এএফসি মহিলা ফুটবলের বাছাই পর্ব শুরু কাল

যুক্তরাষ্ট্রে খেলে প্রস্তুতি নিলো ফিলিপাইন

আগামীকাল মঙ্গলবার ঢাকায় শুরু হতে যাওয়া এএফসি এশিয়ান কাপ মহিলা ফুটবলের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে থাইল্যান্ডকে শক্তিশালী দল মনে করা হলেও ফিলিপাইনও পিছিয়ে নেই। দলটির কোচ আরনেস্ট নিয়েররাসের সাথে কথা বলেই এ তথ্য জানা গেছে। শুধু তাই নয় তিনি দাবী করেন ফেবারিট থাইল্যান্ডকে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠবে তার দল। ফিলিপাইন দল গত শনিবার রাতে ঢাকায় আসে। আগামীকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল তিনটায় ফিলিপাইন তাদের প্রথম ম্যাচ খেলবে ইরানের বিরুদ্ধে। এএফসির এই টুর্নামেন্টের ‘বি’ গ্রুপ থেকে একটি দল উঠবে চূড়ান্ত পর্বে। কোচ আরনেস্ট জানিয়েছেন তার দলে আছেন ১৬ জন খেলোয়াড় যারা যুক্তরাষ্ট্রে প্রথম বিভাগ ফুটবল লিগে খেলেন। এটা তার দলের জন্য বড় শক্তি। শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টও খেলেছে ফিলিপাইন ফুটবল দল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গত বছরের নভেম্বরে বাইকিং কাপ ফুটবল খেলেছে কোচ আরনেস্ট নিয়েররাসের দল। এছাড়াও যুক্তরাষ্ট্রে দুই দফায় অনুশীলন করে এসেছে ফিলিপাইন ফুটবল দল। কোচের কথায় আভাস পাওয়া যায় তারা ঢাকায় আসার আগে বেশ আট ঘাঁট বেঁধেই এসেছেন। বিজয়নগরস্থ একটি হোটেলে উঠেছে ফিলিপাইন ফুটবল দল। গতকাল দুপুরে লাঞ্চ সেরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে অনুশীলনের প্রস্তুতি নিতে নিতে কথা বলছিলেন ফিলিপাইন ফুটবল দলের কোচ আরনেস্ট নিয়েররাস। তারা বেশ আত্মবিশ্বাসী। অনুশীলন বাসে উঠার অপেক্ষায় আলাপরত কোচের সামনেই দাঁড়িয়ে ছিলেন খেলোয়াড়রা। তাদের শরীরি ভাষা থেকেও আভাস মিললো মাঠে নামার জন্য কতটা উদগ্রীব তারা। খেলোয়াড়দের শারীরিক গড়নেও বোঝা যায় শক্তিমত্তার আভাস। কোচ মানলেন গ্রুপে থাইল্যান্ড শক্তিশালী দল। তারপরও সোজাসাপ্টা জবাব কোচের ‘সব ম্যাচ জিততে চাই।’ থাইল্যান্ডের বিরুদ্ধে ২০০৫ সালের পর খেলেনি ফিলিপাইন। এর আগের ম্যাচগুলোতে থাই মহিলা ফুটবল দলকে হারানোর অভিজ্ঞতা খুব বেশি একটা নেই বলে জানান কোচ। তিনি বলেন, ‘এবার যদি হয় সে অপেক্ষায় থাকছি আমরা।’ আশির দশকের গোড়ার দিকে ফিলিপাইনে মহিলা ফুটবলের গোড়াপত্তন হয়। কিন্তু এখনো সেখানে পেশাদারী প্রথা শুরু হয়নি। নয় হাজার মহিলা ফুটবলার রয়েছেন। তারা সবাই সৌখিন খেলোয়াড় বলে জানিয়েছেন কোচ। ঢাকায় যারা এসেছেন তাদের অনেকই লেখাপড়া করেন। কোচের মেয়েও বর্তমান দলে রয়েছেন।