জাল পাসপোর্টধারী রোহিঙ্গাসহ গ্রেফতার ৬
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:৪০
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার পাঁচটি জাল পাসপোর্টসহ ৬জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা। জব্দ করা জাল পাসপোর্টের মধ্যে একটি মেশিন রিডেবল পাসপোর্টও রয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন যশোরের শার্শার মো. তাহাজ্জুদ, রোহিঙ্গা নাগরিক মো. জায়ান আলম, টাঙ্গাইলের সখিপুরের মো. আজিজ, একই জেলার কালিহাতির মো. শিহাব, সিরাজগঞ্জের শাহজাদপুরের মো. শাহজাদ। এপিবিএন জানিয়েছে, আটক হওয়া অপর ব্যক্তি জহিরুল ইসলাম একজন দালাল। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।
এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার জানান, জহিরুল ইসলাম ছাড়া বাকি পাঁচজনের শনিবার মালয়েশীয় এয়ারলাইনসের একটি বিমানে কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের বিমানবন্দরে আটক করা হয়। গ্রেফতারকৃত তাহাজ্জুদের জাল পাসপোর্টটি মেশিন রিডেবল। তিনি নিজেকে আকবর ফকির হিসেবে পরিচয় দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন গ্রেফতারকৃতদের বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এপিবিএন।