নুসরাত হত্যায় ব্যবহৃত কেরোসিনের গ্লাস উদ্ধার

মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফীকে গত ৬ এপ্রিল গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। হত্যায় ব্যবহৃত সেই কেরোসিনের গ্লাস উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

রিমান্ডে থাকা আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবনন্দী অনুযায়ী বুধবার রাতে শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন ও যোবায়ের আহম্মদকে সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাযিল মাদরাসায় নিয়ে যাওয়া হয়। 

পরে আসামিদের বর্ণনা অনুযায়ী ওই মাদরাসার প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অধ্যক্ষের দফতরের সামনের ওয়াল কেবিনেটের ভেতর থেকে গ্লাসটি মামলার আলামত হিসেবে জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পরিদর্শক মো. মোনায়েম হোসেন ও পরিদর্শক লুৎফুর রহমান। 

এদিকে তদন্ত কর্মকর্তা শাহ্ আলম জানান, উক্ত তিন আসামিকে মামলার অধিকতর তদন্তের স্বার্থে আদালতে হাজির করে রিমান্ড প্রার্থনা করা হয়। পরে আদালত প্রত্যেকের আরও একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: পাংশায় ভেজাল গুড়ের কারখানা সিলগালা, ২৫০ মণ ধ্বংস  

এই হত্যা মামলার এজহারে থাকা আটজনসহ মোট ২১ জনকে গ্রেফতার করেছে পিবিআই। তাদের মধ্যে অন্যতম আসামি মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাসহ নুসরাতের দুই সহপাঠী, ওই মাদরাসার কয়েকজন ছাত্র এবং স্থানীয় আওয়ামী লীগের একজন কাউন্সিলর ও একজন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রয়েছেন। 

অপরদিকে পিবিআইর তদন্তকারী কর্মকর্তা আরও জানান, মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা কারাগারে বসেই নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার নির্দেশনা দিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

ইত্তেফাক/অনি