জাতীয় মহিলা ফুটবল দল ঘোষণা
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২১:২১
নিজেদের মাঠে অনুষ্ঠেয় ২০১৪ সালের এএফসি এশিয়ান কাপ মহিলা ফুটবলের বাছাইপর্বে লড়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গতকাল রবিবার জাতীয় দল ঘোষণা করেছে। সুইনু প্রু মারমা দলটির নেতৃত্ব দেবেন।
আগামীকাল মঙ্গলবার চার দেশের এই প্রতিযোগিতার প্রথম দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী থাইল্যান্ড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়।
বাংলাদেশের দলটিকে ৩০ জনের প্রাথমিক তালিকা থেকে ২২ জনে নামিয়ে আনা হয়। এর মধ্যে আছেন সাফ ফুটবলের গত আসরের ১৭ জন খেলোয়াড়। এছাড়াও অনূর্ধ্ব-১৯ ফুটবল দল থেকে ডিফেন্ডার টুম্পা মনি ও সাজেদা খাতুন, লাবনী আক্তার, আক্রমণভাগের জন্য ঝুমু আক্তার শানু এবং অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের মনিকা চাকমাকে দলে নেয়া হয়েছে। বাফুফে ভবনে গতকাল দুপুরে দল ঘোষণার সময় কোচ গোলাম জিলানী বলেন, লিগের সেমিফাইনাল ও ফাইনাল দেখে দল ঘোষণা করা হয়। তখন দলটার মধ্যে ফিটনেসের ঘাটতি ছিল। সেটা নিয়ে কাজ করেছি আমরা।’
অধিনায়ক সুইনু প্রু মারমা জানান তাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে ভালো খেলার। তিনি বলেন, ‘প্রতিপক্ষ দলগুলো যতই শক্তিশালী হোক না কেন আমরা ফাইট করব।’ ঘরোয়া ফুটবলে মাঠে নামলেই ভুরিভুরি গোল করেন সাবিনা খাতুন। শক্তিশালী দল এসেছে শুনে, মনে হচ্ছে তিনি ব্যাকফুটে রয়েছেন। জোর দিয়ে কিছু বলতে পারছেন না। গতকাল দল ঘোষণার সময় সাবিনা জানালেন এএফসির এই খেলাগুলোয় তিনি গোল দেয়ার চেষ্টা করবেন।
বাংলাদেশ দল
গোলকিপার ঃ সাবিনা আক্তার, গোলকিপার মুসলিমা আক্তার মলি, রওশন আরা।
রক্ষণভাগ ঃ খালেদা খাতুন, বেলী খাতুন, সুরভী আক্তার ইতি, আসিয়া খাতুন বিথি, তৃষ্ণা চাকমা, সুনুচিং মারমা, টুম্পা মনি, সাজেদা খাতুন, লাবীণ আক্তার।
আক্রমণভাগ ঃ শারমিন আক্তার রূপা, মাইনু মারমা, মিরোনা, ঝুমু আক্তার শানু, নুবাই চিং মারমা, সুইনু প্রু মারমা (অধিনায়ক), সাবিনা খাতুন (সহ-অধিনায়ক), মনিকা চাকমা, অম্রাচিং মারমা, মুনমুন আক্তার এবং আয়েশা জামান (দলনেতা), লাজলুল নাহার করিম (ম্যানেজার), সৈয়দ গোলাম জিলানী (কোচ), মাবুবুর রহামন লিটু (সহকারি কোচ), সামসুজ্জামান ইউসুফ গোলকিপার (কোচ)।