তাহার অস্বস্তিতেই সব স্পষ্ট হয়

তৃতীয় বিশ্বের দেশ হিসাবে স্বস্তিতে থাকিবার কথা অভিলাষ মাত্র। আর্থ-সামাজিক রাজনৈতিক পরিস্থিতি লইয়া এইখানে যত অস্বস্তি, তাহা উন্নত দেশের সঙ্গে তুলনা করা হইবে নিরেট বোকামি। কিন্তু ব্যবস্থাপনা দুর্বলতার কারণে যদি অস্বস্তি বাড়িয়া যায়, তাহা হইলে স্বস্তি ফিরিয়া পাইবার বিষয়টিও দূরে সরিয়া যায়। সেই কারণেই আমাদের অর্থমন্ত্রী মহোদয় বেশ দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িয়াছেন। সরকারের মেয়াদ শেষ হইবার প্রাক্কালে তাহার যখন একটি ভাল বাজেট দেওয়ার চেষ্টা করা উচিত; ঠিক তক্ষুণি তিনি বলিলেন, ‘বাজেট নিয়ে অস্বস্তি বোধ করছি। এ পর্যন্ত সাতটি বাজেট দিয়েছি। কোন বাজেট দেয়ার সময় আমি জীবনে এমন বিপর্যয়ের মুখে পড়িনি।’ ইহার মানে হইতেছে দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট এতটাই প্রবল যে, বাজেটের হিসাবনিকাশ মেলানো কঠিন হইতেছে। বিদেশি সাহায্যও ঠিকভাবে আসিতেছে না। পাইপলাইনে পড়িয়া থাকা বিশাল অংকের অর্থও যোগ্যতার অভাবে ব্যবহার করা যাইতেছে না। আর অভ্যন্তরীণ আয়ের কথা যদি বলা হয়, সেই চিত্রও খুব ইতিবাচক নহে। অভ্যন্তরীণ রাজস্ব আদায় পরিস্থিতিও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হইয়াছে। এমতাবস্থায় নূতন বত্সরের জন্য বরাদ্দ বাড়াইতে হইবে। নির্বাচন সামনে, বাস্তবায়নের দায়ভারও পুরাটা তাহার কাঁধে আসে কি না, সেই প্রশ্নও থাকিয়া যায়। আগামীতে নির্বাচন হইবে কি হইবে না, কিংবা হইলেও কাহারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাইবে, সেই বিষয়গুলিও অস্পষ্ট। তিনি নিজেও বলিয়াছেন, আর মন্ত্রী হইবেন না। সুতরাং, এই বারের বাজেটটা যদি তাহার শেষ বাজেটই হইয়া থাকে, তবে অনেক কিছুই না বলিয়া পারা যায় না। এতদিন দায়িত্ব গ্রহণ করিয়া সবকিছুকেই ‘ভাল’ এবং সমালোচনাকে ‘রাবিশ’ বলিতেন তিনি। শেষ দিকে আসিয়া কি এমন পরিস্থিতি দাঁড়াইলো যে, বাজেট প্রণয়ন কঠিন হইয়া গেল। ‘বিপর্যয়’ শব্দটিও তিনি ব্যবহার করিলেন। আবার তিনি ইহাও বলিয়াছেন যে, নূতন বত্সরের বাজেটে নূতন কিছু থাকিবে না। চলতি বত্সরের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখা হইবে। নূতন কিছু যদি না করিতে হয়, তাহা হইলে কঠিন হইবার কি আছে? ইহার মানে কি এই নয় যে, অর্থনীতি খারাপ অবস্থায় আছে। তাহার বক্তব্যেই সব খোলাসা হইয়া যায়। সেই কারণেই বোধ হয় অর্থমন্ত্রী বলিয়াছেন, ‘আগামী বাজেট উচ্চাভিলাষী হবে না। নূতন উদ্যোগ নিব না। তবে কিছু দিকনিদের্শনা থাকবে। কী করেছি আর কি করতে পারি নাই তাও থাকবে।’ অর্থমন্ত্রীর এই বক্তব্য হইতে ইহাও স্পষ্ট যে, আগামী বাজেটে অগ্রাধিকারমূলক খাতে ব্যয় বাড়াইবার বিষয়টি কিংবা বাজেটের কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা হইতে তিনি পিছাইয়া পড়িয়াছেন। তিনি সিদ্ধান্ত লইয়াছেন কোনমতে একটি গতানুগতিক বাজেট ঘোষণা করিয়া দায়িত্ব শেষ করিবার। ইহার নেপথ্য কারণ হইতেছে তিনি অর্থের সংস্থান করিতে পারিতেছেন না। বিশ্বব্যাংকের কাছ হইতেও বাজেট সহায়তা পাইবার আশা তাহার নাই। অতিমাত্রায় স্বঅর্থায়নী প্রকল্প বাস্তবায়ন করিতে গিয়া তাহার ‘অর্থনৈতিক ব্যবস্থাপনা’র বইটিতে ঘুণে ধরিয়া গিয়াছে। অনুকূল নীতিসহায়তা না থাকিবার কারণে বিনিয়োগেও এযাবত্কালের রেকর্ড মন্দা চলিতেছে। আয়ের সহিত ব্যয়ের সংকুলান না হইলে সঞ্চয় করিবার প্রবণতা হ্রাস পাইয়া থাকে। এই খানে অভ্যন্তরীণ সঞ্চয়ের চিত্রও সেই রকম। সঞ্চয় না হইলে বিনিয়োগ হইবে না, বিনিয়োগ না হইলে কর্মসংস্থান হইবে না- এমনটাই স্বাভাবিক। যদিও ঘরে ঘরে কর্মসংস্থান নিশ্চিত করিবার বিষয়টি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ভাল করিয়াই উল্লিখিত রহিয়াছে। অর্থমন্ত্রী মহোদয় সেই দিকগুলি এড়াইয়া যাইবেন কিভাবে- তাহাই হয়তো তাহার অস্বস্তির বড় কারণ। সেই কারণেই আগামী বাজেটে মুখরোচক বক্তব্যের মাধ্যমে সাফল্যের কিছু ফিরিস্তি শোনা যাইবে। কিন্তু শেষ দিকে আসিয়া তিনি যাহা স্বীকার করিলেন, তাহা যদি শুরুতেই অনুধাবন করিয়া প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতেন, তবে আজ এমন বিপর্যয়ের মুখে পড়িতেন না। সামপ্রতিক রাজনৈতিক অস্থিরতাও অর্থনীতিকে গভীর খাদের কিনারে লইয়া যাইবার পিছনে ভূমিকা রাখিয়াছে। তাই জাতীয় অগ্রগতি ত্বরান্বিত করিতে হইলে তলানিতে পড়িয়া যাইবার আগে অর্থনীতির স্বার্থ বিবেচনায় রাখিয়া রাজনীতি পরিচালিত করা হউক, আজকের দিনে ইহাই সকলের প্রত্যাশা।