নানা স্বাদের পাকোড়া
প্রকাশ : ২০ মে ২০১৩, ১৮:৫৭
ঝুম বৃষ্টির সময়টা বুঝি এসেই গেল। গত ক’দিন ধরেই চলছে দেশজুড়ে অঝর বর্ষণ। এই বর্ষায় কুড়মুড়ে পাকোড়া কার না জিভে জল আনে। গতানুগতিকতার বাইরে নানা স্বাদের পাকোড়া নিয়েই আমাদের এবারের রেসিপি বিভাগটি সাজানো। পাকোড়ার এই মজার রেসিপিগুলো দিয়েছেন রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা
চিকেন পনির পাকোড়া
উপকরণ :সিদ্ধ মুরগি লম্বা করে কুচি ১ কাপ, পনির গ্রেট করা আধা কাপ, ঘনদুধ আধা কাপ, ডিম ২টি, টোস্ট বিস্কুটের গুঁড়া ১ কাপ, কাঁচামরিচ কুচি আধা কাপ, ময়দা আধা কাপ, চিনি আধা চা চামচ, টেস্টিং সল্ট এক চামচের চার ভাগের এক ভাগ, লবণ পরিমাণমতো, পানি সামান্য, ডুবো তেলে ভাজার পরিমাণের তেল, বেকিং পাউডার আধা চা চামচ।
প্রণালি :সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে গরম তেলে লম্বা ছোট ছোট আকারে পাকোড়া ছেড়ে বাদামি রং করে ভেজে নিন। এরপর সস চাটনি দিয়ে পরিবেশন করুন।
বা ধা ক পি রো ল পা কো ড়া
উপকরণ : বাধাকপির আস্ত পাতা ৫টি, গরুর মাংস কিমা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা, রসুন বাটা ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ২ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, সয়াসস ১ চা চামচ, লবণ পরিমাণমতো।
ঘন ডোয়ের জন্য :
ডিম ১টি, চালের গুঁড়া আধা কাপ, ময়দা ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো, বেকিং পাউডার আধা চা চামচ, পানি পরিমাণমতো।
প্রণালি :বাধাকপি থেকে সাবধানে আস্ত পাতা খুলুন। কিচেন কেচি দিয়ে পাতার মাঝখানে মোটা ডাটটা কেটে ফেলুন। একটা পাতা থেকে দুটো অংশ বের হবে। ফুটন্ত গরম পানি পানিতে লবণ দিয়ে তারমধ্যে পাতাগুলো আস্তে করে ছেড়ে দিন। ঢাকনা দিয়ে রাখুন ১৫ মিনিট। চুলায় জ্বাল বন্ধ রাখুন। ১৫ মিনিট পর পানি ঝরিয়ে ফেলুন। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করে পেঁয়াজ ছেড়ে দিন। পেঁয়াজ হালকা ভাজা হলে সব মসলা ও কিমা দিয়ে কষিয়ে নিন। ধনেপাতা ও গুঁড়া দুধ দিবেন না। পানি দিয়ে ঢাকনা দিয়ে কিমা সিদ্ধ করুন। কিমা সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে গুঁড়া দুধ ও ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলুন। বাধাকপির ১টি পাতা নিন, পাতার ১ মাথায় রান্না কিমা দিন। এবার পাতার চওড়া অংশের দুপাশ ভাঁজ দিয়ে, লম্বা অংশ রোল করে নিন। এভাবে বাকি পাতা দিয়ে বানিয়ে ফেলুন। ঘন ডো তৈরির জন্য সব উপকরণ ১ সাথে গোলান। এবার রোলগুলো ডোতে চুবিয়ে গরম তেলে ভেজে তুলুন।
মি ষ্টি আ লু র পা কো ড়া
উপকরণ :মিষ্টি আলু গ্রেড করা ১ কাপ, চালের গুঁড়া আধা কাপ, ডিম ১টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, রসুন বাটা এক চামচের চার ভাগের এক ভাগ, টেস্টিং সল্ট আধা চা চামচ, লবণ পরিমাণমতো, ময়দা ১ টেবিল চামচ।
প্রণালি :সব উপকরণ এক সাথে মাখিয়ে নিন। দরকার হলে সামান্য পানি দিতে পারেন। বলের আকারে তৈরি করে ডুবো তেলে ভেজে নিন।
কু ড় মু ড় স ব জি পা কো ড়া
উপকরণ :আধা সিদ্ধ নুডুলস ১ কাপ, চালের গুঁড়া ৬ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, গাজর কুচি আধা সিদ্ধ আধা কাপ, বরবটি আধা সিদ্ধ আধা কাপ, মাশরুম কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, ডিম ১টি, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লেবু পাতা কুচি ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট এক চামচের চার ভাগের এক ভাগ, আদা আধা চা চামচ, লবণ পরিমাণমতো, ভাজার জন্য তেল পরিমাণমতো।
প্রণালি :ডিম ফেটিয়ে নিন। সব উপকরণ ফেটানো ডিমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে গরম ডুব তেলে পাকোড়ার আকার করে ভেজে নিন। তেঁতুলের চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।
মা শ রু ম পা কো ড়া
উপকরণ :মাশরুম ১ কাপ, ডিম ১টি, ময়দা আধা কাপ, চালের গুঁড়া আধা কাপ, বেসন ৩ টেবিল চামচ, আদা-রসুন বাটা এক চামচের চার ভাগের এক ভাগ, বেকিং পাউডার আধা চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, টেস্টিং সল্ট এক চামচের চার ভাগের এক ভাগ, লবণ পরিমাণমতো, পানি।
প্রণালি :মাশরুম ধুয়ে পানি চিপে ফেলে দিন। তবে যেন ছিড়ে না যায়। এবার লবণ মাখিয়ে ১ ঘণ্টা বা আধা ঘণ্টা রেখে দিন। এবার একটা বাটিতে ডিম, চালের গুঁড়া, ময়দা, বেসন, আদা, রসুন বাটা, বেকিং পাউডার, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনেপাতা কুচি, টেস্টিং সল্ট, লবণ ও পানি মিশিয়ে ঘন ডো তৈরি করুন। এবার মাশরুমগুলো একটা একটা করে ডোতে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। বাদামি রং করে ভেজে তুলুন।
সুজির পাকোড়া
উপকরণ :সুজি ১ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, মটরশুঁটি (হালকা সিদ্ধ) আধা কাপ, ছোট চিংড়ি আধা কাপ, কাঁচামরিচ ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, ডিম ১টি, কালোজিরা এক চামচের চার ভাগের এক ভাগ, পানি আধা কাপ, লবণ পরিমাণমতো।
প্রণালি :প্রথমে সুজি, ডিম, পানি এক সাথে মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর বাকি সব একসঙ্গে মাখিয়ে পাকোড়ার আকার করে ডুবো তেলে ভেজে নিন।