কর্মক্ষেত্রে বৈষম্য নয়
প্রকাশ : ২০ মে ২০১৩, ১৮:৫৫
‘এ পৃথিবীর যা কিছু মহান ও চির কল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর’। আমাদের বেশ কয়েক প্রজন্ম আগের কবি কাজী নজরুলও নারী-পুরুষের বৈষম্য ঘুচিয়ে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সমতা। কিন্তু আজ এই অত্যাধুনিক যুগেও তা সম্ভব হয়নি। সমাজের প্রায় সকল ক্ষেত্রে নারী-পুরুষের অসমতা এবং বৈষম্য দেখা যায়।
নারীর কর্মক্ষেত্র প্রধানত স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি অর্থাত্ সংসারকে কেন্দ্র করে। আমাদের দেশ তথা উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে এই ধারণাটি বর্তমান। সংসারে ভূমণ্ডলেই তাকে পাড়ি দিতে হয় জীবনের আঁকাবাঁকা পথ। শিশু বয়সে বাবা-মায়ের সাথে, বিয়ে হলে স্বামীর সংসারে, সবশেষে সন্তানের সংসারেই কেটে যায় নারীর জীবন। চলার পথে হাজারও সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। কর্মক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে অনেক বৈষম্য বিরাজ করছে। কর্মক্ষেত্রে পুরুষের ধারণা, যোগ্যতা, মর্যাদা আর ক্ষমতার বিচারে নারীরা পুরুষের সমকক্ষ নয়। একজন পুরুষ কর্মী একজন নারীর অধীনে কাজ করতে পছন্দ করে না। পুরুষ সহকর্মীরা একজন নারীকে এতদূর পর্যন্ত সহ্য করে যতক্ষণ পর্যন্ত সে তার উপরে না উঠে। যখনই উপরে উঠতে যায় তখনই দ্বন্দ্ব শুরু হয়। শুরু হয় নানা সমস্যা। এক্ষেত্রে একজন নারী কর্মীর জন্য একজন পুরুষ কর্মীর সব রকম সহযোগিতা বন্ধ হয়ে যায়। নারীদের যোগ্যতা আর দক্ষতার উপর পুরুষদের বিশ্বাস নেই। বর্তমানে অনেক বেসরকারি সংস্থায় দেখা যায় নিচের পোস্টে অনেক নারী কর্মী কাজ করলেও উপরের দিকে তাদের সংখ্যা একেবারে নগণ্য। সমাজের পারিপার্শ্বিক অবস্থার কারণে কোনো কাজ যদি নারীর জন্য ঝুঁকিপূর্ণ হয়, সেক্ষেত্রে নারীর অযোগ্যতাকে বড় করে দেখা হয়। কিন্তু কেন নারী কাজটি করতে পারছে না, সে বিষয়টি খতিয়ে দেখা হয় না। আর এক্ষেত্রে একই অবস্থানের পুরুষ কর্মী নিজের বাহবা নেওয়ার চেষ্টা করে, আর সংস্থার প্রধান যেহেতু পুরুষ, তার একটা পরোক্ষ পক্ষপাতিত্ব থাকে পুরুষ কর্মীটির উপর। এ ছাড়াও আরও বৈষম্য রয়েছে, বেতন কাঠামো, প্রমোশন, ইনক্রিমেন্ট ইত্যাদির ক্ষেত্রে। ঘরে বা কর্মস্থলে সব জায়গাতেই নারীর সাথে বৈষম্যমূলক আচরণ, বৈষম্যমূলক সম্পর্ক বিরাজ করছে।
বর্তমানে এ বিষয়ে সচেতনতা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন নারী। আর সেই মানুষটি যদি হোন আপনি, তবে আপনার জন্য থাকল কিছু পরামর্শ।
ঠাণ্ডা মাথায় সময় নিয়ে পুরো পরিস্থিতি যাচাই করুন। কেন হলো, অফিসের কোন স্তরের কর্মকর্তা এর সঙ্গে জড়িত, আপনার সহকর্মীদের প্রতিক্রিয়া ইত্যাদি পর্যালোচনা করুন আর আপনার আগে আরও কেউ এমন পরিস্থিতির শিকার হয়েছিল কি না বিস্তারিত জানার চেষ্টা করুন।
নিশ্চিত হওয়ার চেষ্টা করুন যে আপনি কেবল নারী বলেই কী বৈষম্যের শিকার হচ্ছেন, নাকি অন্য কোনো প্রাসঙ্গিক কারণ জড়িত থাকার সম্ভাবনা আছে।
সরাসরি আপনার বসকে জানান। প্রযোজ্য না হলে, মানবসম্পদ বিভাগকে অবহিত করুন।
যে কর্মকর্তার কাছে অভিযোগ করবেন তাকে বাছাই করার ক্ষেত্রে বিচক্ষণ হন। মানবসম্পদ বিভাগের যেকোনো কর্মকর্তাই এ বিষয়টির দায়িত্বপ্রাপ্ত নাও হতে পারেন।
এসব বিষয়ে সহজেই সমাধান হতে পারে বা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট নীতিমালা আছে—এমন বড় মাপের প্রতিষ্ঠান আমাদের দেশে হাতে গোনা। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে আপনার পক্ষে প্রতিষ্ঠানের অবস্থান নেওয়ার সম্ভাবনা কতখানি, সেটা আগে থেকেই বোঝা দরকার।
বিষয়টি নিয়ে আপনি কতটা অগ্রসর হতে চান সেটাও আগে থেকেই মানসিক প্রস্তুতি নেওয়া দরকার। সমস্যা সমাধানে প্রয়োজনে আইনের সাহায্যও নিতে হতে পারে।
মডেল তানভীর ও আনিকা
ছবি দীপঙ্কর দীপু