‘নাকবা দিবস’ ও স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:২৩
এই লইয়া ৬৫ বার ‘নাকবা দিবস’ আসিল, পালন করিল ফিলিস্তিনীরা। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার দিনটিকে ধরিয়া প্রতি বত্সর মে মাসের ১৫ তারিখে ‘নাকবা দিবস’ পালন করে ফিলিস্তিনীরা। ‘নাকবা’ শব্দের অর্থ হইতেছে ‘মহাদুর্বিপাক’। ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠাকে ফিলিস্তিনীরা ‘নাকবা’ হিসাবেই বিবেচনা করিয়া থাকে। অন্যান্যবারের মত এইবারও ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজাতে মিছিল, সমাবেশ, গণসঙ্গীত, ৬৫ সেকেন্ড ধরিয়া সাইরেন বাজাইবার আয়োজনসহ নানাবিধ কর্মকান্ডের মধ্য দিয়ে দিবসটি পালিত হইয়াছে। ইহাছাড়াও এইদিন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করিতে যাইয়া ইসরাইল কর্তৃপক্ষের হাতে আটক হইয়াছে বহু ফিলিস্তিনী। জর্দান, লেবানন, সিরিয়া, মিসরসহ আশেপাশের দেশগুলিতে দশকের পর দশক ধরিয়া গড়িয়া উঠা ফিলিস্তিনী উদ্বাস্তু শিবিরগুলিতে ‘নাকবা দিবস’ পালিত হইয়াছে; নানান স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সহিত সংঘাতের ঘটনাও ঘটিয়াছে। সন্দেহ নাই যে, জাতিসংঘের স্বীকৃতি থাকা সত্ত্বেও ইসরাইলী কর্তৃপক্ষের অনিচ্ছার কারণে স্বাধীন রাষ্ট্র হইতে বঞ্চিত ফিলিস্তিনীরা বিপুল সংখ্যায় রাস্তাতে নামিয়াছে। আন্তর্জাতিক মহলের স্বীকৃতি ও বিশ্ব জনমত পক্ষে রহিয়াছে, শক্তিমান রাষ্ট্রদিগের দৃশ্যমান সহানুভূতিও রহিয়াছে, তথাপি প্রতিষ্ঠিত হইতেছে না স্বাধীন ফিলিস্তিন।
এইবারের ‘নাকবা দিবসে’ গুরুত্বপূর্ণ কয়েকটি বক্তব্য উত্থাপন করিয়াছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিন জানাইয়াছে যে, ১৯৬৭ সালের যুদ্ধে দখলকৃত ভূমির হিসাব বাদ দিয়া ইসরাইলের সহিত শান্তি আলোচনায় সাফল্য আসিবে না। ইহাছাড়াও ইসরাইলী কারাগারে বন্দী নারী, শিশুসহ ১৯৯৩ সালেরও পূর্ব হইতে আটক বন্দীদিগকে মুক্ত করিয়া দিয়া শান্তি প্রক্রিয়ার প্রতি সম্মান জানাইবার আহবান জানানো হইয়াছে। নানান দেশে ছড়াইয়া-ছিটাইয়া থাকা উদ্বাস্তু ফিলিস্তিনীদের ভূমি ফিরাইয়া দিবার জন্যও ইসরাইলের প্রতি আহবান জানানো হইয়াছে। ফিলিস্তিনের এইসব বক্তব্যের প্রত্যুত্তরে ইসরাইল কি জানায়, তাহাই এখন দেখিবার বিষয়। তবে ‘নাকবা দিবসের’ ব্যাপারে ইসরাইল যেই ধরনের কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করিয়াছে তাহা হইতে ফিলিস্তিনীদের দাবি মান্য করা দূরে থাকুক, চার বত্সর ধরিয়া স্থগিত হইয়া থাকা শান্তি আলোচনা পুনরায় শুরু হইবার ব্যাপারেও তেমন কোন আশা দৃষ্ট হইতেছে না। উল্লেখ্য, ‘নাকবা’ পালনকে তাহাদের স্বাধীনতা দিবসের অপমান হিসাবে চিহ্নিত করিয়া থাকে ইসরাইল। ইহাছাড়াও উদ্বাস্তুদের ভূমি ফিরাইয়া দিবার দাবিটির ব্যাপারেও গত দুই দশক ধরিয়া কড়া নেতিবাচক অবস্থান ধরিয়া রাখিয়াছে ইসরাইল।
‘নাকবা দিবস’কে ঘিরিয়া দুই পক্ষে কিছুমাত্রায় বাকযুদ্ধ হইয়াছে, যাহা কয়েকদিনের মধ্যেই আবার থামিয়াও যাইবে। কিন্তু ফিলিস্তিনীদের জীবন যেই তিমিরে আছে সেই তিমিরেই থাকিয়া যাইবে। একদিকে শান্তি আলোচনা বন্ধ হইয়া আছে, অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করিয়া বসতি স্থাপন অব্যাহত রাখিয়াছে ইসরাইল। বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হইবার পরে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার বিষয়ে মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন আশা করা হইয়াছিল। মার্কিন রাজনীতিতে প্রচন্ড প্রভাব বিস্তারকারী জায়নবাদী লবিকে পুরাপুরি চটাইয়া আদৌ ভোট জিতিতে পারিবেন কিনা সেই ভয় ছিল; কিন্তু দ্বিতীয় মেয়াদে তাহার হারাইবার কী আছে? ব্যক্তিগতভাবে ওবামার হারাইবার কিছু না থাকাটাই ছিল আশাবাদী হইবার কারণ। সেই আশাবাদ এখন অবধি পূর্ণ হইবার কোন লক্ষণ দেখা যাইতেছে না। ইসরাইলী নেতৃত্বের সহিত খানিকটা শীতল সম্পর্ক তৈরি করা ব্যতীত ফিলিস্তিনীদের নায্য অধিকারের স্বার্থে এখন অবধি কিছু করিয়া দেখাইতে পারে নাই ওবামা প্রশাসন। অবস্থাদৃষ্টে মনে হইতেছে, পরাশক্তি একদিন কিছু করিয়া দিবে এই দূরাশাতে থাকিলে ফিলিস্তিনীদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন অধরাই থাকিয়া যাইবে।