মো. সো হে ল ই মা ম খা ন

বাবা ছিলেন সরকারি চাকুরে, সেই সুবাদে দেশময় ঘুরে বেড়ানো হয়েছে তার। ঘুরতে ঘুরতে বদলির তরী এসে ভিড়ে রংপুরে। রংপুর জিলা স্কুল থেকে এসএসসি তারপর বগুড়া সরকারি আযীযুল হক কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন তিনি। ছেলেবেলা থেকেই আশপাশের সব বিষয়ের প্রতি তার জানার আগ্রহ ছিল। যা দেখছেন তার পেছনের কারণটাও জানার ইচ্ছে ছিল সব সময়। এই আগ্রহই তার জানার ব্যপ্তিটা বাড়িয়ে দিয়েছে, কাজ করার সুযোগ করে দিয়েছে ভালো ভালো জায়গাতে। শুনছেন সোহেল ইমাম খানের কথা। বাংলাদেশ সিভিল সার্ভিসের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উপ-সচিব তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই তিনি সরকারি কর্মকর্তা হওয়ার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। বন্ধুরা মিলে প্রস্তুতি নিতে থাকেন বিসিএস পরীক্ষার জন্য। আগেই বলেছি, তিনি অনেক আগে থেকেই সবকিছুর প্রতি নজর রাখতেন। এই জিনিসগুলো সেই সাথে অবশ্যই কিছু পড়াশোনা তাকে সেদিন পরীক্ষায় বিজয়ী হতে সাহায্য করেছিল। চাকরি জীবনের শুরুতেই তিন একজন সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন নড়াইল জেলা প্রশাসনে। সেখানেই নেজারত ডেপুটি কালেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তৃণমূল পর্যায়ে এই কাজের অভিজ্ঞতাগুলো তাকে সিদ্ধান্ত নিতে, সেখানের অবস্থা বুঝতে অনেক সাহায্য করেছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে তারপর চলে আসেন মেহেরপুরে। এখানেও নিষ্ঠার সাথে নিজের উপর অর্পিত দায়িত্বগুলো পালন করেছেন তিনি। ১৯৯৮ সালের দিকে সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব নিয়ে চলে আসেন রাজশাহীর পবাতে, তারপর পাবনার ঈশ্বরদীতে একই পদে আসীন ছিলেন তিনি। এরপর প্রিয় শহর রাজশাহীতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালেও কাজ করেছেন সেখানে। অতঃপর উপজেলার নির্বাহী হিসেবে দায়িত্ব নিয়ে আসেন তিনি নওগাঁর নিয়ামতপুরে। স্থানীয় পর্যায়ে কাজের পরিসর ছিল এখানে অনেক। একই পদে পাবনার সুজানগরেও কাজ করেছেন তিনি। সোহেল ইমাম খানের সুযোগ হয়েছে বিভিন্ন রকম পরিবেশে কাজ করার। সেনানিবাসেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে জাহানাবাদ সেনানিবাস আর যশোর সেনানিবাসে দায়িত্ব পালন করেন তিনি। অন্য রকম এই আবহ তার কাজের জগতকে আরও সমৃদ্ধ করেছে বলা চলে। সেখানে থাকা অবস্থাতেই তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী হন পার্বত্য জেলায়। সেখানে কিছুদিন কাজের পরই তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি হয়ে আসেন। আর এখন এখানে কাজ করছেন উপ সচিব হিসেবে। এক্ষেত্রে নতুনদের কাজের মূল্যায়ন প্রসঙ্গে জানতে চাইলে সোহেল ইমাম খান বলেন, ‘এখনকার সবাই অনেক সচেতন। প্রযুক্তির কারণেই এখন সবার জানার সুযোগ অনেক বেশি। এই জ্ঞানকে কাজে লাগাতে পারলে সেটা আমাদের জন্য অনেক মঙ্গলজনকই হবে বলা যায়।’ সোহেল ইমাম খানের ছেলেবেলা কেটেছে বাংলাদশের এ শহর থেকে ও শহর ঘুরে। সেই সৌভাগ্য তার ছেলেমেয়েদেরও হয়েছে বলা চলে। কন্যা আনমনা প্রিয়দর্শিনী সুকন্যা পড়ছে লে. আনোয়ার গার্লস স্কুলে ক্লাস টেনে আর ছেলে সাফওয়ান সাদিক ইমাম খান পড়ছে আদমজী ক্যান্টনমেন্টে ক্লাস সিক্সে। তাদেরকে নিয়েই কেটে যায় তার অবসর সময়। স্ত্রী বাপী ইয়াসমীন তার এই পথচলায় সঙ্গী। এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছে তার। যত দিন কাজ করবেন, যেন সততা ও নিষ্ঠার সাথে করতে পারেন সেই স্বপ্নই দেখেন। আমাদের সিভিল সার্ভিসে তার অবদান ভাস্বর হয়ে থাকুক, এই শুভকামনা। মো. সোহেল ইমাম খান ডাকনাম :সোহেল জন্মতারিখ ও স্থান :১১ নভেম্বর, সিরাজগঞ্জ মায়ের নাম :সালেহা হাসান বাবার নাম :মো. হাসান ইমাম খান প্রথম স্কুল :সম্মিলনী ইনস্টিটিউশন, যশোর প্রিয় মানুষ :আমার মা প্রিয় উক্তি :মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। প্রিয় পোশাক :জিন্স, টি-শার্ট অবসর কাটে যেভাবে :গান গেয়ে, গিটার বাজিয়ে সাফল্যের সংজ্ঞা :জীবনের ইতিবাচক সব পরিবর্তন।