এইড্স রোগীর প্রতি বৈষম্য নয় চাই সহানুভূতিশীল আচরণ
প্রকাশ : ২০ মে ২০১৩, ২১:৩০
এইচআইভি এইড্স রোগীর প্রতি অপবাদ ও বৈষম্য না করে বরং সমাজের মানুষগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সোমবার রাজধানীর একটি হোটেলে ‘মিডিয়া ইন্টার একশন টু রিডিউস ভায়োলেন্স, স্টিগমা এন্ড ডিসক্রিমিনেশন এগেইনস্ট মোস্ট অ্যাট রিস্ক পপুলেশন অন এইচআইভি এন্ড এইড্স এন্ড সেক্স ওয়ার্কার্স’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। নেটওয়ার্ক অব পিএলএইচআইভি (এনওপি প্লাস) ইউএনএইডস বাংলাদেশ, সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক এবং দৈনিক ভোরের কাগজ যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। সভায় ইউএনএইডস বাংলাদেশ’র ডা. মুনীর আহমেদ, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, এইচআইভি এইড্স নিয়ে কাজ করে এমন বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, এইচআইভি এইড্স আক্রান্ত এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যৌনকর্মীদের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
ডা. মুনীর আহমেদ বলেন, ২০১২ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে নতুন করে এইচআইভিতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৩৮ জন। এর মধ্যে এইড্স রোগে আক্রান্ত হয়েছেন ১০৩ জন এবং এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৫ জন। দেশে যে সংখ্যক এইচআইভি এইড্স আক্রান্ত রোগী রয়েছে তাদের মধ্যে ৬৩ ভাগ পুরুষ, ৩৪ দশমিক ৯ ভাগ নারী এবং ২ দশমিক ১ ভাগ হিজড়া জনগোষ্ঠী। এইড্স’র কারণে এশিয়াতে প্রায় ৫ লাখ শিশু অভিভাবকহীন। আর বাংলাদেশে এই সংখ্যা ৩৯ জন। বক্তারা বলেন, সমাজ থেকে কুসংস্কার ও বৈষম্যগুলো দূর করা গেলে অন্য রোগের মতো এইচআইভি পজেটিভ রোগীরাও এই রোগের কথা সহজে জানাতে পারতেন এবং স্বাভাবিক জীবন-যাপন করতে পারতেন। কিন্তু শুধুমাত্র সমাজের দৃষ্টিভঙ্গির কারণে এইচআইভি পজেটিভ রোগীরা অসহায় জীবন-যাপনে বাধ্য হচ্ছে। তাই এই রোগের ক্ষেত্রে সমাজ থেকে বৈষম্যগুলো দূর করা জরুরি।
আলোচনা সভায় বলা হয়, যৌনকাজ ও মাদকসেবন এবং অভিবাসন এইচআইভি সংক্রমণের ঝুঁকি বাড়ায়। সমাজে পুরুষ সমকামীদের মাঝে এইচআইভি সংক্রমণের হার দ্রুত বাড়ছে। অথচ এইচআইভি প্রতিরোধ কর্মসূচি তাদের কাছে পৌঁছাচ্ছে না। যুব সমাজও এইচআইভি ঝুঁকির মধ্যে রয়েছে। নারীরা প্রবাসী পুরুষ সঙ্গীর দ্বারা এবং সিরিঞ্জের মাধ্যমে রক্ত গ্রহণের কারণে এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন। আইনের ম্যারপ্যাঁচ এবং বৈষম্যমূলক আইনের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেমন; হিজড়া ও যৌনকর্মীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।