সন্তান যখন কার্টুনে আসক্ত

অনেক সময় দেখা যায় বিনোদনের মাধ্যম টিভি আমাদের সমস্যার কারণ হয়ে যায়। দেখা যায় আপনার সন্তান দিনের বেশিরভাগটাই কাটায় টিভি দেখে। এতে আশ্চর্য বা চিন্তিত হওয়ার কিছু নেই। তবে শিশুদের এই আসক্তির কারণ ঠিক কী, তা কখনও ভেবে দেখি না আমরা। বাচ্চাদের এই অতিরিক্ত কার্টুন আসক্তির মূল কারণ হলো খুব কম পরিমাণে আউটডোর অ্যাক্টিভিটিজ। বিষয়টি নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম আপনার সন্তান, ছোট ভাই-বোন কি অতিরিক্ত কার্টুন দেখছে। আপনি কি তাতে সম্মতি দিচ্ছেন? নাকি নিষেধ করছেন? নিষেধ করলেও কি আপনার কথা শুনছে না? অনেকগুলো প্রশ্ন। একটা কার্টুন চিত্র যে আপনার সন্তানের উপর কতটা প্রভাব ফেলতে পারে তা হয়তো আপনি বুঝতেও পারছেন না। কিংবা বোঝার চেষ্টাও করছেন না। কারণ, কার্টুন দিলেই সে শান্ত হয়ে থাকছে, তাকে খাওয়ানো যাচ্ছে, কান্নাকাটি করছে না। ভালোই তো। টিভি বিনোদনের একটি বড় মাধ্যম যা ছোট-বড় সবার জন্যই সবরকম বিনোদনের ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিককালে ব্যস্ততা বৃদ্ধি এবং যৌথ পরিবার ভেঙে যাওয়ার ফলে টিভি যেন আমাদের আরও কাছের ও অত্যাবশ্যকীয় উপকরণ হয়ে উঠেছে। বাচ্চারা কার্টুন দেখবেই, ভিডিও গেমও খেলবে। কিন্তু লক্ষ রাখতে হবে সেটা যেন মাত্রাছাড়া না হয়ে যায়। অতিরিক্ত কার্টুন দেখা বা ভিডিও গেমসে আসক্তি শিশুর মানসিক ও শারীরিক উভয় ধরনের বিকাশের জন্য ক্ষতিকর। শিশুদের ক্ষেত্রে টিভি দেখা তখনই গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণ্য হয় যখন এটা অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত পর্যায়ে চলে যায়। আসুন জেনে নেওয়া যাক কেন এই আসক্তি।  বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার সুযোগ না থাকলে কার্টুন বা ভিডিও গেমসে আসক্ত হয়।  বাবা-মা পর্যাপ্ত সময় না দিলে শিশু একাকিত্ব দূর করতে টিভি বা কম্পিউটার বেছে নেয়।  শিশু কাজের লোকের কাছে বড় হলে অনেক সময় কাজের লোক শিশুকে ব্যস্ত রাখার জন্য কার্টুন দেখতে উত্সাহিত করে।  অলস সময় কাটালে শিশু টিভিতে বা গেমসে আসক্ত হয়। এর ফলে ক্ষতির মুখে পড়তে হয়।  টিভি দেখা বা গেমস খেলা দুটোই যেহেতু এক পাক্ষিক, অর্থাত্ এখানে অন্য পক্ষের সঙ্গে ভাবের আদান-প্রদান হয় না, ফলে বাধাগ্রস্ত হয় শিশুর মানসিক ও সামাজিক বিকাশ।  অতিরিক্ত কার্টুন দেখা বা কম্পিউটারে বসে থাকা শিশুর চোখের জন্য ক্ষতিকর।  কার্টুন বা ভিডিও গেমসের অধিকাংশই মারামারি ও সহিংসতাপূর্ণ। এগুলো থেকে শিশু সহিংস হয়ে ওঠে। অনেক সময় মারামারি শেখে এবং খুব সহজেই আক্রমণাত্মক হয়।  অনেক সময় শিশু শুধু কার্টুনের চরিত্রের নেতিবাচক দিকগুলোই শেখে।  শিশুর পড়াশোনায় মনোযোগ কমে যায়। স্কুলের প্রতিও তৈরি হয় অনীহা। অভিভাবকদের করণীয়  প্রচুর খেলার সুযোগ দেওয়া যা তার কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে উদ্দীপিত করে, খেলার বিভিন্ন নির্দেশনা, নিয়ম, পর্যায়ক্রম ইত্যাদি বুঝতে ও অনুসরণ করতে সাহায্য করে।  শারীরিক অ্যাক্টিভিটির সাথে যুক্ত করা যাতে শিশু নিজের বডি ফিটনেস সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। যেমন—বাস্কেটবল, ফুটবল, সাইকেল চালানো, স্কেটিং, ঘুড়ি ওড়ানো ইত্যাদি।  মাইন্ড গেমস যেমন—অক্ষর নিয়ে খেলা, ছোট ছোট সহজ ধাঁধাঁ, প্রকৃতির কাছে নিয়ে যাওয়া যাতে তার চিন্তা ও কল্পনার ব্যবহার হয়।  সীমা নির্ধারণ করে দেওয়া যে, কত সময় টিভি দেখবে, কোন নির্দিষ্ট প্রোগ্রাম দেখবে ইত্যাদি  শিশুকে বুঝতে দেওয়া যে টিভি হচ্ছে তার জন্য একটা বিনোদনের সুযোগ মাত্র, দৈনন্দিন রুটিন নয়।  সৃষ্টিশীল কাজে ব্যস্ত রাখা, যেমন—আর্ট, গান, অভিনয়, নাচ, আবৃত্তি ইত্যাদি।  প্রচুর গল্পের বই শিশুকে পড়ে শোনানো, লাইব্রেরির সাথে যুক্ত করা ও বইয়ের প্রতি আগ্রহী করে তোলা।