দিবস

চুকনগর গণহত্যা দিবস

আজ চুকনগর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিনে বর্বর পাক-হানাদার বাহিনী চুকনগর বাজারে অতর্কিত হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে। মূলত খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার মিলনস্থলে চুকনগর বাজার। এই বাজারের বুক চিরে যশোর-সাতক্ষীরার মহাসড়ক এবং খুলনা সড়ক তখনও পাকা হয়নি। উত্তর পাশ দিয়ে কুলকুল রবে বয়ে চলেছে খরস্রোতা ভদ্রা নদী। আজ থেকে ঠিক ৪২ বছর আগে ১৯৭১ সালের এইদিনে পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার সংখ্যালঘু পরিবার পাক-হানাদার এবং তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামসদের হাত থেকে বাঁচার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয়ের উদ্দেশে এই চুকনগর বাজারে এসে যখন জড়ো হয় ঠিক তখনই স্থানীয় রাজাকারদের সহায়তায় পাক-হানাদার বাহিনীর দুটি গাড়ি বাজারে ঢুকে দু’দিক থেকে আক্রমণ শুরু করে। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত একটানা ৪ ঘণ্টা নিরস্ত্র মানুষগুলোর ওপর বৃষ্টির মতো গুলিবর্ষণ করে। যখন তারা চুকনগর বাজার ছেড়ে চলে যায়, তখন সমগ্র চুকনগর বাজার এক মৃত্যুপুরীতে পরিণত হয়। চারদিকে অগণিত মানুষের লাশ আর রক্তের প্লাবণে প্লাবিত খরস্রোতা ভদ্রাও সেদিন ইতিহাসের জঘন্যতম নৃশংসতায় স্তম্ভিত। রক্তখেকো শকুনের দল সেদিন কত পরিবারকে যে নিঃস্ব করেছিলো, কত গ্রামকে যে উজাড় করেছিলো সে হিসাবের খতিয়ান খুলতেই আমার মনে পড়ে যায় পাবলো নেরুদার ‘ধর্ষিতা দেশ’ কবিতার সেই বিখ্যাত পঙক্তিটি- “এই ভয়ঙ্কর রক্তাক্ত ক্ষত কিছুতে শুকোবার নয়/জয়লাভেও নাঃ /কিছুতে না সমুদ্র-সিঞ্চনে না-/সময়ের সিক্ত সৈকত অতিক্রম করে এলেও না/কবরের মাটিতে জ্বলন্ত জেরেনিয়াম ফুটলেও না।” সেদিনের সে মৃতের সংখ্যা নিয়ে আজও মতভেদ আছে। তবে স্থানীয় অধিকাংশের ধারণা, সে সংখ্যা বিশ হাজার ছাড়িয়ে যাবে। পৃথিবীর যে কোন দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এত অল্প সময়ে এক জায়গায় এতবড় গণহত্যার নজির খুব কমই দেখা যায়। খুলনা জেলার ডুমুরিয়া থানার পশ্চিমে অবস্থিত পশ্চাত্পদ এই চুকনগর বাজারের গণহত্যা ইতিহাসে তেমন গুরুত্বের সঙ্গে ঠাঁই পায়নি। অথচ আবহমান বাংলার চিরন্তন অসামপ্রদায়িক চেতনার সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটে আমাদের মুক্তিযুদ্ধে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জাতিধর্ম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস লড়াই করে প্রায় ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। সেই অসামপ্রদায়িক চেতনারই চমত্কার একটি গল্প আমরা খুঁজে পাই চুকনগর গণহত্যার মাঝে। গণহত্যা শেষে যখন লাশের স্তূপ দেখতে স্থানীয়রা ছুটে আসে তখন পাশের মালিথা গ্রামের দরিদ্র কৃষক এরশাদ হঠাত্ দেখতে পান তখনও একটি কন্যা শিশু তার মায়ের বুকের দুধ পান করে চলেছে। মা মৃত অবস্থায় পড়ে আছে। তার মায়ের হাতে শাঁখা, কপালে সিঁদুর দেখে এরশাদ বুঝলেন মেয়েটি হিন্দু ঘরের সন্তান। এরশাদ অসহায় মেয়েটিকে কোলে তুলে নিয়ে সোজা বাড়ি এসে স্ত্রীর কাছে দিলেন। সেই থেকে মেয়েটি এরশাদের সংসারে দিন দিন বড় হতে থাকে। অর্থের অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও এরশাদ মেয়েটিকে বেশিদূর পড়ালেখা শেখাতে পারেননি। অষ্টম শ্রেণীতে ওঠার পর অবশেষে এক হিন্দু ছেলের সঙ্গে বিয়ে দিয়ে গ্রামের দরিদ্র ও অল্প শিক্ষিত এরশাদ অসামপ্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। এ ব্যাপারে অবশ্য এরশাদকে সার্বিকভাবে সহযোগিতা করেন চুকনগর কলেজের অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম শফিসহ এলাকার গণমান্য অনেকেই। এমনই কত অবুঝ সন্তান, আমাদের মহান মুক্তিযুদ্ধে লোকচক্ষুর অন্তরালে এভাবে হারিয়ে গেছে তার সঠিক সংখ্যা নিরূপণ করা কঠিন। আজ চুকনগর গণহত্যার ৪২তম দিবসে সেসব অকালপ্রয়াত আত্মার প্রতি জানাই গভীর সমবেদনা ও শ্রদ্ধা। শ্রদ্ধা জানাই সব শহীদ মুক্তিযোদ্ধার আত্মার প্রতি যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই প্রিয় বাংলাদেশ। লেখক :গবেষক