বায়ার্নের আত্মবিশ্বাসের বিপক্ষে বরুশিয়ার শংকা!
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২১:২৯
২৫ মে ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ; অল জার্মান ফাইনালে লড়বে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। মহাআলোচিত এই ফাইনালের আগে গত শনিবার নিজেদের শেষ ম্যাচ খেলে ফেললো ক্লাব দুটি। আর শেষ ম্যাচ দুটি ভিন্ন ফল নিয়ে। চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের জয়ের দিনে হারলো বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ গত শনিবার বুন্দেসলিগা মৌসুমের শেষ ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখের সাথে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতিটা দারুণভাবে সেরেছে। অন্যদিকে বায়ার্নের ফাইনাল প্রতিপক্ষ স্বদেশি ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড হফেইনহ্যামের সাথে হেরে মৌসুম শেষ করেছে। হারের সাথে যোগ হয়েছে ডর্টমুন্ডের ইনজুরি শঙ্কা। শঙ্কার কথা হচ্ছে ডর্টমুন্ডের সেন্টার ব্যাক মেট হিউমেলস গোড়ালির চোটে পড়েছেন।
সাত গোলের রোমাঞ্চকর ম্যাচ। বায়ার্ন থেকে মনশেনগ্লাডবাখ ৩-১ গোলে এগিয়ে যায়। দারুণভাবে ম্যাচটিতে ঘুরে দাঁড়িয়ে বায়ার্ন ৪-৩ গোলে হারায় মনশেনগ্লাডবাখকে। ফ্রাঙ্ক রিবেরি জোড়া গোল করেন। অপর দুটি গোল এসেছে জাভি মার্টিনেজ এবং আরিয়েন রোবেনের কাছ থেকে। এই দুটি গোলেও অবদান রয়েছে রিবেরির। স্বাগতিক ডর্টমুন্ডকে অন্যদিকে হফেইনহ্যাম ২-১ গোলে হারিয়ে চমক উপহার দিয়েছে।
হিউমেলসের গোড়ালির লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তার লন্ডনের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনিশ্চিত হয়ে গেছে। হফেইনহ্যামের কেভিন ভোলান্ডের সাথে বল দখলের সময় ইনজুরিগ্রস্ত হন হিউমেলস। পেনাল্টি বক্সে ফাউল হওয়ায় পেনাল্টি পায় হফেইনহ্যাম। সেজাদ স্যালিহোভিচ পেনাল্টি থেকে গোল করেন ৭৭ মিনিটেই। পাঁচ মিনিট পরেই আবারো পেনাল্টি থেকে গোল এনে দিয়ে দলকে এগিয়ে দেন সেজাদ ২-১ ব্যবধানে। ডর্টমুন্ড ছয় মিনিটেই রবার্ট লেভানডফস্কির গোলে এগিয়ে গিয়েছিল এই ম্যাচে।
হিউমেলসকে মাঠ থেকে হাসপাতালে নেয়া হয়। ডর্টমুন্ড অপেক্ষায় আছে এখনো। ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য আশাবাদী হিউমেলসের ব্যাপারে।
অবশ্য ডর্টমুন্ডের জন্য সুসংবাদ হচ্ছে মিডফিল্ডার মারিও গোয়েতজে জানান, হ্যামস্ট্রিং ইনজুরি থেকে তিনি সেরে উঠছেন। জার্মান দৈনিক বিল্ডকে জানান, আগামী শনিবার ফাইনালে তার খেলার ব্যাপারে তিনি ইতিবাচক।
গত সপ্তাহে বায়ার্ন জার্মান লিগের শিল্ড নিয়ে উত্সব করে। তারা গত শনিবার দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ জয় তুলে নিল রিবেরির দারুণ নৈপুণ্যে। মাত্র দশ মিনিটের মধ্যেই বায়ার্নের জালে তিনবার বল জড়িয়ে দেয় মনশেনগ্লাডবাখ। অবশ্য বায়ার্নও সাত মিনিটে একটি গোল শোধ দিতে পেরেছিল। দুটি গোল রিবেরি করলেন এবং দুটি গোলে তিনি রাখলেন ভূমিকা। এটি বুন্দেসলিগায় ৩৪ ম্যাচে বায়ার্নের রেকর্ড ২৯তম জয়। বায়ার্নের কোচ ইয়ুপ হেইঙ্কস বলেন,‘ডর্টমুন্ডের ফলাফল আমরা দেখেছি। উড়িয়ে দেয়ার কোন সুযোগ নেই কারণ মাথায় এখন ফাইনালের চিন্তা। আমি সচেতনভাবেই দেখেছি নিজের দলে। সবকিছুই ফাইনালকে ঘিরে আবর্তিত হচ্ছে। আজ জয় গুরুত্বপূর্ণ ছিল কারণ আত্মবিশ্বাস ধরে রাখাটা জরুরি। গ্লাডবাখ আমাদের রুখে দিয়েছিল, তাদের পদ্ধতিটা ভাল, দারুণ পাল্টা আক্রমণ এবং চাপে রেখেছে অসাধারণ। ওয়েম্বলির অনুশীলনের জন্য তারা আদর্শ দল।’
হেইঙ্কসের বায়ার্ন এখন ট্রেবল জয়ের স্বপ্নে রয়েছে। বুন্দেসলিগা জয় হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ২৫ মে। শেষে আগামী ১ জুন বার্লিনে জার্মান কাপের ফাইনালে বায়ার্ন লড়বে স্টুটগার্টের সাথে। চলতি মৌসুম শেষে বায়ার্ন ২৫টি বুন্দেসলিগা রেকর্ড গড়েছে। এর মধ্যে রয়েছে সবচেয়ে বেশি জয় (২৯), সর্বাধিক পয়েন্ট (৯১), সবচেয়ে কম গোল হজম (১৮) এবং দ্বিতীয় স্থানে থাকা দল থেকে বায়ার্ন ২৫ পয়েন্টে এগিয়ে থেকে মৌসুম শেষ করেছে।