লর্ডস টেস্ট

পেসে কুপোকাত নিউজিল্যান্ড

জেমস অ্যান্ডারসনের এবং স্টিফেন ফিনের দুর্দান্ত বোলিংয়ে চলমান লর্ডস টেস্টের তৃতীয় দিনে গতকাল সফরকারি নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে ২০৭ রানে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে আট উইকেট হাতে রেখে এগিয়ে আছে ৮৩ রানে। আগের দিন চার উইকেটে ১৫৩ রানে দিন শুরু করা ব্ল্যাক ক্যাপসরা দিনের শুরুতেই হারায় ব্রেন্ডন ম্যাককুলামের উইকেটটি। পেসার স্টুয়ার্ট ব্রডের বলে উইকেটের পেছনে ম্যাট প্রিয়রের হাতে ক্যাচ দেয়ার আগে তিনি করেন দুই রান। একটু বাদেই দলীয় ১৭৭ রানে ফিরে যান দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক কেন উইলিয়ামসনও। ১৬৭ বল মোকাবেলা করে ৬০ রান করা এই ব্যাটসম্যানকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেটটি তুলে নেন অ্যান্ডারসন। এরপরে স্টিফেন ফিন দ্রুতই শেষ কয়েকটি উইকেট নিলে ম্যাককুলামদের লিড নেয়ার স্বপ্ন শেষ হয়ে যায়। ফিন ৬৩ রান খরচে দখল করেন চারটি উইকেট। অন্যদিকে এই টেস্টেই তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করা অ্যান্ডারসন ৪৭ রানে দখল করেন পাঁচটি উইকেট। দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি ইংল্যান্ডেরও। দলীয় ৩৬ রানে ট্রেন্ট বোল্ট ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে ফিরিয়ে দেয়ার পরপরই ফিরে যান আরেক ওপেনার নিক কম্পটনও। তবে দুই মিডল অর্ডার ব্যাটসম্যান জোনাথন ট্রট এবং জে রুটের ব্যাটে বিপদ সামলে ওঠে ইংল্যান্ড। ট্রট আট এবং রুট ১৩ রানে ব্যাট করছিলেন।