মো. শা হা ব উ দ্দী ন

ঝিনাইদহের এক গ্রাম, সেই গ্রামের ছেলে শাহাব! শৈশব থেকেই ছিলেন চুপচাপ স্বভাবের। স্থানীয় স্কুলেই প্রাথমিকের হাতেখড়ি। স্কুলেও অল্প সময়ের মাঝেই শিক্ষকদের প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তারপর স্থানীয় স্কুল-কলেজ থেকেই উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কঠোর প্রতিযোগিতায় সুযোগ করে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি শাহাব উদ্দীন, বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। হুমায়ূন আজাদ, সৈয়দ আকরাম হোসেন, বেগম আক্তার জামিলের মতো শিক্ষকদের সান্নিধ্য পান তিনি এখানে এসে। তাদের সেই সময়ের কথাবার্তা তাকে অনেক বেশি অনুপ্রাণিত করত। তখনই ঠিক করে ফেলেছিলেন শিক্ষক হবেন! সেই ভাবনায় কাজ করে গেছেন তিনি। স্বনামধন্য যশোর জিলা স্কুলে শিক্ষকতার সময়েই বিসিএস-এর জন্য প্রস্তুতি নিতে থাকেন। এরপর পঁচিশতম বিসিএসেই সুযোগ করে নেন বিসিএস শিক্ষা ক্যাডারে। নিজের রুটিন মাফিক পড়াশোনাই এর পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানান তিনি। শাহাব উদ্দীন মনে করেন, শুধু পাঠ্যপুস্তকই নয়, বিসিএস পরীক্ষায় ভালো করতে চাইলে বহুমুখী পড়াশোনার বিকল্প নেই। তাই এ পরীক্ষার প্রস্তুতি নিতে হবে গুরুত্ব সহকারে। অল্প সময়ে তাড়াহুড়ো করে প্রস্তুতি নিলে হবে না। একাগ্রচিত্তে সময় নিয়ে রুটিনমাফিক পড়াশোনা করতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে। তবেই নিজেকে আপডেট রাখা যাবে। সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। সব বিষয়েই ভালো ধারণা রাখা চাই। কারণ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সুনির্দিষ্ট কোনো সিলেবাস নেই। ভালোভাবে প্রস্তুতি নিলে আত্মবিশ্বাস বাড়বে এবং আত্মবিশ্বাসটাই এ পরীক্ষায় উতরে যেতে সহায়ক হবে। বিসিএসের প্রস্তুতি প্রসঙ্গে শাহাব উদ্দীন বলেন, ‘প্রথমেই নিজেকে প্রস্তুত করতে হবে একটি দীর্ঘমেয়াদি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। কেননা ফরম পূরণ থেকে শুরু করে সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত বিসিএস পরীক্ষার্থীদের পার হতে হয় একটি দীর্ঘমেয়াদি পরীক্ষার মধ্য দিয়ে। আর তাই আপনাকে হতে হবে ধৈর্যশীল। নিজেকে ধীরে ধীরে যোগ্য করে নিতে হবে বিসিএস পরীক্ষার্থী হিসেবে, পরীক্ষায় অংশ নেবেন এ বিষয়ে মনস্থির করার পর। প্রথমেই আপনার নিজেকে বিশ্বাস করাতে হবে—আপনি অনেক কিছুই জানেন। নিজের ওপর বিশ্বাস অর্জন যেকোনো পরীক্ষার ক্ষেত্রেই অনেক বড় একটি বিষয়। বাংলার শিক্ষক হিসেবে বিসিএসের বাংলা বিষয়ের জন্যও কিছু পরামর্শ দিলেন শাহাব উদ্দীন। তিনি বলেন, বাংলা আমাদের মাতৃভাষা হওয়ার কারণে অনেকেই বিষয়টিতে গুরুত্ব দিই না। অথচ প্রিলিমিনারি টেস্টে বাংলা সাহিত্য ও ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে। তবে এ ক্ষেত্রে প্রতিবছর নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। সে জন্য বিগত কয়েক বছরের প্রশ্ন দেখলে একটা ধারণা পাওয়া যাবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া যাবে। বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য ভালো মানের ব্যাকরণ ও সাহিত্যের ওপর একাধিক বই পড়তে হবে। আর মনে রাখা দরকার, বাংলা মানেই কেবল শিক্ষকতা নয়। বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে এখান থেকে পড়ার পর। ব্যক্তিগত জীবনে শাহাব উদ্দীন এক সন্তানের জনক, তার নাম শাদ, সে যশোর জিলা স্কুলে পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করছে এখন। স্ত্রী রেহানা পারভীন আর শাদকে নিয়েই সীমান্ত শহর যশোরে তার আপন নিবাস। শিক্ষকদের গুণে যেমন মুগ্ধ হতেন একসময় শাহাব, তিনি হয়তো জানেন না, কত শিক্ষার্থীকে এখন তিনি সেই গুণে মুগ্ধ করে চলেছেন! তার জন্য শুভকামনা, তিনি তার জ্ঞানের আলোয় আলোকিত করে যাবেন আমাদের। মো. শাহাব উদ্দীন ডাকনাম :শাহাব জন্মতারিখ ও স্থান :১ জানুয়ারি, ঝিনাইদহ মায়ের নাম :বেগম সামসুন্নাহার বাবার নাম :মো. সদর উদ্দীন আহমেদ প্রথম স্কুল :জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিয় মানুষ :আমার বাবা প্রিয় পোশাক :শার্ট, প্যান্ট অবসর কাটে যেভাবে :বই পড়ে সাফল্যের সংজ্ঞা :পরিশ্রম ও সততার সমন্বয়।