ক্রিকেটার অন্তর্ভুক্তি নিয়ে ঢাকা জেলার বিরুদ্ধে অভিযোগ

ঢাকা জেলা দলের ম্যানেজার অবশ্য স্বীকার করেছেন, কিছু উঠতি খেলোয়াড়কে নেয়া হয়েছে যারা তার গ্রামের বাড়ির লোক।  জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু করা নিয়ে জটিলতার মধ্যেই এবার অভিযোগ এসেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অনিয়ম নিয়ে। অভিযোগ উঠেছে, গত আসরের রানার্সআপ দলটির ম্যানেজার ও ঢাকা বিভাগের যুগ্ম সম্পাদক আলি হোসেনের গ্রামের বাড়ির ছেলেদের দিয়ে নিজেদের দল সাজিয়েছেন। ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরুর দিনক্ষণ দুইবার পরিবর্তন হলেও নিজেদের অনুশীলন চালিয়ে গেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। কিন্তু অভিযোগ উঠেছে, গতবার যারা দলে ছিলেন তাদের বাদ দিয়ে ১১ জন খেলোয়াড়সহ ১৮ জনের একটি তালিকা তৈরি করেছে ঢাকা। তবে গতকাল শনিবার ম্যানেজার আলি হোসেন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা। কিছু খেলোয়াড় নেয়া হয়েছে যারা নেটে সাপোর্টিং বোলার হিসাবে কাজ করে। তবে সেই সংখ্যা তিন থেকে চারজন। ঢালাওভাবে এগারজনের কথা মিথ্যা।’ ঢাকা জেলা দলের ম্যানেজার অবশ্য স্বীকার করেছেন, কিছু উঠতি খেলোয়াড়কে নেয়া হয়েছে যারা তার গ্রামের বাড়ির লোক। এ প্রসঙ্গে তার বক্তব্য হলো, ‘এক-দুইজন রাইজিং খেলোয়াড় থাকতে পারে যাদের নেয়া হতে পারে। তবে এটি এখনো নিশ্চিত নয়। আমার যেটা মনে হয়, গতবার যিনি কোচ ছিলেন, তিনিই এসব অভিযোগ তুলেছেন। কিছু লোক এটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছে।’ ম্যানেজার আলি হোসেন যাই বলুন না কেন গতবারের অধিনায়ক রাইসুল ইসলাম রসি আগেরবার দুর্দান্ত পারফর্ম করার পরও এবার ঢাকা জেলা দলে নেই। কাল তিনি এই প্রতিবেদককে বলেন, ‘চার বছর ধরে আমি এই দলকে নেতৃত্ব দিচ্ছি। আমার নেতৃত্বে ঢাকা চার বছরে তিনবার ফাইনালে উঠেছে। মেহরাব হোসেন জুনিয়র মাঝে-মধ্যে অধিনায়কত্ব করেন। কিন্তু পুরো সময়টা আমিই নেতৃত্ব দেই। তাছাড়া গত বছর প্রথম বিভাগ ক্রিকেটে সাড়ে তিনশ রান ও ১৯ উইকেট নিয়েছি। তারপরও আমাকে বাদ দেয়ার কারণ বুঝতে পারলাম না।’ বিষয়টি জানতে চাইলে ঢাকার ম্যানেজার বলেন, ‘যারা ভালো পারফর্ম করছে তারাই দলে আছে। এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা প্রথম বিভাগ ক্রিকেটে ১৫ বছর আগে খেলেছে। তাদেরকে কি নেয়া যায়?’ ঢাকার বাইরে থেকে খেলোয়াড় নিলেও এবার ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অংশ নিবে প্রিমিয়ার লিগের খেলোয়াড়রাও। এদের মধ্যে রয়েছেন শামছুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়র, আসিফ আহমেদ রাতুল, নুর হোসেন মুন্না, তাসামুল হক, সাব্বির রহমান, ইলিয়াস সানি। উল্লেখ্য, গতবার খুলনা জেলার কাছে হেরে রানার্সআপ হয়েছে ঢাকা।