সিএনজি অটোরিকশা মালিকদের মানববন্ধন

সিএনজি অটোরিক্সার মেয়াদ বৃদ্ধিসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিক্সা ব্যবসায়ী-মালিক সমিতি। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সমিতির সভাপতি আলহাজ্ব বরকত উল্লাহ বুলু বলেন, এর আগে আমরা আমাদের দাবি নিয়ে যোগাযোগ মন্ত্রীর সাথে আলোচনা করেছি। তিনি আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ ৯ মাসেও তা পূরণ হয়নি। এছাড়া আগামী বাজেটে সিএনজি অটোরিক্সার যাবতীয় যন্ত্রাংশের মূল্য হ্রাস করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এরমধ্যে রয়েছে ২৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল সহকারে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ২৬ ও ২৭ মে ৪৮ ঘন্টার লাগাতার ধর্মঘট।