জুলাই থেকে ইট পোড়ানো হবে নতুন পদ্ধতিতে

পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী ১ জুলাই থেকে আর বাংলাদেশে সনাতন পদ্ধতিতে ইট তৈরি করা হবে না। আধুনিক পরিবেশ বান্ধব পদ্ধতিতে ইট পোড়ানো হবে। এতে ৫০ ভাগ জ্বালানি সাশ্রয় হবে। রক্ষা পাবে ৬০ ভাগ পরিবেশ দূষণ। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ১৩তম আন্তঃদেশীয় মালে ডিক্লারেশন এবং ৭ম আঞ্চলিক স্টকহোল্ডার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরিবেশ মন্ত্রী আরো বলেন, বিশ্বের যে কোনো স্থানে বাতাস দূষণ হয় স্থানীয় কারণে। আর এর প্রভাব পড়ে বিশ্বব্যাপী। তাই আমরা ইট ভাটার মাধ্যমে বাতাস দূষণ একেবারেই বন্ধ করার উদ্যোগ নিয়েছি। বর্তমানে যে পদ্ধতিতে ইট তৈরি করা হয়। তা বাদ দেয়ার সময় ছিল মে মাস পর্যন্ত। এই সময় আরো এক মাস বাড়িয়ে জুন পর্যন্ত করা হয়েছে। ১ জুলাই থেকে ঝিঁকঝ্যাক পদ্ধতি বা নতুন প্রযুক্তি ব্যবহার করে ইট তৈরি করতে হবে। বৈঠকে উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ সচিব শফিকুর রহমান ভুঁইয়া, ড. খলিকুজ্জামান আহমেদ, ড. জুনাথেনসহ সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দক্ষিণ এশিয়ার এক দেশের সাথে অন্য দেশের সহযোগিতা, বাতাসের দূষণ কমাতে যৌথ উদ্যোগ এবং পরিবেশের নিরাপত্তা রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশসহ ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা বৈঠকে যোগ দিয়েছেন। আজ রবিবার সম্মেলন শেষ হবে। ২০০৬ সাল থেকে বাতাস দূষণ কমাতে এই বৈঠক শুরু হয়। প্রতিবছর এক এক দেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।