খিলগাঁওয়ে ফ্ল্যাট দখলে সন্ত্রাসীদের হামলা, আহত ২
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২১:৫১
রাজধানীর খিলগাঁওয়ে সশস্ত্র সন্ত্রাসীরা একটি ফ্ল্যাট দখলের জন্য রবিবার সন্ধ্যায় হামলা চালিয়ে ২ জনকে জখম করেছে। এ ঘটনায় ঐ ফ্ল্যাটের মালিক আনিছুর রহমান খিলগাঁও থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা যায়, রবিবার সন্ধ্যায় খিলগাঁওয়ের ৬৮, উত্তর গোড়ান, সাহারা রোজ ভ্যালী অ্যাপার্টমেন্টের তৃতীয় তলার ২/এ নম্বর ফ্ল্যাটে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে দরজা ভেঙ্গে ফেলে।
এসময় সন্ত্রাসীরা ফ্ল্যাটের মালিক আনিছুর রহমানকে মারধর করে। তাকে বাঁচাতে এগিয়ে আসলে পাশের ফ্ল্যাটের বাসিন্দা রফিকুল ইসলামকেও মারধর করা হয়।
পরে তাদের চিত্কারে অ্যাপার্টমেন্টের অন্য বাসিন্দারা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত আনিছুর রহমান ও রফিকুল ইসলামকে স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সা দেয়া হয়।