ঈশ্বরদীতে দুধে ঘুমের ওষুধ খাইয়ে চুরির চেষ্টা

ঈশ্বরদীতে গৃহস্থকে কৌশলে দুধে ঘুমের ওষুধ খাইয়ে চুরির চেষ্টায় ব্যর্থ হয়েছে চোরের দল। ঘুমের ওষুধ মেশানো দুধ পান করে অচেতন হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গৃহকর্তা ফজলুর রহমান মালিথা ও তার স্ত্রী পারসিনা বেগম।

বৃহস্পতিবার ভোরে সেহেরীর সময় ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের বড়ইচারার ঈদগা এলাকায় এই ঘটনা ঘটে। ফজলুর রহমান মালিথা ঈশ্বরদী ধান-চাউল মিল মালিক সমিতির সভাপতি। 

ফজলুর রহমানের ভাতিজি প্রাপ্তি জানান, বুধবার রাতে জানালার ধারের গ্যাসের চুলায় বড় চাচী পারসিনা বেগম দুধ জ্বাল করছিলেন। চোরের দল কোনো এক সময় দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সেহরির সময় বড় চাচা ও চাচীমা সেই দুধ দিয়ে ভাত খান। এরপর চাচা ঘুমে অচেতন হয়ে পড়েন। 

দুধ কম পান করায় চাচী কিছুটা পড়ে অচেতন হন। এর মধ্যে দুইজন ঘরে ঢুকে মালামাল চুরি করার চেষ্টা করে। এ সময় চাচী চিৎকার করলে চোরেরা তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালায়। পরে আশেপাশের লোকজন অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। 

আরও পড়ুন: নুসরাত হত্যায় ব্যবহৃত কেরোসিনের গ্লাস উদ্ধার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার শফিকুল ইসলাম শামীম জানান, অতিমাত্রার ঘুমের ওষুধের কারণে তারা গভীর ঘুমে অচেতন হয়ে পড়েছিলেন। আস্তে আস্তে স্বাভাবিক হবেন।

ঈশ্বরদী থানার ডিউটি অফিসার এএসআই রনি আক্তার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইত্তেফাক/অনি