পুলিশ পরিচয়ে ছিনতাই লুট ত্রাস সৃষ্টি, গ্রেফতার ৩

রাজধানীতে মধ্যরাতে ডিবি পুলিশ বেশে ডাকাতির সময় তিন ডাকাতকে হাতেনাতে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চলের থানা-পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: সোহেল, সদরুল আলম ও সোহাগ মিয়া। এ সময় তাদের কাছ থেকে নতুন মডেলের একটি হাইএস গাড়ি, ওয়্যারলেস, ওয়াকিটকি, সাইরেন, তিন ব্যাগ ভর্তি টাকা, অস্ত্র, চাপাতি, রামদা জব্দ করা হয়েছে। এ ডাকাতদলকে ধরতে গিয়ে গুরুতর আহত হন মহাখালি বাস টার্মিনাল ফাঁড়ির এএসআই মফিজুল ইসলাম। এ সময় তিনি রাতে টহলরত অবস্থায় ছিলেন। ডাকাত দল তার দুহাত ও বাম পা আঘাত করে জখম করে। এ ছাড়া ডাকাতদল তাকে একা পেয়ে মারধরও করে। এ ডাকাত দল ফিলিং স্টেশন, চিনি বোঝাই ট্রাক ও একটি পরিবহন কাউন্টার লুট করেছে বলে ভিডিও ফুটেজ থেকে পুলিশ নিশ্চিত হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার গভীর রাত থেকে ডিবি বেশে ১২ সদস্যের এ ডাকাতদল নগরীতে ত্রাস সৃষ্টি করে। তারা প্রথমে রাত ১টা ৩০ মিনিটে একটি গাড়িতে চড়ে কাওরানবাজার ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই করে। এ সময় পুলিশের সোর্স লিটন, ব্যবসায়ী, মামুন, আলামিন ও শফিককে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনিয়ে নেয়। লিটনের অবস্থা আশঙ্কাজনক। তিনি মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন আছেন। এদিকে রমনা এলাকায় ডিবি বেশে পেট্রোল পাম্প লুট করেছে এ ডাকাত দল। এরপর নগরী জুড়ে ১২ সদস্যের ডাকাত দলকে হাতেনাতে ধরার জন্য মাঠে নামে আইন-শৃঙ্খলাবাহিনী। এ সময় শোনা যায় মহাখালি বাস টার্মিনালে তিন ব্যাগ ভর্তি টাকা, একটি কালো হাইএস গাড়ি ও ডিবি পুলিশের ব্যবহারিক জিনিসপত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ প্রসঙ্গে তেজগাঁও থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, এ ডাকাত দলটি ডিবি পরিচয় দিয়ে সারা ঢাকা শহরে ত্রাস সৃষ্টি করেছে। একই দিনে তারা কাওরানবাজারে ৪ ব্যবসায়ী ও পুলিশের সোর্সকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে। এ ছাড়াও তারা মগবাজার মোড়ে আনুদ্বীপ ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে ১ লাখ ৭৭ হাজার টাকা লুটে নেয়। সর্বশেষ আমাদের একজন এএসআইকে হাতে পায়ে আঘাত করে আহত করেছে। এ বিষয়ে এর আগে আমরা নগরীর সবগুলো প্রশাসনকে অবহিত করি। কারণ তারা ডিবি ও পুলিশের অফিসারের পরিচয় দিয়ে ডাকাতি করেছে। তাদের কাছ থেকে আমরা একটি কালো রঙের নতুন হাইএস গাড়ি, সিগনাল বাতি, ওয়ারলেস, ওয়াকিটকি ও আইন-শৃঙ্খলাবাহনীর ব্যবহারযোগ্য জিনিস আটক করি। এ ছাড়া তাদের কাছ থেকে তিন ব্যাগ ভর্তি টাকাও জব্দ করা হয়।