মুশফিকের পদত্যাগ কাণ্ড
পেছনের কারণ অজানাই থেকে যাবে?
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২১:২০
জিম্বাবুয়েতে বসে সিরিজের মাঝে হঠাত্ মুশফিকুর রহিমের পদত্যাগের ঘোষণার পরই এর পেছনের নানা কারণ নিয়ে গুঞ্জন শুরু হয়। স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, অধিনায়ক তার কাছে ফোনে বলেছেন ‘দলে টিম ওয়ার্ক নেই’ বলে এই পদত্যাগ। তাই এসব পেছনের কারণ জানতেই বিসিবি টিম ম্যানেজার, হেড অব ডেলিগেশন ও কোচের রিপোর্টের জন্য অপেক্ষা করছিল; কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, অধিনায়কের এই পদত্যাগ-কাণ্ডের পেছনের এমন কোনো কারণ খুঁজে পায়নি বিসিবি!
যদিও এখনো কারো রিপোর্ট আনুষ্ঠানিক জমা দেয়া হয়নি বিসিবিতে; কিন্তু যতোদূর জানা গেছে, হেড অব ডেলিগেশন ও ম্যানেজারের রিপোর্টে এরকম কিছুই উল্লেখ করা হয়নি। কোচ শেন জার্গুনসেন ছুটিতে থাকায় তার অনুসন্ধানের রিপোর্ট জানা সম্ভব হয়নি। রিপোর্টে কিছু না আসায় স্বভাবতই প্রশ্ন উঠেছে, বুলাওয়ে থেকে টেলিফোনে বোর্ড সভাপতির কাছে অধিনায়ক কেন ‘টিম ওয়ার্ক নেই’ বলে অভিযোগ করেছিলেন? বোর্ড সভাপতিও কেনই বা বলেছিলেন, গুরুত্বের সঙ্গে এই টিম ওয়ার্ক না থাকার ব্যাপারটি খতিয়ে দেখা হবে? এমনকি টিম ওয়ার্ক না থাকার জন্য কোনো খেলোয়াড় দায়ী হলে তার বা তাদের বিপক্ষে ‘কঠোর ব্যবস্থা’ নেয়ার কথাও বলেছিলেন সভাপতি।
এ সপ্তাহে বোর্ড সভায় ম্যানেজার, কোচ, নির্বাচক এবং হেড অব ডেলিগেশন জিম্বাবুয়ে সফরের রিপোর্ট জমা দিবেন। রিপোর্টের উপর নির্ভর করবে বোর্ডের পরবর্তী পদক্ষেপ। রিপোর্টের বড় একটা অংশ জুড়ে থাকবে অধিনায়কের পদত্যাগের বিষয়টি। কাল দলের ম্যানেজার তানজীব আহসান সাদ স্পষ্ট করে বলেছেন, ‘আমি দলের ভেতরে এমন কিছু দেখতে পাইনি যা মুশফিককে পদত্যাগ করতে বাধ্য করেছে। আমি সবার সাথেই কথা বলেছি। তাছাড়া এমন কিছু হলে তো আমি সবার আগে জানবো’।
একই কথা বলেছেন, হেড অব ডেলিগেশন হিসেবে জিম্বাবুয়ে যাওয়া বোর্ডের এডহক কমিটির সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি, ‘দলের ভেতরে অন্তর্দ্বন্দ্বের কোনো কিছু আমি দেখতে পাইনি।’ এসব রিপোর্টে যদি কিছু না-ই পাওয়া যায় তবে কেনই বা বোর্ড সভাপতি মুশফিকের সাথে কথা বলার পর বলেছিলেন, দলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব রয়েছে? ব্যক্তিগত কাজে সিঙ্গাপুরে থাকায় বোর্ড সভাপতির সাথে কথা বলা যায়নি।
অন্যদিকে ভেতরের খবর বলছে, সভাপতির বলা কারণটাই একরকম সত্যি। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র নিশ্চিত করেছে যে, দলের সিনিয়র খেলোয়াড়দের সাথে জিম্বাবুয়ের সময়টা ভালো যায়নি মুশফিকের। এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন দলের ম্যানেজার, ‘দলের সিনিয়র খেলোয়াড় বলতে, সাকিব-তামিম-রিয়াদ রয়েছেন। এদের সাথে মুশফিকের বন্ধুর মতো সম্পর্ক। এদের সাথে এমন কিছু হয়েছে বলে আমি পাইনি’।
কিন্তু সূত্র আরো জানিয়েছে, যেদিন মুশফিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন তার ২/৩ দিন আগে থেকে তিনি খুব অস্থিরতায় ভুগছিলেন। এমনকি নিজেকে বেশ অসহায় লাগছিল বলে দেশে অনেকের সাথে যোগাযোগও করেছেন তিনি।
তবে ফের দলের ম্যানেজার সাদ এসব কথা অস্বীকার করে বলেছেন, ‘আমরা ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় এসব কথা উঠেছে। আমরা দেশের বাইরে আগেও তেমন টেস্ট জিততে পারিনি। জিম্বাবুয়েতে টেস্ট সিরিজ ড্র হয়েছে। এটাকে আমি খারাপ বলবো না। শুধু একটি ওয়ানডে হেরে যাওয়ায় এখন এসব নিয়ে আলোচনা উঠেছে’।
দলের হেড অব ডেলিগেশন ববির ব্যাখ্যা অবশ্য অন্যরকম, ‘টস একটা বড় ব্যাপার ছিল। কন্ডিশনও ছিল আমাদের তুলনায় ভিন্ন। তাছাড়া জিম্বাবুয়ে তাদের মাটিতে খুব ভালো দল। ওরা ভালো ক্রিকেটও খেলেছে। এসব কারণে আমরা হেরে গেছি’।
২০১১ জিম্বাবুয়ে সফরে টিম ম্যানেজমেন্টের রিপোর্টের একটা বড় অংশে দলের শৃংখলা ভঙ্গের কথা উল্লেখ ছিল। সে সফরেও দলের সিনিয়র খেলোয়াড়রা শৃংখলা ভঙ্গ করেছেন বলে তখনকার হেড অব ডেলিগেশনের রিপোর্টে উল্লেখ ছিল। এবারো সেই জিম্বাবুয়ে সফর শেষে বাংলাদেশ দল ফিরল কিছু কলংকিত অধ্যায় নিয়ে। তার মধ্যে অন্যতম মুশফিকের পদত্যাগ; পরে আবার তার ভুল স্বীকার।
কার্যত মুশফিকের পদত্যাগ কার্যকর হচ্ছে না বলেই মনে হচ্ছে; কিন্তু এই পুরো ব্যাপারটির নেপথ্য ঘটনা ধামাচাপা দিয়ে এই অবস্থা বহাল রাখা ক্রিকেটের জন্য কতোটা মঙ্গল হবে, সেটাই এখন বড় প্রশ্ন।