বাস্তবায়িত হতে যাচ্ছে মেট্রোরেল প্রকল্প
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২১:৫০
অবশেষে বহুল আলোচিত দেশের প্রথম দ্রুতগতিসম্পন্ন গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। আগামী জুলাই মাসের মাঝামাঝি নাগাদ এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মেট্রোরেল’র ডিপো নির্মাণের জন্য উত্তরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে ৪১ বিঘা জমির মালিকানা গতকাল রবিবার বুঝে নিয়েছে ডিটিসিএ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেট্রোরেল প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ৫ হাজার ৩৯০ কোটি টাকার সংস্থান করবে সরকার। অবশিষ্ট ১৬ হাজার ৫৯৪ কোটি টাকা জাপান সরকার প্রকল্প সহায়তা হিসেবে দেবে। এ প্রকল্প বাস্তবায়নে গত ফেব্রুয়ারি মাসে সরকারের সাথে জাপানের জাইকা’র একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আগে গত বছর ১৮ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। বর্তমানে প্রকল্পের নকশা প্রণয়ন ও নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগের প্রস্তাব মূল্যায়নের কার্যক্রম চলছে। মেট্রোরেল পরিচালনার জন্য বিদ্যুত্ উন্নয়ন বোর্ড নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের নিশ্চয়তা দিয়েছে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের কাছ থেকেও প্রকল্পটি বাস্তবায়নে পরিবেশগত ছাড়পত্র পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র জানায়, মেট্রোরেলের দৈর্ঘ্য হবে ২০ কিলোমিটার। আর স্টেশন থাকবে ১৬টি। এগুলো হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, আইএলটি, মিরপুর সেকশন-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম এবং বাংলাদেশ ব্যাংক। আর মেট্রোরেল পল্লবী থেকে ছেড়ে রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট-হোটেল সোনারগাঁও-শাহবাগ-টিএসসি থেকে দোয়েল চত্বর হয়ে তোপখানা রোড দিয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে। উত্তরা মডেল টাউনের তৃতীয় পর্যায়ের এলাকায় মেট্রোরেলের প্রধান ডিপো স্থাপন করা হবে। তবে ডিপো এলাকায় তিনটি স্টেশন থেকেও যাত্রীরা মেট্রোরেলে চড়তে পারবেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে বলে কর্তৃপক্ষীয় সূত্রে জানা গেছে।