[ রা জ নী তি ]
তারানকো সাহেব তো বলে গেছেন, তারপর?
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:২৪
আমাদের কৈশোরকালে অবিভক্ত বাংলায় সুনির্মল বসু ছিলেন সবচাইতে বড় ছড়াকার। তার ছড়া শিশু বৃদ্ধ সবাইকে মাতাতো। তার একটি বিখ্যাত ছড়ার নাম ‘সামিয়ানা’। এই ছড়ার গল্পটি হলো, গ্রামের জমিদার বাড়ির কাচারির আঙ্গিনায় একবার সামিয়ানা টানানো হয়েছিল। খবরটি জানাজানি হতেই চারদিক থেকে লোক এসে জমিদার বাড়িতে জড়ো হতে লাগলো। সকলের মধ্যেই জল্পনা-কল্পনা সামিয়ানা কেন টানানো হয়েছে?
সাধারণত কোনো উত্সব বা পালা-পার্বণেই জমিদার বাড়িতে সামিয়ানা টানানো হয়। এবারেও কোনো উত্সব উপলক্ষেই সামিয়ানা খাটানো হয়েছে বলে সকলে ধরে নিলেন। কেউ বললেন, জমিদার বাবুর ছোট কন্যার বিয়ে। কেউ বললেন, না, না এবার পূজার আগেই জমিদার বাড়িতে গানের জলসা হবে। শহর থেকে সব নামজাদা গাইয়েদের আনা হচ্ছে। কেউ বললেন, আরে না, জমিদার বাড়ির বড় গিন্নি কি একটা মানত করেছিলেন, সেই উপলক্ষে কাঙালি ভোজ হবে।
জমিদার বাড়ির প্রাঙ্গণ লোকে লোকারণ্য। সবার মুখেই জল্পনা-কল্পনা। এমন সময় কাচারি ঘর থেকে নায়েব মশাই ধীর পদক্ষেপে বাইরে এলেন। চারদিকে অসংখ্য নর-নারী জড়ো হয়েছে দেখে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি চাও? জনতার মধ্য থেকে রুদ্ধশ্বাস প্রশ্ন- সামিয়ানা খাটানো হয়েছে, এবার জমিদার বাড়িতে কি উত্সব হচ্ছে নায়েব মশাই?
নায়েব মশাই একগাল হেসে বললেন, কোনো উত্সব তো নয়; সামিয়ানাটায় উইপোকা ধরেছে; তাই বাইরে রোদে মেলে দিয়েছি। সুনির্মল বসুর ভাষায় “উই ধরেছে সামিয়ানায় বাইরে রোদে দিয়েছি তাই।” এক কথায় জমিদার বাড়ির আঙ্গিনা খালি হয়ে গিয়েছিল। হতাশ ব্যক্তিরা বলতে লাগলো, আমাদের সঙ্গে রসিকতা করা হলো।
সুনির্মল বসুর এই ছড়াটার কথা মনে পড়লো জাতিসংঘের ডেপুটি কর্তা তারানকো সাহেবের সাড়ম্বরে ঢাকা আগমন, দুই শিবিরের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক, সংলাপের জন্য জোর তাগিদ দেয়া এবং তারপর নিঃশব্দে চলে যাওয়ার খবরটি দেখে। তারানকো সাহেবের হিতোপদেশ বাংলাদেশের দুই নেত্রীকে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সংলাপে বসার জন্য এক পা’ও এগিয়ে দেয়নি। কিন্তু দেশময় একটা ফল্স হোপ তৈরি করেছিল। সকলেই ভাবছিলেন, এবার জাতিসঙ্ঘের কর্তাব্যক্তির মধ্যস্থতায় দু’নেত্রীর মধ্যে একটা সমঝোতার বৈঠক বসবেই।
এই আশাবাদ আরও জোরদার হয়েছিল একটি খবর প্রচারিত হওয়ায়। খবরটি ছিলো, সংলাপে বসতে আওয়ামী লীগ ও বিএনপি দু’পক্ষই রাজি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বিরোধী দলকে আলোচনা-বৈঠকে বসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখতে যাচ্ছেন। এই খবর পাঠ করে এবং চারদিকে আশাবাদের হিড়িক দেখে আমার মতো মানুষও, যে কিনা সংলাপ ও সংলাপের সাফল্য সম্পর্কে আদৌ আশাবাদী নয়, সেই আমিও কিছুটা আশাবাদী হয়ে উঠেছিলাম।
আমারও মনে হয়েছিল, দুই শিবিরই এখন রণক্লান্ত। বেগম খালেদা জিয়া ৪৮ ঘন্টার যে আল্টিমেটাম দিয়েছিলেন, সেই আটচল্লিশ ঘন্টা পার হয়ে আরও বহু আটচল্লিশ ঘন্টা চলে গেছে। রমনার সবচাইতে প্রাচীন গাছটিরও একটি পাতা তাতে পড়েনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিশ্চয়ই চান না, একটার পর একটা প্রাকৃতিক ও জাগতিক দুর্যোগ মোকাবিলা করার সময় বিরোধী দলের সঙ্গে আবশ্যক অথবা অনাবশ্যক শক্তি পরীক্ষায় মেতে থাকতে। সুতরাং একটু ক্রেডিবিলিটি আছে, এমন কেউ ডাক দিলে হয়তো দু’নেত্রীই মুখরক্ষার একটা উপায় পাবেন এবং সংলাপে বসতে রাজি হবেন। এই সংলাপ দ্বারা দেশের মূল রাজনৈতিক সমস্যাগুলোর কোনো স্থায়ী সমাধান হবে তা আমি মনে করি না। তবে আসন্ন সাধারণ নির্বাচন সকলের অংশগ্রহণে যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় তার একটা পন্থা উদ্ভাবিত হবে আশা করেছিলাম।
এখন সেই আশাতেও ছাই পড়েছে। তারানকো সাহেব ঢাকায় এসে দুই পক্ষকেই সংলাপের অমৃতবাণী শুনিয়ে বিদায় নিয়েছেন। তারপর আওয়ামী লীগও আর সংলাপে বসার জন্য বিরোধী দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখেনি এবং বিএনপিও এই ব্যাপারে এগিয়ে আসার কোনো লক্ষণ দেখাচ্ছে না। ফলে পরিস্থিতি যথাপূর্বং তথা। তারানকো সাহেবের ঢাকা আগমনে যারা আশাবাদী হয়েছিলেন তাদের অবস্থা সুনির্মল বসুর ছড়ার জমিদার বাড়িতে আগত প্রজাদের মতো।
মাঝখানে বিএনপি’র অন্যতম শীর্ষ নেতা ব্যারিস্টার মওদুদও কারো কারো মনে আশার সঞ্চার করেছিলেন। শুক্রবার (১৭মে) এক বন্ধু আমাকে জানালেন, মওদুদ আহমদ নাকি বলেছেন, বিএনপি পার্লামেন্টের আসন্ন বৈঠকে যাচ্ছে এবং নির্বাচনেও যাবে। খবরটা শুনে একটু বিস্মিত হয়েছিলাম। কারণ, প্রধানমন্ত্রী সাফ সাফ বলে দিয়েছিলেন, বিরোধী দল সংলাপে রাজি হলে সংসদে এসে কথা বলুক। এটা হার্ড লাইনের কথা। অর্থাত্ আওয়ামী লীগ হার্ড লাইনে ফিরে গেছে মনে হয়। তাহলে মওদুদ সাহেবেরা কি সরকারের এই হার্ড লাইন মেনে নিয়ে সংসদে ফিরে যাওয়া ও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন? অনলাইনের খবরেও বিএনপি’র নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার কথাটি দেখলাম না। তবে তারা সংসদের আগামী বৈঠকে যাবেন সে কথা বলা হয়েছে। অর্থাত্ বিএনপি নির্বাচনে যাবে একথা বলা হয়নি। মওদুদ বলেছেন, তারা সংসদে যাচ্ছেন।
মওদুদ সাহেবের এই কথায় উত্সাহী হওয়ার কিছু নেই। যদিও তিনি বলেছেন সরকারের ডাকে নয়, জাতির বৃহত্তর স্বার্থে তারা সংসদে যাবেন। আসলে জাতির স্বার্থ নয়, নিজেদের স্বার্থেই তারা এবার সংসদে যাবেন। নইলে সংবিধানের নিয়ম অনুযায়ী তাদের সদস্যপদ থাকবে না এবং মাসের পর মাস, বছরের পর বছর সংসদে জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন না করেও এমনভাবে বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নেওয়া চলবে না। সংসদ সদস্য পদটি জনগণের চাকরি করার শামিল। বিভিন্ন অজুহাতে এই চাকরি না করে বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নেওয়ার নজির সভ্য দুনিয়ায় আর কোথাও আছে কি? এবার সংসদ অধিবেশনে যোগ দিয়ে সদস্যপদ রক্ষার স্বার্থে কেবল হাজিরা দেখিয়ে মওদুদ সাহেবেরা যদি আবার সংসদ বর্জন শুরু না করেন, তাহলেই মাত্র বলা যাবে, তারা জাতির স্বার্থে সংসদে ফিরে এসেছেন।
এখন প্রশ্ন, তারপর কি? সরকারের সঙ্গে তিন তিন রাউন্ডের খেলায় পরাজিত বিএনপি রণক্লান্ত। কিন্তু এখনো রণে ভঙ্গ দেয়নি। দম নিচ্ছে এবং নতুন করে রণপ্রস্তুতি নিচ্ছে। বিএনপি’র বর্তমানে যে সাংগঠনিক অবস্থা, অর্থাত্ হরতালের ডাক দিয়েও নেতা-কর্মীদের আর আগের মতো পাওয়া যায় না, তাতে নতুন করে হাঙ্গামা সৃষ্টির কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না, কিংবা দাবি আদায় করাও যাবে না।
অন্যদিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস সৃষ্টির একটানা কর্মসূচিগুলোকে আওয়ামী লীগ সরকার এ পর্যন্ত ব্যর্থ করতে পারলেও দলটির সাংগঠনিক শক্তি ভালো নয়। সরকার যুদ্ধ জয় করেছেন বটে, তবে তা প্রশাসনিক শক্তি দ্বারা। সাংগঠনিক শক্তি দ্বারা নয়। বিএনপি-জামায়াতের কর্মসূচির পক্ষে জনসমর্থন না থাকায় সরকার প্রশাসনিক শক্তি দ্বারা হেফাজতের বিশাল অবরোধ কর্মসূচিও ব্যর্থ করে দিতে পেরেছেন। কিন্তু এই কর্মসূচির পেছনে জনসমর্থন থাকলে কেবল প্রশাসনিক শক্তি দ্বারা তা ব্যর্থ করা যেতো না।
সুতরাং অপ্রত্যাশিত যুদ্ধজয়ের আত্মসন্তোষে মগ্ন না থেকে সাময়িক যুদ্ধবিরতির (lull period) সময়টুকুতে আওয়ামী লীগের উচিত সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। দলটিকে পুনর্গঠিত করা। ছাত্রলীগকে সন্ত্রাসীমুক্ত করা এবং যুবলীগকে দুর্নীতিমুক্ত করা। আওয়ামী লীগের একটি বিরাটসংখ্যক সংসদ সদস্য এখন জনবিচ্ছিন্ন। নিজেদের নির্বাচন এলাকায় যেতেও ভয় পান। কোথাও কোথাও এরা জামায়াতিদের সাথে চুটিয়ে ব্যবসা-বাণিজ্য করছেন। বহু এলাকায় এরা জামায়াতিদের প্রোটেক্টর। আওয়ামী লীগ হাই কম্যান্ডের উচিত, এদের একটি তালিকা প্রস্তুত করা। আগামী নির্বাচনে এরা যাতে কিছুতেই দলের মনোনয়ন না পায়, বরং এলাকাবাসীর অনুমোদনপ্রাপ্ত সত্ ও যোগ্য প্রার্থী মনোনয়ন পায়, তার নিশ্চিত ব্যবস্থা করা। এবার যেন অর্থ ও প্রতিপত্তির জোরে কেউ মনোনয়ন না পায়, শেখ হাসিনা অন্তত এইটুকু নিশ্চিত করুন।
সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেলে, জনমত আওয়ামী লীগের পেছনে আরও সুসংগঠিত হলে নির্বাচন পদ্ধতির প্রশ্নে বিরোধী দলের সঙ্গে আলোচনার ব্যাপারে আওয়ামী লীগ বর্তমান হার্ডলাইন থেকে সরে এসে কিছুটা নমনীয় ভূমিকা গ্রহণ করতে পারবেন। শেখ হাসিনার নেতৃত্বে বিরোধী দলেরও সদস্য নিয়ে গঠিত একটি অন্তর্বর্তীকালীন মন্ত্রী পরিষদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনেও বিএনপি যাবে না এই গোঁ বেশিদিন তারা ধরে রাখতে পারবে না। নিজেদের অস্তিত্বের প্রশ্নেই এই গোঁ তাদের ছাড়তে হবে।
১৯৪৬ সালে ভারত ভাগের প্রাক্বালে দিল্লিতে যে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়ছিলো, তাতে জওয়াহেরলাল নেহেরুর নেতৃত্ব মেনে নিতে মুসলিম লীগ প্রথমে রজি ছিল না। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী পদটিও মুসলিম লীগকে দেয়া না হলে তারা অন্তর্বর্তী সরকারে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছিলো। পরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেহেরুকে দিয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদটির উপর দাবিও প্রত্যাহার করে মুসলিম লীগ ভারতের অন্তর্বর্তী সরকারে যোগ দেয়।
বর্তমানেও আওয়ামী লীগ যদি তার পুনর্গঠিত সাংগঠনিক শক্তির উপর দাঁড়িয়ে দেশের ছোট-বড় অন্যান্য রাজনৈতিক দলগুলোর মনে এই আস্থা সৃষ্টি করতে পারেন যে, আগেকার ব্যর্থ ও দূষিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দ্বারা নয়, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিরোধীদলের সমন্বয়ে গঠিত একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন দ্বারা আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, তাহলে বিএনপি এখন যতোই গোঁ ধরুক, তাকে নির্বাচনে আসতেই হবে। নইলে তার অস্তিত্বের সংকট দেখা দেবে।
এমনিতেই বিএনপির সাংগঠনিক শক্তি বলতে কিছু নেই। দলের প্রতিষ্ঠাকালীন কিছু জনপ্রিয় নেতাকে দল থেকে সরে যেতে বাধ্য করে, জামায়াতের উপর নির্ভর করে যে কোনো সফল আন্দোলন করা যায় না, বিএনপি-নেত্রী এবার সেটা টের পেয়েছেন। জামায়াতের উপর নির্ভরতা বাড়িয়ে হেফাজতিদের কাঁধে ভর করে তিনি যে সম্মুখ সমরে নেমেছিলেন তাতেও ব্যর্থ হয়েছেন। প্রমাণিত হয়েছে, জনসমর্থন ছাড়া কোনো অপশক্তির উপর নির্ভর করে আন্দোলনে, সংগ্রামে সফল হওয়া যায় না।
সাম্প্রতিক ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে বিএনপি যদি আবার সন্ত্রাসী কর্মসূচিসহ জামায়াতকে দোসর করে সরকারের পতন ঘটানোর আন্দোলনে নামে, তাহলে চরম ভুল করবে। যতোদূর জানি, বিএনপি’তে বর্তমানে গভীর অন্তর্দ্বন্দ্ব চলছে। এই অন্তর্দ্বন্দ্ব ঠেকাতে না পারলে নির্বাচনে যোগদানের প্রশ্নেই দলটিতে ভাঙন ধরতে পারে। খালেদা-তারেকের নেতৃত্ব দলের ভেতর থেকেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। বিদ্রোহী বিএনপি গ্রুপ পাল্টা বিএনপি গঠনের ঘোষণা দিতে পারে। ডা. বদরুদ্দোজা চৌধুরী, ব্যারিস্টার নাজমুল হুদা, শেখ রাজ্জাক আলী প্রমুখ দলের প্রবীণ সাবেক নেতারা ঐক্যবদ্ধ হয়ে এমন অবস্থান নিতে পারেন। যা বিএনপির জন্য শুভ ফল দেবে না।
যে জামায়াতের উপর বিএনপির এতো নির্ভরতা, সেই জামায়াত যদি রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনের আগে নিষিদ্ধ ঘোষিত হয়, কিংবা তারেক রহমান বিভিন্ন দুর্নীতির মামলায় কোনটিতে দোষী সাব্যস্ত হয়ে নির্বাচনে অংশ গ্রহণের জন্য অযোগ্য ঘোষিত হন, তাহলে খালেদা-নেতৃত্বের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। তার শরীর ও স্বাস্থ্য কি তাকে আরও কঠোর আন্দোলনের নেতৃত্বদানের ধকল সামলাতে সাহায্য করবে?
তার বদলে খালেদা জিয়াও যদি নমনীয় হন, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে তাদের দাবি শতভাগ মানার গোঁ ত্যাগ করে এবং জামায়াতের রাজনৈতিক এজেন্ডাগুলো (যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা) থেকে সরে এসে কেবল মাত্র একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে সরকারের সঙ্গে কোনো পূর্ব শর্ত না দিয়ে আলোচনায় বসতে রাজি হন, তাহলেই মাত্র দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর হতে পারে এবং দেশ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। এ ক্ষেত্রে একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকেও আওয়ামী লীগের দরকার। মানুষের যেমন দুই পা, তেমনি দুই পা গণতন্ত্রেরও। একটি পা সরকার, অন্য পা বিরোধীদল। এই দু’টিকে ছাড়া গণতন্ত্র এগিয়ে যেতে পারে না।
\ লণ্ডন ১৮ মে শনিবার, ২০১৩ \