক হাজার তিন শত ২৭টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হইয়াছিল। প্রস্তুতি রাখিয়াছিল রেড ক্রিসেন্টেরও প্রায় সাড়ে ৪২ হাজার প্রশিক্ষিত উদ্ধারকর্মী। বড় ধরনের বিপর্যয়ে এই প্রস্তুতি ‘পর্যাপ্ত’ না হইলেও এইবার আমরা পার পাইয়াছি। প্রস্তুতি যে সার্বিকভাবে বৃদ্ধি করিতে হইবে তাহার সচেতনতা সরকারকে, শুধু বিপর্যয়ের পূর্বমুহূর্তে নয়, সবসময় রাখিতে হইবে। উপকূলীয় এলাকায় গড়ে সোয়া ছয় হাজার মানুষের জন্য একটি মাত্র সাইক্লোন শেল্টার রহিয়াছে। প্রতিটি শেল্টারে গড়ে এক হাজার হইতে সর্বোচ্চ ১২ শত মানুষ আশ্রয় লইতে পারেন। বিপদাপন্ন বাকি পাঁচ হাজার মানুষ নিজেদের উদ্যেগেই বাঁচিবার চেষ্টা করেন। তাহাছাড়া প্রায় পৌনে দুই হাজার সাইক্লোন শেল্টারের বৃহত্ একটি অংশ সংস্কারের অভাবে অকেজো হইয়া পড়িতেছে। নূতন আশ্রয় কেন্দ্র নির্মাণ ও পুরাতনগুলির সংস্কার করিয়া উপকূলবর্তী মানুষের প্রাণহানি রোধ করিবার কাজটিতে সরকারকে সর্বাধিক গুরুত্ব দিতে হইবে।
ঘূর্ণিঝড় গিয়াছে, কিন্তু রাখিয়া গিয়াছে তাহার নানাবিধ বিপর্যয়ের চিহ্ন। এই বিপর্যয় মোকাবিলায় সরকার যত বেশি যত্নবান হইবে তত তাড়াতাড়ি এইসব দীন-অসহায়-আশ্রয়হীন মানুষ তাহাদের ক্ষয়ক্ষতি সামলাইয়া নূতন করিয়া জীবন-জীবিকা শুরু করিতে পারিবে।