বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে এমএস আইরিন
গণতন্ত্র ব্যর্থ হইলে মানবাধিকার লাঞ্ছিত হয়
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২১:৪৬
গত বুধবার আমেরিকার হ্যারল্ড ট্রিবিউন পত্রিকায় ‘হারানো অধিকার, হারানো জীবন’ শীর্ষক একটি হূদয়স্পর্শী লেখা প্রকাশিত হয়। সমপ্রতি সংঘটিত বেদনাদায়ক মানবাধিকার লংঘনের ঘটনার উপর লেখাটি লিখিয়াছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি মানবাধিকার এক্টিভিস্ট এমএস আইরিন। তাহার বর্ণনায় ফুটিয়া উঠিয়াছে স্বল্প বেতনভোগী শত শত দরিদ্র মহিলা পোশাক শ্রমিকদের কথা- যাহারা সবচাইতে বেদনাদায়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করিয়াছেন এবং যাহারা তাহার ভাষায় দেশের গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জনে সর্বাপেক্ষা বেশি অবদান রাখিতেন। নির্মম অবহেলা ও ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করিতে গিয়া তাহারা জীবন হারাইয়াছেন। সাভারে এই বিপুল জীবনহানির ঘটনার প্রেক্ষাপটে উগ্র ইসলামপন্থী হেফাজতে ইসলামের নর-নারীর অবাধ মেলামেশার উপর নিষেধাজ্ঞা আরোপ করিবার দাবিকে তিনি পরিহাস হিসাবে দেখিয়াছেন। এক দশকের বেশি সময় ধরিয়া দুইজন মহিলা রাজনীতিতে পালাক্রমে নেতৃত্বদানের পরও মহিলাদের মানবাধিকার সংরক্ষণে এতটা হেলাফেলা তিনি হূষ্টচিত্তে মানিয়া লইতে পারেন নাই।
আসলে পুলিশের ক্ষমতা সহজে অপব্যবহার করার সুযোগ থাকিবার কারণে আমাদের সকলের মানবাধিকার নানাভাবে লংঘিত হইতেছে। রাজনৈতিক উদ্দেশে পুলিশ বাদী হইয়া অনেক মামলা করিতেছে এবং জামিন না দিয়া আসামিদের রিমান্ডের নামে পুলিশ হেফাজতে প্রেরণ করিয়া মানবাধিকার লংঘন করা হইতেছে।
তরুণ ব্লগারদের সম্পর্কে এমএস আইরিন যাহা বলিয়াছেন উহাকে ক্ষুরধার বক্তব্য হিসাবে দেখিতে হইবে। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তদের ফাঁসি দাবি প্রসঙ্গে তিনি তাহাদের উদ্দেশে বলিয়াছেন : ইহা শুধু তাহাদের ক্ষেত্রেই প্রযোজ্য নহে দোষী এবং নির্দোষ সবার ক্ষেত্রে মানবাধিকার সমানভাবে প্রযোজ্য, এমনকি জঘন্য অপরাধীও আইনী প্রক্রিয়ার সুবিধা পাইবার অধিকারী।
এমএস আইরিন ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলের রাজনীতির কিছু বৈপরীত্য লইয়া উপভোগ্য আলোচনা করিয়াছেন। সামগ্রিকভাবে দেখিলে শ্রমিক অধিকার, নারী অধিকার, রাজনৈতিক অধিকার ইত্যাদি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হইয়াছে বৃহত্তর মানবাধিকারের পটভূমি হইতে। তিনি দেখাইতে চেষ্টা করিয়াছেন কেমন করিয়া একটি অধিকার অপরটির পরিপূরক হিসাবে কাজ করে। এবং তিনি সঠিকভাবে যে প্রশ্নটি রাখিয়াছেন তাহা হইল, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে মানবাধিকার রক্ষায় যে অঙ্গীকার বাংলাদেশ করিয়াছিল আজ কী সেই রূপকল্প, সেই সাহস এবং সেই রাজনৈতিক সদিচ্ছা বাংলাদেশ পোষণ করে? এই রকম একটি জোরালো প্রশ্নের উত্তরও প্রত্যয়ব্যঞ্জক হওয়া বাঞ্ছনীয়।
তবে মানবাধিকার সমুন্নত রাখিতে রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ হিসাবে গণতন্ত্র যে গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গটি তাহার সমগ্র লেখার মধ্যে কোথাও উল্লেখ করা হয় নাই। একথা দ্ব্যর্থহীনভাবে বলা প্রয়োজন যে, আমাদের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার যুদ্ধ যাহাতে স্বাধীনতাকে অর্থবহ করা সম্ভব হয়। অথচ তাহার লেখার মধ্যে গণতন্ত্রের অভিব্যক্তি অনুপস্থিত। আজীবন মানবাধিকার এক্টিভিস্ট হিসাবে তাহার যুক্তি ক্ষুরধার হওয়া সত্ত্বেও গণতান্ত্রিক মাত্রার অনুপস্থিতি তাহার লেখার একটি মারাত্মক দুর্বল দিক। বাংলাদেশের লক্ষ লক্ষ মহিলা শ্রমিক যে জীবনের ঝুঁকি লইয়া কাজ করিতেছে তাহার জন্য তিনি দুর্নীতির ব্যাপকতাকেই প্রধানত দায়ী করিয়াছেন।
মানবাধিকার রক্ষার পূর্বশর্ত হইতেছে আইনের শাসন ও গণতান্ত্রিক সুশাসন। কিন্তু অধিকাংশ মানবাধিকার কর্মী আশা করেন যে, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় গণতান্ত্রিক সুশাসন বা আইনের শাসন থাকুক আর নাই থাকুক মানবাধিকার সুপ্রতিষ্ঠিত থাকিবে। তাহাদের এই ভুল ধারণা শুধু পীড়াদায়কই নহে, হতাশাব্যঞ্জকও বটে। এই বক্তব্যের দ্বারা আমরা অবশ্য এই কথা বলিতে চাহিতেছি না যে, গণতান্ত্রিক সুশাসন অথবা আইনের শাসনের অবর্তমানে কোথাও নর-নারী ও শিশুদের মানবাধিকার রক্ষায় তাহাদের কোন ভূমিকা পালন করিবার নাই।
আমরা নির্দ্বিধায় স্বীকার করিতেছি যে, মানবাধিকারের বিষয়টি সার্বজনীন যেমনটি মিস আইরিন তুলিয়া ধরিয়াছেন। গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখিবার জন্য এসব কেবল গণতান্ত্রিক অধিকার নয়। কিন্তু আইনের শাসন এবং গণতান্ত্রিক ব্যবস্থার কোন বিকল্প নাই যেখানে মানবাধিকার সুরক্ষিত ও নিরাপদ।
নিষ্ঠুর স্বৈরশাসনে মানবাধিকারের অবদানকে আমরা অবশ্যই নিন্দা জানাইব। সঙ্গে সঙ্গে গণতন্ত্রকে সার্থক করার বিষয়টিকেও উপযুক্ত গুরুত্ব দিতে হইবে। কারণ, কেবল গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ মানবাধিকারের সুবিধা ভোগ করিতে পারে। কঠিন পরিস্থিতির মধ্যেও যাহারা আন্তরিকভাবে মানবাধিকারের জন্য লড়াই করিতেছেন তাহাদের এই দায়িত্বপালনের বিষয়টিকে হালকাভাবে দেখা সমীচীন হইবে না।
ইহা অনস্বীকার্য যে, বাংলাদেশের গণতান্ত্রিক সংকটের মূলে রহিয়াছে মানবাধিকার রক্ষার অনিশ্চয়তা। বিচার বিভাগ যদি স্বাধীন ভূমিকা রাখিতে না পারে এবং আইনের শাসন যদি না থাকে তাহা হইলে দেশের শাসনতন্ত্রে যে সকল মানবাধিকারকে অলংঘনীয় অধিকার হিসাবে স্বীকৃতি দিয়াছে সেগুলিরও কোন কার্যকারিতা থাকে না। এমনকি বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থাকে মোকাবিলা করিবার সর্বোত্তম উপায় হইতেছে গণতন্ত্রকে কাজ করিতে দেওয়া।
আমাদের মধ্যপন্থী মুসলমান জনগোষ্ঠী হইতেছে ধর্মীয় উগ্রপন্থার হাত হইতে বাঁচিবার সর্বোত্তম রক্ষাকবচ। পুলিশী অভিযানের নিষ্ঠুরতা উস্কানি হিসাবে কাজ করিবে, কোন ধরনের উগ্রপন্থাকে নিরস্ত করিবে না।
বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলি মানবাধিকার লংঘনের ঘটনায় সোচ্চার এবং এক্টিভিস্টরা আশা করিতেছেন যে, আদালত সাহায্য করিতে পারিবে। আমাদের অন্যতম মানবাধিকার সংস্থা ‘অধিকার’ গত ৬ মে রাত্রিকালে মতিঝিল বাণিজ্যিক এলাকায় শত শত ইসলামী প্রতিবাদীকে হত্যা করিয়া পুলিশ যে নজিরবিহীন মানবাধিকার লংঘনের ঘটনা সংঘটিত করিয়াছে সেই কথাটি প্রকাশ করিবার ব্যাপারে দুরন্ত সাহস দেখাইয়াছে।
কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার সংগ্রামে এই সকল মানবাধিকার সংস্থা যেকোন কারণেই হউক তেমন উত্সাহ দেখায় না। আমরা গণতন্ত্রের সৌধ ভাঙ্গিয়া পড়াকে নীরবে অবলোকন করিতে পারি না, কিংবা এমন আশাও পোষণ করিতে পারি না যে, শুধুমাত্র সরকারের রাজনৈতিক ইচ্ছা মানবাধিকার রক্ষার জন্য যথেষ্ট হইতে পারে। আমরা যদি মানবাধিকার লইয়া বাঁচিবার মতো বাঁচিতে চাই তবে মানবাধিকারের প্রবক্তাদের উক্ত ভুলের বিভ্রান্তি হইতে বাহির হইয়া আসিতে হইবে।
অকার্যকর গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতাও চড়াই-উত্রাই পথ অতিক্রম করিতেছে এবং আদালতের স্বাধীনতা রক্ষায় দলীয় চিন্তার ঊর্ধ্বে থাকিয়া ভূমিকা পালন জরুরি হইয়া পড়িয়াছে। গণতন্ত্র যেখানে কার্যকর, বিচার বিভাগ সেখানে স্বাধীন এবং মানবাধিকার লংঘন ঠেকাইবার ব্যাপারে বিচার বিভাগ পালন করে বলিষ্ঠ ভূমিকা। মানবাধিকার এক্টিভিস্টদের সংকল্প হইতে হইবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে মানবাধিকারের স্বার্থে দৃঢ়মূল করা। সবকিছুর সার সংক্ষেপ করিয়া বলা যায়, বাংলাদেশের মানবাধিকারের সংকট গণতন্ত্রের চলমান সংকটের সঙ্গে সম্পৃক্ত। আমাদের বিদ্যমান সহিংস রাজনীতি যেখানে জীবনহানির ঘটনা লইয়া রাজনৈতিক নেতৃবৃন্দ বিন্দুমাত্র বিচলিত নয়— ইহাকেই জঘন্যতম মানবাধিকার লংঘন হিসাবে দেখিতে হইবে। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বণ্টনের মাধ্যমে প্রতিটি পেশায় পরিকল্পিতভাবে একটি গণতন্ত্র বিরোধী কায়েমী স্বার্থচক্র গড়িয়া তোলা হইয়াছে। এই প্রক্রিয়ার নাম হইতেছে দলীয়করণ। এই পদ্ধতির মাধ্যমে নির্বাচনী বিজয়কে কায়েমী স্বার্থের বিজয়ে পরিণত করা হইয়াছে, অর্থাত্ জনগণের ভোটাধিকার অর্থহীন হইয়া পড়িয়াছে।
লেখক :আইনজ্ঞ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা