দিবস
আন্তর্জাতিক জাদুঘর দিবস
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:৫৮
আজ ১৮ মে, ২০১৩ আন্তর্জাতিক জাদুঘর দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। এ বছর আন্তর্জাতিক জাদুঘর দিবসের শ্লোগান- “সমাজ পরিবর্তনে জাদুঘর।” এতদাঞ্চলে জাদুঘর কখন কোথায় কিভাবে প্রথম প্রতিষ্ঠিত হলো সে বিষয়ে পাঠকদের অবহিত করা দরকার। বাংলায় জাদুঘরের ধারণা এসেছে ব্রিটিশদের মাধ্যমে। শুধু বাংলায় কেন, গোটা ভারত উপমহাদেশে জাদুঘরের ইতিহাসের সূচনা ১৭৯৬ সালের দিকে। ভারতীয় এশিয়াটিক সোসাইটির সদস্যগণ এই উদ্যোগ প্রসারের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন। তারা জাতিতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক, ভূতাত্ত্বিক এবং প্রাণীবিষয়ক নমুনা সংগহ ও সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ এবং প্রদর্শনের ব্যাপারে উদ্যোগী হন। লর্ড ওয়ারেন হেস্টিংস, যিনি এশিয়াটিক সোসাটির পৃষ্ঠপোষক ছিলেন, তিনি কলকাতার পার্কস্ট্রিটে একখণ্ড জমির ব্যবস্থা করেন এবং ১৮০৮ সালে এই ভবন নির্মাণ শেষ হয়। এই প্রক্রিয়ায় ১৮১৪ সালে উপমহাদেশের প্রথম জাদুঘর ‘এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম’-এর জন্ম ও প্রতিষ্ঠা হয়।
১৯১০ সালের এপ্রিলে দীঘাপতিয়া রাজপরিবারের সার্বিক পৃষ্ঠপোষকতায় শরত্কুমার রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’ হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর। ইতিহাস চর্চা একটি জাতির এগিয়ে চলার পরিচায়ক। ইতিহাস অতীতকে তুলে ধরে। ইতিহাস তা মানুষেরই ইতিহাস। এর নেপথ্যে সঞ্চালক তো মানুষই। মহাকালের মানুষ জীবন্ত হয়ে ওঠে তার রেখে যাওয়া বস্তু সংস্কৃতির মাঝে। অতীত ও বর্তমানের সেতুবন্ধন হচ্ছে জাদুঘর। বিভিন্ন ক্যাটাগরির জাদুঘর রয়েছে আমাদের দেশেও। জাতিতাত্ত্বিক, প্রাকৃতিক, বিজ্ঞান ও সংস্কৃতি সংরক্ষণে জাদুঘর ভিন্ন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও এসব জাদুঘরের লক্ষ্য কিন্তু অভিন্ন। তা হলো ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গৌরব বর্তমান ও ভবিষ্যত্ প্রজন্মকে অবহিত করা এবং এর লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে জনগণকে সমন্বিত করা। কীর্তিমানদের বর্ণাঢ্য জীবন ও কর্মের উজ্জ্বল স্মৃতি ধরে রাখার জন্য যেসব জাদুঘর গড়ে উঠেছে এগুলোর বিশেষ এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মূল্য থাকে। বাংলাদেশে এই বৈশিষ্ট্যের কয়েকটি জাদুঘর সরকারি ও বেসরকারিভাবে প্রতিষ্ঠা লাভ করেছে বিগত দুই দশকে। যেমন ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর, সিলেটে ওসমানী স্মৃতি জাদুঘর, ময়মনসিংহে নজরুল স্মৃতি জাদুঘর, শিলাইদহে রবীন্দ্র জাদুঘর। সবচেয়ে আশার কথাটি হচ্ছে, এই অঞ্চলে জাদুঘর প্রতিষ্ঠার শতবর্ষে ঢাকা শহরে ব্যক্তিগত উদ্যোগে কিছু উল্লেখযোগ্য জাদুঘর প্রতিষ্ঠা লাভ করেছে বিগত এক দশকে। চলতি বছরে বাংলাদেশ জাতীয় জাদুঘর (১৯১৩-২০১৩) তার শতবর্ষ পালন করছে। ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত জাদুঘরসমূহের মধ্যে উল্লেখযোগ্য বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর (ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়িতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত), মুক্তিযুদ্ধ জাদুঘর (ঢাকার সেগুনবাগিচায় ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত), বাঙালিসমগ্র জাদুঘর (ঢাকার এলিফ্যান্ট রোডে ২০০৪ সালে প্রতিষ্ঠিত), জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর (২০০৭ সালে এলিফ্যান্ট রোডে শহীদ জননীর বাড়ির একটি ফ্লোরে স্থাপিত)। ঢাকার এলিফ্যান্ট রোডে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত বাঙালি সমগ্র জাদুঘর সম্পর্কে পাঠকদের এবারে কিছু জানাতে চাই। ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি মহান ভাষা আন্দেলনের বায়ান্নতম বছর বাঙালির ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ধারাকে সমৃদ্ধ করতে যে সকল কীর্তিমান বাঙালি বিশেষ অবদান রেখেছেন তাদের সৃষ্টি ও কর্ম সংগ্রহ, সংরক্ষণ ও স্থায়ী প্রদর্শনের লক্ষ্যে ২৩৫/২ এলিফ্যান্ট রোডস্থ খায়ের ম্যানশন ভবনে এই জাদুঘর তার যাত্রা শুরু করে।
ঢাকার এলিফ্যান্ট রোডে দুই হাজার বর্গফুট স্থানে বাঙালিসমগ্র জাদুঘর তার সামগ্রিক কাজকর্মের পূর্ণতা দানে সক্ষম নয়। বাঙালিসমগ্র এখনও সমগ্র বাঙালির অংশ মাত্র হয়ে আছে, একে সমগ্রে পরিণত করার দায়িত্ব সকলের।
লেখক :নির্বাহী পরিচালক, বাঙালিসমগ্র জাদুঘর