এএফসি মহিলা ফুটবলের বাছাই পর্ব
আয়োজনে প্রস্তুত বাংলাদেশ
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:৫২
খেলাগুলো
২১ মে
ইরান-ফিলিপাইন বাংলাদেশ-থাইল্যান্ড
২৩ মে
ফিলিপাইন-থাইল্যান্ড বাংলাদেশ-ইরান
২৫ মে
থাইল্যান্ড-ইরান, বাংলাদেশ-ফিলিপাইন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০১৪ সালে অনুষ্ঠেয় এএফসি মহিলা এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ‘বি’ গ্রুপের খেলাগুলো আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এছাড়াও সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আয়োজকরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২১ মে থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। ইরান, থাইল্যান্ড, ফিলিপাইন্স ও স্বাগতিক বাংলাদেশের মেয়েরা এ প্রতিযোগিতায় অংশ নেবে। এর মধ্য থেকে কেবল চ্যাম্পিয়ন দল যাবে চূড়ান্ত পর্বে।
টুর্নামেন্টটির জন্যে বাজেট ধরা হয়েছে ৬০ লাখ টাকা। এর মধ্যে এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) অংশগ্রহনকারী চারটি দলের জন্য ১০ হাজার করে ৪০ হাজার ডলার (৩২ লাখ টাকা) দিচ্ছে বাংলাদেশকে । এছাড়াও স্থানীয় পৃষ্ঠপোষক পিত্জা হাট ১৫ লাখ এবং বাফুফে ১৩ লাখ টাকা দিচ্ছে। টুর্নামেন্টের প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। গতকাল শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাফুফের মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন,‘আমাদের মেয়েরা মনোবল দিক থেকে এগিয়ে আছে। তারা কয়েকদিন আগে কলকাতায় গিয়ে তিনটি প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেছে। সেখানে তারা দু’টিতে জয় এবং একটিতে ড্র করেছে। ’
বাফুফে ভবনে এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগ, মিডিয়া ও মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার আশিকুর রহমান হাবিব রাব্বি এবং পৃষ্ঠপোষক পিত্জা হাট প্রতিষ্ঠানের এরিয়া কোচ রুপন প্রসন্ন ঠাকুর ।
রুপন প্রসন্ন ঠাকুর বলেন,‘আমরা বাংলাদেশ মহিলা দলের সঙ্গে যুক্ত হয়ে আনন্দ বোধ করছি।আশা করি তারা দেশের জন্যে একটি ভালো ফল উপহার দিবে।’ প্রতিযেগিতায় অংশ নিতে সবার আগে ঢাকায় উপস্থিত হয়েছে ইরান মহিলা দল। গতকাল শনিবার রাতে ঢাকায় এসে পৌছানোর কথা ফিলিপাইন মহিলা দলের। অপরদিকে আজ রবিবার ঢাকায় এসে পৌছাবে থাইল্যান্ড মহিলা দল।