বিসিবিকে ১৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিচ্ছে গেম অন স্পোর্টস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর তিন মাস চলে গেলেও এখনো ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টসের কাছ থেকে পাওনা অর্থ আদায় করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে খেলোয়াড়রাও এখন পর্যন্ত চুক্তি মোতাবেক খেলা শেষ হওয়ার পরের পঁচিশ ভাগ টাকা পায়নি। আবার গেম অন দাবি করছে, চুক্তি অনুযায়ী ফ্রাঞ্চাইজিগুলোর কাছ থেকে অর্থ পায়নি গেম অন। ত্রিমুখী এই সমস্যার কারণে গত সপ্তাহে বিসিবি গেম অনের সাথে আলোচনায় বসে। আলোচনা ফলপ্রসূ না হলেও গেম অনের কাছ থেকে পাওনা ১৯ কোটির পরিবর্তে বিসিবি পাচ্ছে ১৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি। এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলর সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘গেম অনের সাথে আলোচনা হয়েছে। তারা ১৫ কোটি টাকার একটি ব্যাংক গ্যারান্টি দিবে বলেছে। বাকি চার কোটি টাকার হিসাব-নিকাশের জন্য আমরা এ সপ্তাহের মধ্যে আবার আলোচনায় বসবো’। গেম অন দাবি করেছে, চুক্তি মোতাবেক ফ্রাঞ্চাইজিগুলোর কাছ থেকে গেম অন টাকা পাবে। কিন্তু সেই টাকাও বিসিবি তাদেরকে বুঝিয়ে দেয়নি। খেলোয়াড়দের পাওনা পারিশ্রমিকও বুঝিয়ে দিচ্ছে না ফ্রাঞ্চাইজিগুলো। এমতাবস্থায় বিসিবিও ফের কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিল। বিপিএল গভর্নিং কাউন্সিলর সদস্য সচিব বলেন, ‘ইতোমধ্যে আমরা লিগ্যাল নোটিসের প্রথম ধাপের চিঠি পাঠিয়েছি। ১৫দিনের মধ্যে জবাব না দিলে চূড়ান্ত চিঠি পাঠাবো।’