হরতালে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা :শিক্ষামন্ত্রী
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২১:৫১
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে চলমান রাজনৈতিক সহিংসতার কারণে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিঘ্ন ঘটছে। শাির্থীরা নির্দিষ্ট তারিখে পরীক্ষা দিতে পারছে না, পরীক্ষা পিছাতে হচ্ছে। এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে।
সময়মতো পরীক্ষা দিতে না পারলে শিক্ষার্থীরা বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। বারবার হরতাল ও অবরোধের কারণে শিক্ষার্থীরাও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। এতে তাদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন।
শিক্ষামন্ত্রী রবিবার দুপুরে টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি)’র মিলনায়তনে অবসর সুবিধা বোর্ড আয়োজিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হজ্ব গমনেচ্ছু অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষা ব্যবস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি তিনি আহবান জানান। অনুষ্ঠানে ৭৪৬ জন শিক্ষক-কর্মচারীকে প্রায় সাতচল্লিশ কোটি টাকার চেক প্রদান করা হয়। অবসর সুবিধা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এতে সভাপতিত্ব করেন।