জিতেছেন নিয়াজ হেরেছেন শিরিন

প্রথম রাউন্ডে ড্র করার পর গতকাল দ্বিতীয় রাউন্ডে জিতেছেন গ্র্যান্ডমাষ্টার নিয়াজ মোরদেশ। আবার হেরেছেন শিরিন। ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠানরত গতকাল এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাষ্টার নিয়াজ মোরশেদ ফিলিপাইনের ডোসিনা জেরাডকে হারিয়েছেন। নিয়াজ দুই খেলায় দেড় পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে মহিলা চ্যাম্পিয়নশিপে শারমীন সুলতানা শিরিন দ্বিতীয় রাউন্ডের খেলায় ইন্দোনেশিয়ার মহিলা ফিদে মাষ্টার দেবী আ চিত্রার কাছে হেরে গেছেন। শিরিন দুই খেলায় কোন পয়েন্ট পাননি। প্রথম রাউন্ডের খেলায় নিয়াজ ইন্দোনেশিয়ার মাশরির রহমানের সাথে ড্র করেছিলেন। আর শিরিন ভারতের মহিলা গ্র্যান্ডমাষ্টার সৌমিয়া সোয়ামিনাথনের কাছে হেরেছিলেন। ওপেন বিভাগে এশিয়ার ১৪টি দেশের ২৬জন গ্র্যান্ডমাষ্টার ও ১৯জন আন্তর্জাতিক মাষ্টারসহ ৭৬জন দাবাড়ু এবং মহিলা বিভাগে এশিয়ার ৯টি দেশের ১১জন মহিলা গ্র্যান্ডমাষ্টার, ২জন আন্তর্জাতিক মাষ্টার এবং ৯জন মহিলা আন্তর্জাতিক মাষ্টারসহ ৪০জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।