প্র জ ন্ম মু খ
ব্যাংকিংয়ে মেধাবীজন
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২০:২৩
কাজী জি আর আরিফ স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে কর্মজগতে প্রবেশ করেন। সময়টা বেশ কয়েক বছর আগের, তখন স্ট্যান্ডার্ড চার্টার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস-এর মতো ব্যাংকগুলোকে চাকরিজীবীদের জন্য স্বর্গ মনে করা হতো। প্রথম কয়েক বছর তার ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। সেই শুরুর সময়টাতে জি আর আরিফের সুযোগ হয়েছে দেশের ব্যাংকিংয়ে শীর্ষ অবস্থানে থাকা অসংখ্য সার্থক মানুষের সান্নিধ্য পাওয়ার। কাজী আরিফ কখনোই ভাবেননি তিনি একজন ব্যাংকার হবেন। খুব ছোটবেলায় ভাবতেন একজন পাইলট হবেন, কিন্তু পড়াশোনার পর্ব চুকিয়ে ব্যাংকিংয়ে যোগ দিলেন তিনি। এরপর ধীরে ধীরে এর সাথে ভালোবাসায় জড়িয়ে পড়েন। অনেকেই মনে করেন, ব্যাংকিংয়ে কাজ করা মানেই হিসেবনিকাশ নিয়ে পড়ে থাকা। আসলে কিন্তু তা নয়, অনেকই এখানে অফিস ব্যবস্থাপনার কাজ করেন, অনেকেই জড়িত রয়েছেন মার্কেটিং বিভাগে। তা ছাড়া যাদের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মেলামেশা করার আগ্রহ রয়েছে, তাদের জন্যও ব্যাংকিং আদর্শ পেশা। তা ছাড়া গ্রাহকদের সন্তুষ্ট করার পর যে আত্মতৃপ্তি পাওয়া যায় সেটাও অনেকটা দুর্লভ। ব্যাংকিংয়ে দলীয়ভাবে কাজ করার সুযোগ রয়েছে, যা কাজের আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণ। ব্যাংকিং পেশায় কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন জানতে চাইলে মেধাবী এই ব্যাংকার বলেন, ‘এটা আসে সফলতা থেকে। সুতরাং স্বাচ্ছন্দ্য বোধ আর সফলতা একে অপরের পরিপূরক। জীবনে চলার পথে অবশ্যই অনেক বাধা-বিপত্তি আসে। কিন্তু পেশা বা কাজের সাথে সখ্যতা গড়ে তুলতে পারলে ভালোলাগাটা অন্তর থেকে উপলব্ধি করা যায়।’ ব্যাংকিংয়ে অনেকগুলো বছর কাটানোর পর জি আর আরিফ এখন এর বাইরে আর কিছুই করার কথা ভাবতে পারেন না, এতেই প্রমাণিত হয় শতভাগ স্বাচ্ছন্দ্যের সাথেই তিনি এগিয়ে চলেছেন। নতুন প্রজন্মের কাছে ব্যাংকিং পেশাটা অনেক আকাঙ্ক্ষিত। গ্রাহককে সন্তুষ্ট করার জন্য অনেক শ্রম, মেধা আর ধৈর্যের সমন্বয় ঘটাতে হয়। তাই ব্যাংকিংয়ে কাজ করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রমী আর আত্মপ্রত্যয়ী হতে হবে। কয়েক বছর আগেও বিবিএ বা এমবিএ পড়ার পর শিক্ষার্থীরা কেবল ব্যাংকে চাকরিরই সুযোগ খুঁজত। এখন সে ধারণার অনেকটা পরিবর্তন হয়েছে। অনেক জায়গায় অনেক সৃজনশীল কাজ করার সুযোগ হয়েছে। তবুও ব্যাংকিংয়ের কদর কমেনি একটুও।’ কাজী জি আর আরিফ মনে করেন, ‘নতুন প্রজন্মরা প্রযুক্তিগত কারণে, পাশাপাশি নিজেদের প্রচেষ্টার কারণে অনেকটাই অগ্রসর। অনেক ঊর্ধ্বতনদের বলতে শোনা যায়, তারা কাজটা করতে পেরেছেন, নতুনরা কেন পারবে না। বিষয়টা আসলে সেভাবে মূল্যায়ন করা উচিত নয়। নতুনরা অনেক উদ্ভাবনী চিন্তাভাবনা কাজে লাগিয়ে অল্প সময়েই অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারে। তারা এই সময়ের সাথে যতটা সহজে মানিয়ে নিতে পারেন, পুুরোনোদের পক্ষে সেটা সম্ভব নয়।’ এ প্রজন্মের ব্যাংকার আরিফের বেড়ে ওঠা পুরোনো ঢাকায়। বিশ্বের অনেক দেশ দেখার সুযোগ হয়েছে তার। তারপরও পুরোনো ঢাকাকেই তার সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ আর রঙিন মনে হয়। খুব অল্প বয়সেই তিনি তার বাবাকে হারান, মা কঠোর নিয়মশৃঙ্খলার মধ্য দিয়ে তাকে বড় করেন। সাত ভাইবোনের মাঝে তিনি সবার ছোট, তাই পরিবারের সবার ভালোবাসা পেয়েছেন সব সময়। তিনি সব সময়ই স্বীকার করেন, আজকের এ অবস্থানে আসার পেছনে তার পরিবারের ভূমিকা অনেক।
কাজী জি আর আরিফ খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী নন। বয়স পঁয়তাল্লিশের কোটা পেরোলেই তিনি চাকরি থেকে অবসর পেতে চান। জীবনের বাকি সময়টা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাটিয়ে দিতে চান। বই পড়েও তার অনেকটা সময় কেটে যায়। তবে তার পাশাপাশি ব্যাংকিংটাকেও তিনি সমানভাবে উপভোগ করতে চান। ইতিমধ্যেই তিনি কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের অনেক নতুন নতুন বিষয় নিয়ে কাজ করেছেন। যতদিন আগ্রহ পাবেন, তিনি কাজ করে যেতে চান।
কাজী জি আর আরিফ
ডাকনাম :আরিফ
জন্মতারিখ ও স্থান :জুন ১৪ ঢাকা
মায়ের নাম :নাসরিন হক
বাবার নাম :কাজী তাহজিব উল হক
প্রথম স্কুল :কে এল জুবিলী হাইস্কুল
প্রিয় মানুষ :আমার ছেলে তাহজিব
প্রিয় পোশাক :জিন্স ও টি-শার্ট
অবসর কাটে যেভাবে :বই পড়ে ও গান শুনে
সাফল্যের সংজ্ঞা :নিজের এবং প্রিয়জনদের মাঝে সুখ আনতে পারাটাই সাফল্য।